
বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব শুরু হতে আর বেশি দেরি নেই। ১৭ মে শুরু হতে যাচ্ছে এই উৎসবের ৭৫তম আসর। এই উৎসবের অংশীদার হিসেবে স্বর্ণপাম তৈরির দায়িত্ব পালন করে আসছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড শপার্ড। দুটি প্রতিষ্ঠানের একসঙ্গে পথচলার ২৫ বছর পূর্তি হচ্ছে এই আসরে। শপার্ডের অংশীদারত্বের রজতজয়ন্তী এবং কান চলচ্চিত্র উৎসবের হীরকজয়ন্তী উদ্যাপনে খানিক পাল্টে গেল উৎসব ট্রফি ‘স্বর্ণপাম’-এর নকশা।
এই দুই জয়ন্তীকে উৎসবে পরিণত করতে স্বর্ণপামের নতুন নকশায় যোগ করা হলো ১০০টি হীরার টুকরা।
আর এই নকশা তৈরি করেছেন শপার্ডের সহসভাপতি ও পরিচালক ক্যারোলাইন শিউফেলে। স্বর্ণপামটি দেখতে পামগাছের একটি পাতার মতো। এর একটি পাতায় ৭৫টি এবং আরেকটি পাতায় ২৫টি হীরার টুকরা বসানো হয়েছে। ৭৫টি হীরার টুকরা নির্দেশক করছে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরকে। আর ২৫টি হীরকখণ্ড নির্দেশ করছে শপার্ড ও কানের যুগলবন্দীকে। শপার্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
ক্যারোলাইন শিউফেলে একটি বিবৃতিতে বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অন্যদের জন্যও ক্যারিয়ারের একটা মাইলফলক।
উৎসবে এই ১১ দিন আমরা মনোমুগ্ধকর পরিবেশে জড়ো হই। একটি প্রাণবন্ত সময় কাটে, যেখানে বিভিন্ন ধরনের মোহনীয় কাজের সঙ্গে নিজেকে নিবিষ্ট করা যায়। এই ২৫ বছরে আমার সিনেমাজগতে অনেকগুলো বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ হয়েছে।’
শপার্ড আরও দুবার স্বর্ণপামের নকশায় পরিবর্তন এনেছিল। ২০১৪ সালে মানুষ ও পরিবেশের প্রতি শ্রদ্ধা রেখে শপার্ড ট্রফিতে ফেয়ারমাইন্ড অনুমোদিত স্বর্ণের ব্যবহার করা শুরু করেছিল। আর দ্বিতীয়বার পরিবর্তন হয় পাঁচ বছর আগে কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে।
কান চলচ্চিত্র উৎসবের জন্য স্বর্ণপামসহ মোট নয়টি ট্রফি তৈরি করে শপার্ড। অন্যগুলো হলো সেরা অভিনেত্রীর পুরস্কার, সেরা অভিনেতার পুরস্কার, গ্রাঁ প্রিঁ, সেরা পরিচালকের পুরস্কার, সেরা চিত্রনাট্যকারের পুরস্কার, জুরি প্রাইজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণপাম ও ক্যামেরা দর (সোনার ক্যামেরা)। দক্ষিণ ফ্রান্সের কান শহরে ভূমধ্যসাগরের তীরে ১৭ থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব।