ওটিটি প্ল্যাটফর্ম বিনজে মুক্তি পেয়েছে ‘শনশন’। এ মাসের শেষ সপ্তাহে আসছে দামাল। দুটি ছবিতেই অভিনয় করেছেন লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ সামিয়া অথৈ

দুর্বলচিত্তের জন্য এই ফিল্ম নয়—‘শনশন’ নিয়ে এমন কথা কেন বলা হচ্ছে?
ফিল্মটা যেহেতু হরর, যারা ভয় পায়, দুর্বলচিত্ত, তাদের জন্য হয়তো বলা হচ্ছে। ডাবিংয়ের সময় দেখেছি, এরপর পুরো ছবিটি আর দেখা হয়নি। দেখলে হয়তো বলতে পারতাম। তবে আমি খুবই উত্তেজিত। এর আগে হরর ছবিতে কাজ করিনি। সবার কাছে যতটুকু শুনেছি, মনে হচ্ছে, অনেক দৃশ্য দেখে মানুষ শিহরিত হবে। আমিও আসলে দেখতে চাই, কতটা শিহরণ জাগাতে পারে। মনে হয়, একটু ভিন্নধর্মী কিছু হবে। লোকেশন ওয়াইজও একটু ভিন্ন রকম।
আপনি নিজে ভৌতিক ছবি দেখেন?
অবশ্যই। হরর ফিল্ম আমার খুব পছন্দ। থ্রিলারও। অ্যাকশন ও সাসপেন্স ধরনের ছবিও পছন্দ করি। সুন্দর গল্প আছে, এমন ছবিও আমাকে টানে। মুড ভালো থাকলে রোমান্টিক ছবিও দেখি। সবকিছু আসলে মুডের ওপর। যেকোনো ছবির ট্রেলার আমাকে ছবিটি দেখতে উদ্বুদ্ধ করে।
‘দামাল’–এ আপনি একজন ফুটবলার। ছোটবেলায় কি ফুটবল খেলতেন?
ছোটবেলায় খুব টমবয় টাইপ ছিলাম। ছোটবেলায় মেয়েরা সাধারণত পুতুল নিয়ে খেলে, আমি খেলতাম ক্রিকেট ও ফুটবল। টমবয় ব্যাপারটা আমার মধ্যে সব সময় ছিল। ভারতেশ্বরী হোমসে যখন পড়তাম, তখন বিএনসিসি করতাম; স্পোর্টসেও ভালো ছিলাম। দৌড়, ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলতাম। তবে দামাল-এ ফুটবল খেলাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। যখন চরিত্রটি সম্পর্কে জানতে পারি, নিজেই ফুটবল কিনে ফেলি। দক্ষিণখানের বাসার ছাদে খেলতাম। সকালবেলা আব্বা-আম্মার সঙ্গে হাঁটতে বের হলে মাঠে প্র্যাকটিস করতাম। এভাবে এক মাস অনুশীলন করেছি। এ ছবিতে আমার সাইকেল চালানোর একটা দৃশ্য ছিল, সে জন্য নিজে থেকে সাইকেলও কিনে নিই। ইন্টারনেটে বিভিন্ন ভিডিও ঘেঁটেও জানার চেষ্টা করেছি। তবে একজন কোচ রেখে তৈরি হওয়ার বিষয়টি ছিল না। সম্ভবও ছিল না। করোনার সময় প্রস্তুতি নিতে হয়েছে। সবকিছুই নিজের তাগিদে করেছি। বাবা এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন।
আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘দামাল’। এরই মধ্যে ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। ট্রেলার ও গান দেখে কেমন লেগেছে?
আমি আশাবাদী। ছবিটা দারুণ হবে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ফুটবল নিয়ে এমন ছবি হয়নি। গানও খুব ভালো লেগেছে।
‘আমি চাই সবাই আমাকে অভিনেত্রী হিসেবেই চিনবে’—কয়েক বছর আগে এমনটা বলেছিলেন। এত দিনে কতটা চিনেছে মনে করছেন?
সবাই এখন আমাকে অভিনেত্রী হিসেবেই চেনে। আমি তো অভিনয় দিয়েই শুরু করেছি। তারপর লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা, নাচ আলাদা পরিচয়। অভিনয়ের ক্ষেত্রে যদি বলি, আমার নাটক দেখেই পরিচালকেরা তাঁদের কাজে যুক্ত করেন। অল্প সময়ে এটা অর্জন করতে পেরেছি, সামনে আরও ভালো কিছু করার দায়িত্ব বেড়েছে।
অভিনয় যখন করেন না, কী করেন?
নিজেকে সময় দিই। শরীরচর্চা করি। ফাইটিংয়ের ক্লাস করি। বই পড়ি। মুভি দেখি। সময়টাকে কাজে লাগাই। পরিবারকে সময় দিই। সামনে আমার এমবিএ ক্লাস শুরু, পড়ালেখাও করছি।