
ঈদুল আজহায় দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ‘বেপরোয়া’ ছবিটি। কিন্তু শেষ মুহূর্তে এসে আনুষ্ঠানিকভাবে ছবিটি মুক্তি দেওয়া হয়নি। দেশের মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এই ছবির নায়িকা ববি। ছবিটি একটি হলে মুক্তি পাওয়াসহ বর্তমান ও আগামী কাজ নিয়ে কথা বলেছেন ঢালিউডের এই অভিনেত্রী।
মাত্র একটি হলে ‘বেপরোয়া’ মুক্তি দেওয়া হলো কেন?
শতাধিক হলে মুক্তির কথা ছিল। হল বুকিংও চলছিল। কিন্তু ঈদের মাত্র দুই দিন আগে ছবিটি সেন্সর পায়। তাই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাড়াহুড়া করে এত বড় বাজেটের ছবি মুক্তি দিতে চায়নি। তবে ঈদে ছবিটি মুক্তির কথা ছিল, তাই কথা রাখার জন্য একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়া হবে।
সেটা কবে?
প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে শুনেছি, আগামী মাসের যেকোনো শুক্রবার মুক্তি দেওয়া হবে।
‘বেপরোয়া’ নিয়ে প্রত্যাশা কেমন?
ভালো। কলকাতার বড় পরিচালক রাজা চন্দ পরিচালনা করেছেন। তা ছাড়া গল্পনির্ভর বাণিজ্যিক ঘরানার ছবি। অ্যাকশন-রোমান্সে ভরপুর। এখনকার দর্শকেরা এ ধরনের ছবিই পছন্দ করেন। আমার মনে হয়, এ ধরনের ছবি বেশি বেশি হওয়া উচিত। আশা করছি, আমার জন্য নতুন কিছু হবে। পুরো কাজই হয়েছে ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। কাজ করতে গিয়ে অনেক কিছুই শিখেছি। আগামী দিনে আমার চলচ্চিত্রের কাজ করতে এই অভিজ্ঞতা কাজে দেবে।
‘নোলক’ ছবির কাজ শেষ?
না। ছবির শেষ দৃশ্য ও তিনটি গানের শুটিং বাকি আছে। কিছুদিনের মধ্যে বাকি কাজের শুটিং শুরু হবে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
ভারতের ‘রক্তমুখী নীলা’ ছবির খবর কী?
সেপ্টেম্বর থেকে শুটিং করার কথা। বেশ কয়েক মাস আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি আমি। পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। ছবিতে আমার নায়ক সব্যসাচী মিশরা। বড় বাজেটের ছবি হবে এটি। বাংলা, হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করার কথা আছে।
আপনার প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে পরবর্তী ছবি কবে আসবে?
বিজলী আমার প্রথম প্রযোজিত ছবি। দ্বিতীয় ছবির চিত্রনাট্যের কাজ চলছে। শেষ হলেই কাজ শুরু করব।
নিজের কোন প্রশংসা শুনতে অস্বস্তি লাগে?
মুখের ওপর কেউ আমাকে সহজ-সরল বললে অস্বস্তি লাগে।
নিজের সম্পর্কে কোন গুজবটি ছড়াতে চান?
ববি ঢালিউডের সেরা অভিনেত্রী। হা হা হা...
ইফতেখার চৌধুরী আপনার অনেক ছবির পরিচালক। অভিযোগ আছে, ‘নোলক’-এর প্রথম পরিচালক রাশেদ রাহার কাছ থেকে ছবিটি ইফতেখার চৌধুরীকে দিতে আপনার ভূমিকা আছে। কী বলবেন?
আগেই বলে রাখি, এখন এই ছবির পরিচালক সাকিব সনেট। ইফতেখার চৌধুরী ছবির ভিএফএক্সের কাজ করছেন। ভূমিকা রাখলে তো প্রথমেই ইফতেখার চৌধুরীকে দিয়ে ছবিটির কাজ শুরু করতাম।