
একজন বক্সার, যাঁর জীবনে সাফল্য বলতে তেমন কিছু নেই। পেশাদার বক্সিংয়ের জগতে তিনি পরিচিত কেউ নন। অর্থকষ্টে দিন কাটে, ব্যক্তিগত জীবনেও নেই কোনো প্রাপ্তির ঝলক। ফিলাডেলফিয়ার রাস্তায় ছোটখাটো কাজ করেন, অবসর সময়ে বক্সিংয়ের রিংয়ে নামেন। একদিন হঠাৎ সুযোগ আসে জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে নামার। প্রতিপক্ষ বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন অ্যাপোলো ক্রিড। তাঁর সামনে রকির জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু এই লড়াইয়ে তাঁর লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়া। সিনেমাপ্রেমীরা এতক্ষণে বুঝে গেছেন, এটি রকি বালবোয়ার গল্প। ১৯৭৬ সালের ২১ নভেম্বর নিউইয়র্কে মুক্তি পেয়েছিল সিলভেস্টার স্ট্যালোনের লেখা ও অভিনীত সিনেমা ‘রকি’। আজ সিনেমাটি মুক্তির ৫০ বছর। ফিলাডেলফিয়ার সেই সাধারণ বক্সারের গল্প আজও পুরোনো হয়নি। কারণ, ‘রকি’ শুধু বক্সিংয়ের সিনেমা নয়; ব্যর্থতা, আত্মমর্যাদা, ভালোবাসা, স্বপ্ন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার গল্প।
নায়ক শেষ পর্যন্ত প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হন না। তবু দর্শক তাঁকে বিজয়ী হিসেবেই মনে রাখেন। পর্দার এই পরাজিত বক্সারই একসময় হয়ে ওঠেন হলিউডের সবচেয়ে পরিচিত কাল্পনিক ক্রীড়া নায়কদের একজন। আর তাঁর স্রষ্টা স্ট্যালোনের জীবনও যেন একই গল্পের আরেকটি সংস্করণ—প্রত্যাখ্যান, অর্থকষ্ট, নিজের ওপর বিশ্বাস এবং অসম্ভবকে সম্ভব করার চেষ্টা। মাত্র ১১ লাখ ডলারের নির্মাণ ব্যয়ের একটি সিনেমা বিশ্বজুড়ে ২২ কোটি ৫০ লাখ ডলার আয় করেছিল, তিনটি অস্কার জিতেছিল এবং পরবর্তী পাঁচ দশকে বদলে দিয়েছিল স্পোর্টস সিনেমার গল্প বলার ধরন।
মোহাম্মদ আলীর সঙ্গে এক অখ্যাত বক্সারের লড়াই
রকির গল্পের বীজ লুকিয়ে ছিল বাস্তবের একটি বক্সিং ম্যাচে। ১৯৭৫ সালের ২৪ মার্চ। যুক্তরাষ্ট্রের ওহাইওতে রিংয়ে মুখোমুখি হয়েছিলেন তৎকালীন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ও নিউ জার্সির স্বল্পপরিচিত বক্সার চাক ওয়েপনার। আলীর সামনে ওয়েপনারের জেতার সম্ভাবনা নিয়ে কেউ তেমন আশাবাদী ছিলেন না। তাঁকে নিয়ে রীতিমতো ঠাট্টা-তামাশাও হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি লড়াই চালিয়ে যান। নবম রাউন্ডে আলীকে মাটিতে ফেলার ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত ১৫তম রাউন্ডে টেকনিক্যাল নকআউটে পরাজিত হন ওয়েপনার। কিন্তু চ্যাম্পিয়নের সামনে তাঁর এই লড়াই বক্সিংপ্রেমীদের মনে জায়গা করে নেয়।
