প্রথম বিয়ে দুই মাসও টেকেনি, তৃতীয় বিয়েও বিচ্ছেদে

বাবা-মা অভিনয় করতেন। যে কারণে শৈশবেই অভিনয়ে ব্যস্ত হতে হয়। শিশু চরিত্রে তিনি ছিলেন আলোচিত নাম। অভিনয়ে সময় দিতে গিয়ে একের পর এক ড্রপ আউট হতে হয়। পেরোতে পারেননি উচ্চমাধ্যমিকের গণ্ডি। তবে অভিনয় ক্যারিয়ারে সফল নাম ড্রিউ ব্যারিমোর। বর্তমানে তিনি ৮৫ মিলিয়ন ডলারের মালিক। আজ এই অভিনেত্রীর জন্মদিন। তাঁকে নিয়ে জেনে নিতে পারেন অজানা তথ্য।
অভিনয়শিল্পী পরিবারে জন্মের কারণে মাত্র এক বছর তিন মাস বয়সে বিজ্ঞাপনের মডেল হন। মাত্র পাঁচ বছর বয়সে সিনেমায় নাম লেখান। সাত বছর বয়সে ‘ই টি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন।
ছবি: শিল্পীর ফেসবুক
এই অভিনেত্রী জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে শিশু চরিত্রে থেকে তরুণী চরিত্রে নাম লেখান। নব্বই দশকের দিকে তিনি খোলামেলা চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় আসেন।
জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত জীবন ছিল ওলটপালট। মাত্র ১৯ বছর বয়সে প্রথম প্রেম করে বিয়ে করেন। সেই বিয়ে দুই মাস টিকেছিল। পরে তিনি একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ব্রেকআপের পরও সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসতে দেখা গেছে তাঁকে। তৃতীয় বিয়েও টেকেনি।
অভিনেত্রী হিসেবে সফল হলেও পরবর্তী সময়ে তিনি নিজেই প্রযোজনার সঙ্গে যুক্ত হন। নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন। অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
তিনি ১৯৯৫ সালেই পারিশ্রমিক নিতেন দেড় মিলিয়ন ডলার। পাঁচ বছর পর তাঁর পারিশ্রমিক হয় ৯ মিলিয়ন ডলার। ২০০৭ সালে তিনি ‘মিউজিক অ্যান্ড লিরিকস’ সিনেমার জন্য সর্বাধিক ১৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন। বর্তমানে তিনি ৮৫ মিলিয়ন ডলারের মালিক। এই অভিনেত্রীর জন্ম ১৯৭৫ সালের ২২ ফেব্রুয়ারি।