
স্ত্রী নির্যাতনের ব্যাপারটি আদালতে প্রমাণিত হওয়ার পর বড়সড় ধাক্কা খেয়েছিলেন হলিউড অভিনেতা জনি ডেপ। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের তৃতীয় ছবি থেকে বের করে দেওয়া হয় তাঁকে। ফলে তাঁর গায়ে আর দেখা যাবে না জাদুকর গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ডের কোট। এর আগেই জনিকে জানিয়ে দেওয়া হয়েছে আরও একটি দুঃসংবাদ। কোনো দিনই বড় পর্দায় ক্যারিবিয়ান দ্বীপের দস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে হাজির হতে পারবেন না তিনি। ফলে তাঁর সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ‘ঝগড়া’য় জনি ডেপের হাত থেকে ফসকে গেল তাঁর সফল দুটো ফ্র্যাঞ্চাইজি।
এ ঘটনায় খেপেছেন জনি ডেপের ভক্তরা। তাঁরা বলেছেন, এক হাতে তালি বাজে না। জনির হাতের সিনেমা কেড়ে নিয়ে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে অ্যাম্বারকেও দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জনি’ আন্দোলন। এরই অংশ হিসেবে শুরু হয়েছে পিটিশনে গণস্বাক্ষর। পিটিশনের বিষয় অ্যাম্বার হার্ডকে সরাতে হবে ‘অ্যাকুয়াম্যান টু’ সিনেমা থেকে, নতুবা জনি ডেপের ভক্তরা কেউ এই সিনেমা দেখবেন না। এই ছবি যাতে অন্যরাও কেউ না দেখেন, এ কারণে সব ধরনের নেতিবাচক প্রচারণা চালাবেন বলে কথা দিয়েছেন তাঁরা। জনি–ভক্তদের এই ‘উন্মাদনা’ দেখে স্বাভাবিকভাবেই ভড়কে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস। মাত্র সাত দিনের পিটিশনে স্বাক্ষর করা হয়েছে ১৬ লাখের বেশি। শর্ত ছিল, ২০ লাখ স্বাক্ষর জড়ো হলে অ্যাম্বারকে বাদ দিতে হবে। এর আগেই অ্যাম্বারের জায়গা নতুন নায়িকা ‘গেম অব থ্রোনস’খ্যাত এমিলিয়া ক্লার্কের নাম ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। কারণ, এত বড় বাজেটের ছবিতে কোনো ঝুঁকি নিতে চায় না তারা।
যুক্তরাজ্যের অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক হলিউডে এসে জায়গা করে নিতে সময় নেননি। বিখ্যাত টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর ‘ডেনেরিস টারগারিয়ান’ চরিত্রে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। টাইম সাময়িকী তাঁকে ২০১৯ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ মানুষের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার বড় পর্দার জনপ্রিয় ‘মেরা’ চরিত্রে দেখা যাঁবে তাঁকে।