সেদিনের লড়াই দেখেছিলেন স্ট্যালোন। একজন অখ্যাত বক্সার কীভাবে বিশ্বের সবচেয়ে বড় তারকার সামনে দাঁড়িয়ে যাচ্ছেন, সেটিই তাঁকে ভাবিয়েছিল। পরে তিনি নিজের স্মৃতিচারণায় লিখেছিলেন, মুহূর্তটির মধ্যে তিনি জীবনের একটি রূপক খুঁজে পেয়েছিলেন। মানুষ যাঁকে অযোগ্য মনে করে, সুযোগ পেলে সেই মানুষও অসাধারণ হয়ে উঠতে পারেন।
স্ট্যালোনের কাছে ওয়েপনারের লড়াইয়ের সবচেয়ে বড় তাৎপর্য ছিল শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা। জিততে না পারলেও নিজের সামর্থ্য প্রমাণ করার সুযোগ তৈরি করেছিলেন ওয়েপনার। সেই ভাবনাই পরে রকি বালবোয়ার চরিত্রে রূপ নেয়।
তবে রকি সরাসরি ওয়েপনারের জীবনী নয়। এটি একজন ব্যর্থ বক্সারের কাল্পনিক গল্প, যার মধ্যে মিশে আছে স্ট্যালোনের নিজের জীবনসংগ্রামও।
ব্যাংকে ১০৬ ডলার, অথচ ফিরিয়ে দিলেন সাড়ে তিন লাখ ডলারের প্রস্তাব
‘রকি’র চিত্রনাট্য লিখতে স্ট্যালোনের সময় লেগেছিল মাত্র সাড়ে তিন দিন। তবে গল্পের ভাবনা মাথায় আসার পরই তিনি লিখতে বসেননি। প্রথমে নিজের অভিজ্ঞতা, ব্যর্থতা ও স্বপ্নকে গল্পের মধ্যে আনার চেষ্টা করেন। তাঁর নিজের ভাষায়, সরাসরি একজন ব্যর্থ অভিনেতার গল্প লিখলে হয়তো কেউ দেখতে চাইত না। তাই বক্সিংকে গল্পের পটভূমি করেছিলেন।
চিত্রনাট্য নিয়ে প্রযোজক আরউইন উইঙ্কলার ও রবার্ট চার্টফের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। দুজনই গল্পটি পছন্দ করেন। কিন্তু তাঁরা রকির চরিত্রে প্রতিষ্ঠিত কোনো তারকাকে নিতে চেয়েছিলেন। স্ট্যালোনকে চিত্রনাট্যের স্বত্ব বিক্রি করে দেওয়ার জন্য কয়েক দফায় অর্থের প্রস্তাব দেওয়া হয়। একপর্যায়ে প্রস্তাব পৌঁছায় প্রায় সাড়ে তিন লাখ ডলারে।
অথচ তখন স্ট্যালোনের ব্যাংক হিসাবে ছিল মাত্র ১০৬ ডলার। স্ত্রীকে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। কাজের অভাবে অর্থসংকট এতটাই তীব্র ছিল যে পোষা কুকুর বাটকাসকে খাবার কিনে দিতে না পেরে বিক্রি করার সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। এমন অবস্থায় কয়েক লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যে কত বড় ঝুঁকি, তা সহজেই অনুমান করা যায়।
কিন্তু স্ট্যালোনের জেদ ছিল, রকির চরিত্রে তাঁকেই অভিনয় করতে হবে। কারণ, তিনি জানতেন, এই চরিত্রের সঙ্গে তাঁর নিজের জীবনের অনেক মিল রয়েছে। প্রযোজকেরা প্রথমে রাজি হননি। তাঁদের পছন্দের তালিকায় ছিলেন রবার্ট রেডফোর্ড, রায়ান ও’নিল, বার্ট রেনল্ডস, নিক নোল্টে ও জেমস কানের মতো জনপ্রিয় অভিনেতারা।
স্ট্যালোনের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত প্রযোজকেরা ইউনাইটেড আর্টিস্টসের কাছে চিত্রনাট্যটি নিয়ে যান। প্রতিষ্ঠানটি প্রথমে বড় তারকাকে নিয়ে ২০ লাখ ডলারের সিনেমা বানাতে চেয়েছিল। কিন্তু স্ট্যালোনকে ছাড়া চিত্রনাট্য পাওয়া যাবে না—এ কথা জানার পর বাজেট কমিয়ে ১০ লাখ ডলার করতে হয়। প্রযোজক উইঙ্কলার ও চার্টফকে এমন চুক্তিতেও রাজি হতে হয়েছিল, যাতে বাজেট ছাড়িয়ে গেলে তাঁরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। শেষ পর্যন্ত নির্মাণ ব্যয় দাঁড়ায় প্রায় ১১ লাখ ডলার। বাড়তি অর্থের জন্য প্রযোজকেরা নিজেদের বাড়িও বন্ধক রেখেছিলেন।
যে গল্পে রকি নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে অসম্ভব লড়াইয়ে নেমেছিলেন, স্ট্যালোনও ঠিক একই কাজ করেছিলেন বাস্তবে। রকির মতো তিনিও জানতেন, তাঁর সামনে পথ সহজ নয়। তবু নিজের স্বপ্নের সঙ্গে আপস করেননি। স্ট্যালোন পরে পারিশ্রমিক পেয়েছিলেন। তাঁর চুক্তিতে চিত্রনাট্যকার ও অভিনেতা হিসেবে সিনেমার আয়ের অংশও ছিল।
বাটকাস থেকে কচ্ছপ কাফ-লিংক: পর্দার বাইরেও রকির সংসার
সিনেমায় রকির পোষা কুকুর বাটকাসের উপস্থিতি দর্শকের কাছে চরিত্রটিকে আরও আপন করে তুলেছিল। কারণ, বাটকাস ছিল স্ট্যালোনের নিজের কুকুর। অর্থকষ্টের সময় মাত্র ৪০ ডলারে কুকুরটিকে বিক্রি করেছিলেন তিনি। পরে ‘রকি’র জন্য অর্থ পাওয়ার পর ১৫ হাজার ডলার দিয়ে আবার ফিরিয়ে আনেন। কুকুরটি পরবর্তী সময়ে ‘রকি’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাতেও অভিনয় করে।
সিনেমার শুটিং শেষ হওয়ার পর রকির দুই পোষা কচ্ছপ কাফ ও লিংককেও নিজের কাছে রেখে দিয়েছিলেন স্ট্যালোন। ২০০৬ সালের ‘রকি বালবোয়া’ সিনেমাতেও কচ্ছপ দুটিকে দেখা যায়। পর্দার চরিত্র আর বাস্তব জীবনের এই ছোট ছোট সংযোগ ‘রকি’কে অন্য রকম আবেগ দিয়েছে।
স্বল্প বাজেটের শুটিং
পরিচালক জন জি অ্যাভিল্ডসেনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অল্প অর্থে বাস্তবসম্মত একটি সিনেমা নির্মাণ করা। মাত্র ২৮ দিনে শেষ হয়েছিল শুটিং। ফিলাডেলফিয়ার বিভিন্ন রাস্তায় ধারণ করা হয়েছিল বহু দৃশ্য। অনেক ক্ষেত্রে শুটিংয়ের জন্য ছিল না আনুষ্ঠানিক অনুমতি, বড় ক্যামেরা সরঞ্জাম কিংবা অতিরিক্ত অভিনয়শিল্পী।
রকি যখন ফিলাডেলফিয়ার রাস্তায় দৌড়ান, তখন পথচারীদের অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। দর্শকের কাছে মনে হয়, তাঁরা রকিকে চিনতে পেরেছেন। অথচ বাস্তবে অনেকেই জানতেন না, একটি সিনেমার শুটিং চলছে। পরিচালক অ্যাভিল্ডসেন গাড়ির পাশের দরজা দিয়ে ক্যামেরা চালিয়ে দৃশ্য ধারণ করতেন। কোথাও কোনো দৃশ্য ভালো মনে হলে স্ট্যালোনকে গাড়ি থেকে নামিয়ে দৌড়াতে বলতেন।
