গোল্ডেন গ্লোব জয়ের পর কিরান কালকিন। ছবি: রয়টার্স
গোল্ডেন গ্লোব জয়ের পর কিরান কালকিন। ছবি: রয়টার্স

অবশেষে কক্ষপথে কিরান

প্রায় দুই যুগের ক্যারিয়ার। তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে গেল। নির্মাতারা যেমন তাঁকে খুঁজে পাননি, তেমনি ব্যক্তিগত নানা ঝঞ্ঝাটে অভিনয় থেকেই স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন কিরান কালকিন। ‘সাকসেশন’-এর পর ‘আ রিয়েল পেইন’ দিয়ে কক্ষপথে ফিরলেন এই মার্কিন অভিনেতা।

গত এক দশকের অন্যতম আলোচিত সিরিজ ‘সাকসেশন’। এইচবিওর এ সিরিজে রোমান রয় চরিত্রে অভিনয় করে এমি, গোল্ডেন গ্লোব, সেগ জেতেন কিরান।

সেই সিরিজের সাফল্যের রেশ কাটতে না কাটতেই ‘আ রিয়েল পেইন’ ছবিতে বেঞ্জি চরিত্রে হাজির হলেন ৪২ বছর বয়সী অভিনেতা। জেসি আইজেনবার্গ পরিচালিত সিনেমাটি গত বছর সানড্যান্সে প্রিমিয়ারের পর থেকেই আলোচনায় ছিল। ২০২৪ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটির প্রশংসায় যোগ দেন সাধারণ দর্শক। ৩০ লাখ ডলার বাজেটের সিনেমাটি প্রেক্ষাগৃহে ১ কোটি ৮০ লাখের বেশি ব্যবসা করে। গত মাসে এ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতেন কিরান, একই বিভাগে অস্কারেও মনোনয়ন পেয়েছেন।

‘আ রিয়েল পেইন’–এর দৃশ্য। আইএমডিবি

সিনেমাটির জন্য পুরস্কার আর এত প্রশংসায় অবাক কিরান। ভ্যারাইটিকে তিনি বলেন, ‘ভাবিনি এ ছবি কেউ দেখবে। জেসির সঙ্গে কাজ করাটা দারুণ হবে ভেবে রাজি হয়েছিলাম। মনে আছে, আমার ম্যানেজার আমাকে বলেছিল, “অভিনয় করবে কি করবে না, সেটা তোমার সিদ্ধান্ত। এটা হয়তো সানড্যান্সে যাবে, হয়তো জনা তিরিশেক মানুষ দেখবে।” সেই সিনেমা দেখে দর্শক প্রশংসা করছেন, স্বীকৃতি আসছে, এটা দারুণ ব্যাপার।’

‘আ রিয়েল পেইন’ অল্প বাজেটের ছিমছাম গল্পের সিনেমা। দুই কাজিন ডেভিড (জেসি) ও বেঞ্জি (কিরান) একসঙ্গে ঘুরতে বের হয়। গন্তব্য পোল্যান্ড, উদ্দেশ্য প্রয়াত দাদি সম্পর্কে ভালোভাবে জানা। কিন্তু তাদের এই ছুটি কাটানো কেবল ভ্রমণ হয়েই থাকে না, উঠে আসে পরিবারের অনেক অজানা গল্প। বড় কোনো ঘটনা নেই, টুইস্ট নেই। মজা করে বলা মাত্র ৯০ মিনিটের সিনেমা। সমালোচকেরা মনে করছেন, নির্মাতা জটিল কোনো সমীকরণে না গিয়ে সাধারণ এক পারিবারিক বন্ধুত্বের গল্প বলতে চেয়েছেন; এ কারণেই সিনেমাটি এত গ্রহণযোগ্যতা পেয়েছে।

সিনেমাটির জন্য প্রথমবার অস্কার মনোনয়ন পেয়ে কিরান যেমন আনন্দিত, তেমনি কিছুটা বিব্রতও। কারণ, সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন ‘সাকসেশন’-এ তাঁর সহ-অভিনেতা জেরেমি স্ট্রিংও। এ প্রসঙ্গে জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’তে হাজির হয়ে কিরান বলেন, ‘জেরেমির মনোনয়ন পাওয়া দারুণ, ওর অভিনীত সিনেমাটি (‘দ্য অ্যাপ্রেনটিস’) সবার দেখা উচিত, কী অসাধারণ অভিনয়! তবে ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না হলেই ভালো হতো।’

আগামী ৩ মার্চ দেওয়া হবে অস্কার। কিরান, জেরেমি, নাকি অন্য কেউ—দেখা যাক কে পান সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার!