
বয়স মোটে উনিশ। এই বয়সেই গায়ে তুলে নিয়েছেন মার্ভেলের স্যুট। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে নতুন সিরিজ ‘মিসেস মার্ভেল’-এর প্রথম সিজন। ৮ জুন প্রিমিয়ারের পর বিবিসি, ভ্যারাইটির মতো গণমাধ্যমগুলো প্রশংসা করেছে সিরিজটির। সেই সিরিজের প্রধান চরিত্র কমলা খান হিসেবে দেখা গেছে উনিশ বছরের ইমান ভেলানিকে। যার মধ্য দিয়ে তৈরি হয়েছে নতুন এক ইতিহাসও। ইমানই প্রথম মুসলিম, যিনি মার্ভেল সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন। পাকিস্তানি-কানাডিয়ান এই অভিনেত্রীর জন্ম করাচিতে। ইমান যখন অনেক ছোট, বাবার সঙ্গে চলে আসেন কানাডায়। তখন থেকে কমিকস বলতে পাগল। তাই কমিকস অবলম্বনে নির্মিত এই সিরিজ তাঁর কাছে স্বপ্নপূরণের মতোই।
পশ্চিমা গণমাধ্যমগুলো প্রথম মুসলিম সুপারহিরোকে নিয়ে ফলাও করে খবর ছেপেছে। ইমান নিজেও উত্তেজিত বিষয়টি নিয়ে, ‘মুসলিম বলুন আর যাই বলুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সমাজের একটা নির্দিষ্ট বিশ্বাসী মানুষের গল্প দেখানো হয়েছে; যা আসলে সমাজের বৈচিত্র্যময় নানা গোষ্ঠীর উপস্থিতি উঠে আসে।’ তবে সাক্ষাৎকার তিনি জানান, নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে আগ্রহী নন তিনি। জানান, ছোটবেলা থেকেই কানাডার মূল ধারার স্কুলে পড়েছেন, এশীয় স্কুলগুলোতে নয়। বাবা চেয়েছিলেন তাঁর সন্তান যেন নানা জাতি, বর্ণ, ধর্মের মানুষের সঙ্গে বেড়ে উঠতে শেখে।
এমন গুরুত্বপূর্ণ একটি চরিত্র তাঁর পরিবারও ভীষণ আনন্দিত। টরন্টোতে তাঁর পরিবারে খুশির বন্যা বইছে। ‘মিস মার্ভেল’ ছাড়াও বেশ কয়েকটি কাজ করেছেন তিনি। তবে অভিনয়–দুনিয়ায় পা রাখতে চাননি একেবারেই। স্কুলে অডিশনের সুযোগ পেয়ে নাম লিখিয়েছিলেন, বাকিটা তো ইতিহাস। এ প্রজন্মের তরুণী হলেও ইমান সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। জানেন, ‘মিস মার্ভেল’ মুক্তির পর তাঁর অনেক অনুসারী তৈরি হবে। তবে নিজের মনোযোগ যাতে অন্যদিকে না যায়, সে জন্য আরও কয়েক মাস টুইটার, ইনস্টাগ্রাম কিছুই ব্যবহার করবেন না।
ছয় পর্বের ‘মিস মার্ভেল’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ফারহান আখতারও। তাঁর সঙ্গে কাজ করে রীতিমতো উচ্ছ্বসিত ইমান। কারণ, বলিউড ছবির পাঁড় ভক্ত তিনি। তাঁর পছন্দের ছবির তালিকায় আছে ফারহানের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ফারহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে পর্দা ভাগ করার অভিজ্ঞতা অসাধারণ। যাঁর ছবি দেখে বড় হয়েছি, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত।’
কেবল ফারহান নন, আরেক বলিউড অভিনেতা আমির খানেরও বড় ভক্ত তিনি। অভিনেতার ‘থ্রি ইডিয়টস’ তাঁর প্রিয় বলিউড সিনেমার একটি। ইমান জানান, আমিরের এমন কোনো সিনেমা নেই যা তিনি দেখেননি। এ ছাড়া শাহরুখকেও পছন্দ করেন তিনি।