ইতালিয়ান মার্কেটের সেই বিখ্যাত দৃশ্যও এমনভাবেই ধারণ করা হয়েছিল। রকি দৌড়ে যাওয়ার সময় একজন দোকানি তাঁকে কমলা ছুড়ে দেন। ঘটনাটি চিত্রনাট্যে ছিল না। দোকানি জানতেনও না যে সিনেমার শুটিং হচ্ছে। তাঁর স্বতঃস্ফূর্ত আচরণই পরে সিনেমার স্মরণীয় দৃশ্যগুলোর একটি হয়ে ওঠে।
অ্যাড্রিয়ানের সঙ্গে বরফের মাঠে রকির দেখা করার দৃশ্যটির পেছনেও ছিল অর্থসংকট। পরিকল্পনা ছিল, সেখানে ৩০০ জন অতিরিক্ত অভিনয়শিল্পী থাকবেন। কিন্তু শুটিংয়ের দিন দেখা গেল, মাত্র একজন উপস্থিত। স্ট্যালোন পরিস্থিতি সামলে দৃশ্যটি নতুনভাবে সাজান। পরবর্তী সময়ে এই দৃশ্য রকি ও অ্যাড্রিয়ানের সম্পর্কের অন্যতম সুন্দর মুহূর্ত হয়ে ওঠে।
এসব সীমাবদ্ধতা সিনেমাটিকে বরং বাস্তবতার কাছাকাছি নিয়ে গিয়েছিল। ফিলাডেলফিয়ার অলিগলি, পুরোনো বাড়ি, বন্দর ও বাজার—সবকিছু যেন গল্পেরই অংশ হয়ে ওঠে।
গল্পের ভেতরে আরেক গল্প: রকি ও অ্যাড্রিয়ানের প্রেম
লাজুক, অন্তর্মুখী এক তরুণী অ্যাড্রিয়ান। ভাই পলির সঙ্গে থাকেন। নিজের জীবন নিয়েও খুব একটা আত্মবিশ্বাসী নন। রকির সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর জীবন বদলাতে থাকে।
রকিও অ্যাড্রিয়ানের মধ্যে খুঁজে পান এমন একজন মানুষ, যিনি তাঁকে বিচার না করে গ্রহণ করেন। রিংয়ের বাইরে এই সম্পর্কই রকির জীবনে স্থিতি ও সাহস এনে দেয়। অ্যাড্রিয়ানের চরিত্রে টালিয়া শায়ারের অভিনয় সিনেমাটিকে শুধু খেলাধুলার গল্পে আটকে থাকতে দেয়নি।
অন্যদিকে রকির পুরোনো প্রশিক্ষক মিকি গোল্ডমিল প্রথমে রকিকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু বড় লড়াইয়ের সুযোগ আসার পর তাঁকে প্রশিক্ষণ দিতে চান। রকি প্রথমে ক্ষুব্ধ হলেও পরে মিকির সঙ্গে কাজ শুরু করেন। প্রশিক্ষক ও শিক্ষার্থীর এই সম্পর্কও সিনেমাটির আবেগের অন্যতম ভিত্তি।
অ্যাপোলো ক্রিডের চরিত্রে কার্ল ওয়েদার্স ছিলেন আত্মবিশ্বাসী, জনপ্রিয় ও বর্ণাঢ্য এক চ্যাম্পিয়ন। তাঁর বিপরীতে রকি একেবারেই সাধারণ। এই বৈপরীত্য থেকেই তৈরি হয় সিনেমার নাটকীয়তা।
সেই সিঁড়ি, সেই সংগীত—যা সিনেমার ইতিহাসে অমর
‘রকি’র কথা উঠলে প্রথমেই মনে পড়ে ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সিঁড়ির কথা। প্রশিক্ষণের একপর্যায়ে রকি দৌড়াতে দৌড়াতে সিঁড়ির ওপরে ওঠেন। ওপরে পৌঁছে দুই হাত তুলে উল্লাস করেন। পেছনে বাজতে থাকে বিল কন্টির সুর করা ‘গোনা ফ্লাই নাউ’। দৃশ্যটি এতটাই জনপ্রিয় হয়েছে যে ফিলাডেলফিয়া ভ্রমণে গেলে পর্যটকেরা এখনো সেই সিঁড়িতে ওঠেন, রকির মতো দুই হাত তুলে ছবি তোলেন।
