
অপরাধ কাহিনি নিয়ে নির্মিতব্য হলিউডের ‘ডগ ইট ডগ’ ছবিতে দেখা যাবে ‘স্পাইডারম্যান’ ছবির খলনায়ক উইলিয়াম ড্যাফোকে। এ ছবিতে একজন অপহরণকারীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। অবশ্য, এ ছবিতে খলনায়ক হিসেবে শুধু ড্যাফোই নন; তাঁর সঙ্গে আরও আছেন ‘ঘোস্ট রাইডার’খ্যাত তারকা অভিনেতা নিকোলাস কেজ। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে।
এডি বাঙ্কারের বই ‘ডগ ইট ডগ’ উপন্যাসের কাহিনি অবলম্বনে এ সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন ম্যাট ওয়াইল্ডার এবং ছবির পরিচালক পল স্ক্র্যাডার। ছবির গল্পে তিনজন কয়েদিকে এক অপহরণের ঘটনায় অংশ নিতে দেখা যাবে।
নির্মাতা পল বলেন, ‘এ ছবিতে দুঃসাহসী কিছু দেখানোর চেষ্টা করছি। শেষ ছবিগুলোতে নিকোলাসকে যে ধরনের চরিত্রে দেখা গেছে, এটা সেগুলো থেকে একটু ভিন্ন।’
পল স্ক্র্যাডার এর আগে পরিচালনা করেছেন ‘দ্য ডায়িং অব দ্য লাস্ট নাইট’ ছবিটি। এ ছবিতেও অভিনয় করেছিলেন নিকোলাস কেজ। তবে প্রযোজকের সঙ্গে রাগারাগি করে শেষমেশ ছবি থেকে বেরিয়ে আসেন তাঁরা। পলের অনুমতি না নিয়েই ছবির কিছু অংশ সম্পাদনা করেছিলেন ছবির প্রযোজক। এতেই রেগে আগুন হয়ে গিয়েছিলেন পল।
সবকিছু ঠিকঠাক থাকলে ‘ডগ ইট ডগ’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ‘ডগ ইট ডগ’-এর কাজের পাশাপাশি ড্যাফো চুক্তিবদ্ধ হয়েছেন ‘দ্য হেডহান্টার্স কলিং’ ছবিতে। এই ছবিতে আরও থাকবেন ‘স্পাইডারম্যান’ ছবির আরেক খলনায়ক ড. অটো অকটাভিয়াস ওরফে আলফ্রেড মলিনা। ডিজিটাল স্পাই।