
ভৌতিক ছবির দর্শকদের জন্য ‘ইনসিডিয়াস’-এর নতুন কিস্তি, আর শিশু-কিশোর ও পরিবারের দর্শকদের জন্য ডাইনোসরের দুনিয়ায় রোমাঞ্চকর অভিযান। দুই ভিন্ন স্বাদের হলিউড ছবি নিয়ে আজ শুক্রবার স্টার সিনেপ্লেক্সে থাকছে নতুন আয়োজন। আন্তর্জাতিক মুক্তির দিনেই প্রেক্ষাগৃহে আসছে ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। একই সঙ্গে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘পাও প্যাট্রোল’-এর তৃতীয় সিনেমা ‘পাও প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’।
দুটি ছবিই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’-এর পর ভৌতিক এই সিরিজের নতুন ছবির অপেক্ষায় ছিলেন ভক্তরা। অন্যদিকে ‘পাও প্যাট্রোল: দ্য মাইটি মুভি’র পর এবার পরিচিত উদ্ধারকারী দলকে দেখা যাবে ডাইনোসর, আগ্নেয়গিরি আর বিপজ্জনক এক দ্বীপের নতুন অভিযানে।
‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’
‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। জ্যাকব চেজ পরিচালিত অতিপ্রাকৃত ভৌতিক ছবিটিতে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া ও মেইজি রিচার্ডসন-সেলার্স। আগের সিনেমার চরিত্রে ফিরেছেন লিন শে।
এবারের গল্পের কেন্দ্রে জেমা নামের এক তরুণী মা। মেয়েকে নিয়ে নিজের শৈশবের বাড়িতে বসবাস করতে গিয়ে হঠাৎই নিজের অস্বাভাবিক এক ক্ষমতার কথা জানতে পারেন তিনি। জেমা ‘দ্য ফারদার’ নামের এক অতিপ্রাকৃত জগতে যেতে পারেন। সেখানে অবস্থান করে মৃত আত্মা ও ভয়ংকর সব সত্তা।
কিন্তু জেমার ক্ষমতা শুধু ওই জগতে প্রবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি সেখানকার সত্তাদের বাস্তব পৃথিবীতেও নিয়ে আসতে পারেন। আর এই ক্ষমতার কথা অশুভ শক্তিগুলো জেনে যাওয়ার পরই শুরু হয় বিপদ। ধীরে ধীরে বাস্তব জগৎ ও ‘দ্য ফারদার’-এর মধ্যকার সীমারেখা ভেঙে পড়তে থাকে। জেমার বিশেষ ক্ষমতাই একসময় তাঁর এবং পরিবারের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়।
‘ইনসিডিয়াস’-এর আগের ছবিগুলোতে চরিত্রদের ‘দ্য ফারদার’-এ গিয়ে আটকে পড়া আত্মা কিংবা অশুভ সত্তার মুখোমুখি হতে দেখা গেছে। নতুন ছবিতে সেই ধারণাকে আরও বিস্তৃত করা হয়েছে। এবার অশুভ জগৎই ছড়িয়ে পড়তে শুরু করে বাস্তব পৃথিবীতে। ফলে একটি বাড়ি বা একটি পরিবারের মধ্যে আটকে থাকছে না ভয়ের পরিধি।
‘পাও প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’
ভয় থেকে একেবারে অন্য জগতে নিয়ে যাবে ‘পাও প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’। জনপ্রিয় ‘পাও প্যাট্রোল’ অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র এটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাও প্যাট্রোল: দ্য মাইটি মুভি’র সিক্যুয়েলটি পরিচালনা করেছেন ক্যাল ব্রুঙ্কার।
বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, ফরচুন ফেইমস্টার, জামিলা জামিল, প্যারিস হিলটন, স্নুপ ডগসহ অনেকে।
এবার পাও প্যাট্রোল দলের অভিযান ডাইনোসর–অধ্যুষিত এক রহস্যময় দ্বীপে। ভয়ংকর ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ পথ হারিয়ে দুর্গম একটি দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা আবিষ্কার করে, দ্বীপটিতে এখনো জীবন্ত ডাইনোসরের বসবাস।
নতুন পরিবেশে তাদের সহযোগী হয় জবী নামের একটি কুকুর। দীর্ঘদিন ধরে দ্বীপে থাকার কারণে ডাইনোসর ও সেখানকার বিপজ্জনক পরিবেশ সম্পর্কে তার রয়েছে বিস্তর জ্ঞান। ফলে নতুন অভিযানে পাও প্যাট্রোল দলের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে ওঠে জবী।
তবে ডাইনোসরই তাদের একমাত্র চিন্তা নয়। পুরোনো শত্রু মেয়র হামডিঙ্গার দ্বীপের প্রাকৃতিক ও খনিজ সম্পদ দখলের পরিকল্পনা করে। তার খননকাজের কারণে দীর্ঘদিনের সুপ্ত একটি আগ্নেয়গিরি জেগে ওঠে। শুরু হয় নতুন বিপর্যয়। একদিকে ডাইনোসর ও অন্য প্রাণীদের বাঁচানো, অন্যদিকে আগ্নেয়গিরির ভয়াবহতা সামাল দেওয়া—এর মধ্যেই হামডিঙ্গারের পরিকল্পনা ঠেকাতে নামে পাও প্যাট্রোল দল।
ডাইনোসর, আগ্নেয়গিরি ও একের পর এক উদ্ধার অভিযান—এই তিন উপাদানই এবারের ছবির মূল আকর্ষণ। আগের ছবিগুলোর পরিচিত অভিযান ও বন্ধুত্বের গল্পের সঙ্গে এবার যুক্ত হয়েছে ডাইনোসরের দুনিয়া। জবীর গল্পের মধ্য দিয়ে প্রতিকূলতার মধ্যেও বুদ্ধি, সাহস ও দৃঢ়তা দিয়ে বাধা পেরিয়ে যাওয়ার বার্তাও রয়েছে ছবিটিতে।