
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন। যার সঙ্গে এ সময়ের যুক্তরাষ্ট্রের বাস্তবতার মিল পাওয়া যায়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গদের আধিপত্য—এসবই উঠে এসেছে এখানে। প্রশ্নের মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে। তবে বিষয় গুরুগম্ভীর হলেও বিনোদনের মেজাজে সিনেমাটি বানিয়েছেন টমাস অ্যান্ডারসন। গত বছর মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয় লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমাটি। এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার জিতল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
এর আগে সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কারও জেতেন পল টমাস। সব মিলিয়ে এবার সর্বোচ্চ ছয় পুরস্কার জিতল সিনেমাটি। সেরা নির্মাতার পুরস্কার জিতে তিনি বলেন, ‘এটার জন্য (অস্কার) আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনাদের ধন্যবাদ।’
অনুমিতভাবেই সেরা অভিনেত্রী জেসি বাকলি। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা, অ্যাক্টার অ্যাওয়ার্ডসের পর অস্কারেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমার জন্য এ পুরস্কার পেলেন এই আইরিশ তারকা। অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা তিনিই প্রথম আইরিশ অভিনেত্রী। পুরস্কার জিতে অশ্রুসজল চোখে নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
চমক ছিল সেরা অভিনেতার পুরস্কারে; টিমোথি শ্যালামে বা লিওনার্দো ডিক্যাপ্রিও নন, পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। রায়ান কুগলারের আলোচিত হরর সিনেমা ‘সিনার্স’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করে এ পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার গ্রহণ করে কৃষ্ণাঙ্গ অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাইকেল বলেন, ‘তাঁরা আমার আগে শুরু করেছিলেন বলেই আমি আজ এখানে আসতে পেরেছি।’
অন্য গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে সেরা আন্তর্জাতিক সিনেমা হয়েছে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। গত বছর কান উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা পেয়েছে ফ্যামিলি ড্রামাটি।
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি মুলিগান। গত বছরের আলোচিত হরর সিনেমা ‘ওয়েপনস’-এর জন্য পুরস্কার পেলেন তিনি। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন শন পেন। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে কর্নেল স্টিভেন জে লকজ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি পেলেন তিনি। এটি তাঁর তৃতীয় অস্কার। তবে এদিন পুরস্কার গ্রহণ করতে আসেননি তিনি।
এ ছাড়া নেটফ্লিক্সের রেকর্ড গড় মিউজিক্যাল সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’ হয়েছে সেরা অ্যানিমেশন ছবি। এর গান ‘গোল্ডেন’ জিতেছে সেরা গানের পুরস্কার।
বরাবরের মতো এবারের অস্কারের আসরে ছিল রাজনীতির ছোঁয়া। অস্কারের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।’ তার এই বক্তব্যের পরপরই অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।
ভ্যারাইটি ও রয়টার্স অবলম্বনে