
‘গেম অব থ্রোনস’ ছবিতে কাজ করে তেমন পয়সা-কড়ি পাননি রিচার্ড ম্যাডেন। ব্যাপারটা জানার পর যে কারও মায়া হবে ছবির ‘রব স্টার্ক’ চরিত্রের এই অভিনেতার প্রতি। সম্প্রতি সেই সময়ে নিজের এই অসহায়ত্বের কথা স্বীকার করেছেন তিনি। যদিও সেই সময় নামমাত্র সম্মানী নিয়ে খুব একটা ব্যথিত নন এই তরুণ। কেননা অভিজ্ঞতার ভাড়ার তখন ছিল প্রায় শূন্য। হবেই বা কীভাবে? বয়স কেবল ২২ আর সিভিটাও তেমন সমৃদ্ধ নয়।
গত বছর বিবিসির থ্রিলার ‘বডিগার্ড’-এ অভিনয় করেন কেলি হুসের সঙ্গে। সেখানে তাঁকে কেলির সমান সম্মানী দেওয়া হয়েছিল! তিনি বলেন, ‘মনে হয় তাঁকেই বেশি দেওয়া হয়েছিল। আসলে কে কত পেল না-পেল, তা নিয়ে মাথা না ঘামিয়ে আমি কাজের মধ্যে থাকতে চাই।’
তবে টেলিভিশনে নারী-পুরুষের সম্মানী বৈষম্য নিয়ে তিনি শঙ্কিত। বললেন, ‘নারী ও পুরুষ শিল্পীদের সম্মানীর ক্ষেত্রে যাতে বৈষম্য না হয়, সেই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।’
অভিনয় নিয়ে কলেজের পড়া শেষ হওয়ার পরই ‘গেম অব থ্রোনস’ ছবিতে তাঁকে নেওয়া হয় রব স্টার্ক হিসেবে। তিনি জানতেন, ছবিতে তাঁকে মেরে ফেলা হবে। তাতে কী? এরই মধ্যে অবশ্য তরুণ অভিনেতা হিসেবে টেলিভিশনে কাজ শুরু করে দিয়েছেন তিনি। রিচার্ড বলেন, ‘“গেম অব থ্রোনস”-এ কাজ শুরুর আগে শিশুশিল্পী হিসেবে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছিলাম। এতে ‘গেম অব থ্রোনস’-এর অনেক কিছু আমার জন্য ডাল-ভাত হয়ে গিয়েছিল। বিবিসি