জ্যোতি সিনহা
জ্যোতি সিনহা

প্রতিবারই মনে হয়, আমি নতুন করে মঞ্চে উঠছি

দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় এবং কোরিয়ান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে আজ সিউলে যাচ্ছেন অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। এ বিষয়সহ অন্যান্য কাজ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’।
প্রশ্ন

প্রশিক্ষণের বিষয়বস্তু কী?

এটি মূলত সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, ‘ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট ফর পারফর্মিং আর্টস ফেস্টিভ্যাল প্রডিউসারস’। সিউলে ২৮ আগস্ট থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। এটি সমন্বয় ও পরিচালনা করবে ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল (সিআইডি) ইউনেসকো, সিউল সেকশন।

প্রশ্ন

প্রশিক্ষণের বিষয়টি কবে, কীভাবে জানলেন?

দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, কৃষ্টি—সবকিছু দেখে বহুদিন আগে থেকেই দেশটাকে চেনার আগ্রহ জন্মেছে। প্রায় সাত থেকে আট বছর আগে আমি এই প্রশিক্ষণের কথা শুনেছিলাম। সংগীত পরিচালক সায়েম রানা এই প্রশিক্ষণ নিয়েছেন। গত মে মাসে তিনি প্রশিক্ষণের বিষয়টি জানালে আমি আবেদন করি। বিশ্বের ১৩টি দেশ থেকে ১৩ জনকে চূড়ান্ত করা হয়েছে, বাংলাদেশ থেকে আমি সুযোগ পেয়েছি। আমি ভীষণ আনন্দিত, নতুন একটি সংস্কৃতিকে জানতে পারব। আশা করছি ভবিষ্যতে এই অভিজ্ঞতা আমার শিল্পীজীবনেও কাজে লাগবে। আমাকে অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার জন্য আমার শিক্ষাগুরু শুভাশিস সিনহা, আমার মা, বোন এবং মণিপুরি থিয়েটারের সব সদস্যকে ভালোবাসা জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতার জন্য আমার কর্মস্থলের সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।

প্রশ্ন

আপনাকে শেষ হৃৎমঞ্চের ‘রিমান্ড’ নাটকে পাওয়া গেছে। সামনে নতুন কী করছেন?

আগামী অক্টোবরে ‘রিমান্ড’-এর আরও তিনটি শো হওয়ার কথা রয়েছে, সেটা সেপ্টেম্বরে নিশ্চিত হওয়া যাবে। কোরিয়া থেকে ফিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ‘মায়ার খেলা’ নির্দেশনা দেব। ‘রক্তকরবী’ নাটকের শততম বছর পূর্তিতে মণিপুরি থিয়েটার নাটকটি মঞ্চে আনার পরিকল্পনা করছে।

জ্যোতি সিনহা
প্রশ্ন

নির্দেশনার জন্য ‘মায়ার খেলা’বেছে নিলেন কেন?

আমি নাটক করলেও ছোটবেলায় নাচ শিখেছি। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্য ‘কালমৃগয়া’ নির্দেশনা দিয়েছিলাম। মৌলভীবাজারে নাচের ভালো পরিবেশ রয়েছে। পাশাপাশি কোরিয়ায় গিয়ে অর্জিত অভিজ্ঞতাও এখানে কাজে লাগাতে পারব।

প্রশ্ন

আপনি তো শৈশবে নাচ শিখেছেন, বিটিভিতে লায়লা হাসানের ‘এসো নাচ শিখি’ অনুষ্ঠানে নাচও করেছেন।

আমি তো মণিপুরি, নাচ আমার রক্তে আছে। ‘জ্যোতি নন্দন’ নামে একটি নাচের প্ল্যাটফর্মও রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের প্রান্তিক পর্যায়ে নৃত্য নিয়ে কাজ করছি। নাচ নিয়ে আরও স্বপ্ন আছে। মণিপুরি নৃত্য হারিয়ে যাচ্ছে, সেটা নিয়েও কাজ করছি।

‘হ্যাপি ডেইজ’ নাটকে জ্যোতি সিনহা। ছবি: সংগৃহীত
প্রশ্ন

মঞ্চ থেকে অনেক শিল্পীকেই টিভি নাটক ও সিনেমায় নিয়মিত দেখা গেছে। আপনাকে টিভি ও সিনেমায় নিয়মিত দেখা যায় না।

গত বছর আমরা তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। আমি ছোটবেলা থেকেই মঞ্চের সঙ্গে যুক্ত, এখানে কাজ করে আনন্দ পাই। প্রতিটি শো-ই একধরনের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নেওয়াটা আনন্দের। ‘রিমান্ড’, ‘হ্যাপি ডেজ’—যত নাটকই আমি করি না কেন, প্রতিবারই মনে হয়, আমি নতুন করে মঞ্চে উঠছি। এটা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না। এটা (মঞ্চ) কঠিন বিষয়, কঠিনকে ভালোবাসাই মানুষের ধর্ম। সে জায়গা থেকেই আমি মঞ্চকে বেশি গুরুত্ব দিই। তার মানে এই নয় যে আমি অন্য মাধ্যমে কাজ করতে অনাগ্রহী। সুযোগ পেলে, ভালো চিত্রনাট্য পেলে অবশ্যই করব। ইতিমধ্যে ‘বাসন্তী ও দুর্গা’ এবং ‘কুয়াশা’—এ দুটো সিনেমার চিত্রনাট্য হাতে পেয়েছি। পড়ছি, ভাবছি, প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া ‘সেনাতম্বীর আঙুল’ ও গার্সিয়া মার্কেজের ‘মেয়েটি সন্ধ্যা ছ’টায় এসেছিল’—এই দুটো ভিন্নধর্মী শর্টফিল্মে অভিনয়ের প্রস্তুতিও চলছে।

জ্যোতি সিনহা