'আমি খালি তাঁর গান শুনতাম'

>

প্রিয়াংকা গোপের মূল পরিচয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। তবে দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত নজরুলের গানও গাইছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর সঙ্গে প্রিয়াংকার আলাপ চলল মূলত তাঁর গান ও বাংলাদেশে নজরুলসংগীত চর্চা নিয়ে।

প্রিয়াংকা গোপ
প্রিয়াংকা গোপ

শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আপনি নিয়মিত নজরুলসংগীতও করেন। নজরুলের গানে আসা কীভাবে?
গল্পটা খুবই সাদামাটা। ছোটবেলায় যখন গান শিখতাম, তখন রবীন্দ্রনাথ ও নজরুলের গান পাশাপাশি শেখা হতো। শাস্ত্রীয় সংগীতও শিখতাম। তবে পারফর্ম করতে শুরু করি একটু পরে। ২০০০ সালে আমি নজরুলসংগীতে জাতীয় পুরস্কার পাই। এরপর আমি ক্ল্যাসিক্যালে যাই। এর আগ পর্যন্ত আমি নজরুলসংগীতই বেশি গাইতাম।

এবার কোথায় কোথায় অনুষ্ঠান করছেন?
এবার ঈদের অনুষ্ঠানের মধ্যেই নজরুলের মৃত্যুবার্ষিকী। এনটিভিতে একটা ধারণকৃত অনুষ্ঠান যাচ্ছে, আর দেশ টিভিতে সরাসরি গানের অনুষ্ঠান আছে বেলা তিনটা থেকে।

নজরুল ও নজরুলের গান আজকের দিনে কতটা প্রাসঙ্গিক?
আমরা যাঁরা মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের পরের শ্রেণি, যাঁরা নিপীড়িত-তাঁদের জন্য তিনি সব সময় লড়ে গেছেন, লিখেছেন। সর্বোপরি যে জিনিসটা আমরা তাঁর রচনায় খুঁজে পাই, সেটা হচ্ছে প্রেম। প্রেম সর্বজনীন বিষয়, সব সময় সমসাময়িক, আধুনিক। আমার মনে হয়, যত দিন আমরা বাঙালিরা বেঁচে থাকব, নজরুল ইসলাম বেঁচে থাকবেন।

তরুণদের কাছেও? যারা এখন শিখতে আসছে...
বিশ্বায়নের কারণে তরুণদের বেশির ভাগের আগ্রহ পশ্চিমা সংগীতের প্রতি। তা সত্ত্বেও ছেলেমেয়েরা এখন বাংলা গানকে ভালোবাসছে। আমার মনে হয়, নজরুলসংগীত আরও বেশি করে চর্চা করা উচিত। তারা চর্চা করছে, কিন্তু আনুপাতিক হারে আরও বাড়া উচিত। নজরুলের গান নিয়মিত পরিবেশন করছে, এই প্রজন্মের শিল্পী খুব বেশি সংখ্যায় আমরা পাচ্ছি না।

ভারতেও নজরুলচর্চা হচ্ছে। সেখানকার অবস্থা কী?
অবশ্যই আমরা বেশি এগিয়ে আছি। এর কারণ আমাদের আগের প্রজন্ম, তাঁরা নজরুলকে এতটাই ভালোবাসেন, গবেষণা করেন যে এই জায়গায় শক্ত ভিত্তি তৈরি হয়ে গেছে। নজরুলের গানগুলোকে নতুনভাবে আমাদের সামনে নিয়ে আসা, মূল সুর ঠিক রেখে-এটা তাঁদের শ্রম না হলে সম্ভব হতো না। তাঁদের সেই শ্রমের স্বাক্ষর বহন করতে চাই।

আপনি রাগসংগীত ও আধুনিক গানের অ্যালবাম করেছেন। নজরুলের গানের অ্যালবাম কবে পাব?
এ বছর একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হলো না। আমার খুব ইচ্ছে এটা করার। দেখা যাক, যদি ব্যাটে-বলে মিলে যায়, অবশ্যই আপনারা একটা ভালো কাজ পাবেন।

নজরুলসংগীতে আপনার প্রিয় কণ্ঠ কার?
আমার ভীষণ পছন্দ শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমীনের গান। আর খায়রুল আনাম শাকিলের গান ভালো লাগে।

শাস্ত্রীয়, নজরুল, আধুনিক ছাড়া রবীন্দ্রনাথের গানও আপনি শিখেছেন। কোনটি গাইতে বেশি ভালো লাগে?
ক্ল্যাসিক্যালের পর অবশ্যই নজরুলের গান।

ইন্দুবালা, আঙ্গুরবালার মতো কখনো যদি নজরুলের কাছে গান শেখার সুযোগ পেতেন, কোন গানটি শিখতে চাইতেন?
আমি আলাদা করে কোনো গান শিখতাম না। আমি খালি তাঁর গান শুনতাম বসে বসে। দেখতাম তিনি একটা গানকে কীভাবে সুরে, কথায় দৃশ্যায়িত করেন। শুনেছি, তিনি গল্পচ্ছলে গান শেখাতেন। যাঁরা তাঁকে প্রথম প্রথম ভয় পেতেন, তাঁরাও বুঝতে পারতেন না কখন গানটা শেখা হয়ে গেল। তাঁর সঙ্গ পাওয়াটাই আমার জন্য অনেক বড় ব্যাপার হবে।