সিঁড়িটির পরিচিতি এখন ‘রকি স্টেপস’। সেখানে স্থাপন করা হয়েছে রকির ১০ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি। ১৯৮২ সালে ‘রকি থ্রি’ সিনেমার জন্য তৈরি হয়েছিল মূর্তিটি। পরে সেটি শহরের অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণে পরিণত হয়। ২০২৬ সালে দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রতিবছর আনুমানিক ৪০ লাখ মানুষ এই মূর্তি দেখতে যান।
এই দৃশ্যের পেছনে শুধু একজন বক্সারের প্রশিক্ষণ নেই, আছে একটি শহরের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। সিনেমাটির সংগীতও এখানে গুরুত্বপূর্ণ। বিল কন্টির তৈরি ‘গোনা ফ্লাই নাউ’ যেন রকির লড়াইয়ের সংগীত হয়ে উঠেছে। সিনেমার বাইরে খেলাধুলার অনুষ্ঠান, বিজ্ঞাপন, টেলিভিশন অনুষ্ঠান—বিভিন্ন জায়গায় এই সুর ব্যবহৃত হয়েছে।
প্রশিক্ষণের দৃশ্যগুলোও পরবর্তী সময়ে স্পোর্টস সিনেমার ভাষা বদলে দেয়। কঠোর অনুশীলন, বারবার ব্যর্থ হওয়া, প্রশিক্ষকের নির্দেশনা, শরীর ও মনকে প্রস্তুত করা এবং শেষে বড় লড়াইয়ে নামা—এই কাঠামো পরে বহু সিনেমায় দেখা গেছে। ‘দ্য কারাতে কিড’, ‘কুল রানিংস’, ‘মিলিয়ন ডলার বেবি’, ‘আকিলা অ্যান্ড দ্য বি’ কিংবা ‘সার্চিং ফর ববি ফিশার’—বিষয় আলাদা হলেও গল্প বলার ধরনে রকির প্রভাব খুঁজে পাওয়া যায়।
রকি আসলে ফিলাডেলফিয়ারই আরেক নাম
‘রকি’ মুক্তির পর ফিলাডেলফিয়ার সঙ্গে সিনেমাটির সম্পর্ক ক্রমেই গভীর হয়েছে। শহরের মানুষ রকির মধ্যে নিজেদের দেখতে পেয়েছেন। পুরোনো শিল্পাঞ্চল, শ্রমজীবী মানুষের জীবন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অবহেলার মধ্যেও টিকে থাকার চেষ্টা—সবকিছু মিলে রকি হয়ে উঠেছেন শহরটির প্রতীক।
সত্তরের দশকে ফিলাডেলফিয়া অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছিল। কারখানা বন্ধ হচ্ছিল, শিল্পাঞ্চলগুলো ক্রমে জনশূন্য হয়ে পড়ছিল। শহরের অনেক এলাকায় দারিদ্র্য ও অপরাধ বাড়ছিল। অ্যাভিল্ডসেনের ক্যামেরায় সেই বিবর্ণ শহরই উঠে এসেছিল। রকির দৌড়ের দৃশ্যগুলো তাই শুধু প্রশিক্ষণের দৃশ্য নয়, ছিল শহরের মানুষের জীবনযুদ্ধের প্রতিচ্ছবি।
তবে এই জনপ্রিয়তার পেছনে একটি অস্বস্তিকর সামাজিক প্রশ্নও রয়েছে। ফিলাডেলফিয়ার বাস্তব বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন জো ফ্রেজিয়ার। কৃষ্ণাঙ্গ এই বক্সার মোহাম্মদ আলীকে পরাজিত করেছিলেন। তাঁর অর্জন ছিল বাস্তব, অথচ শহরে তাঁর মূর্তির তুলনায় কাল্পনিক রকির মূর্তিই বেশি মানুষের মনোযোগ পায়।
দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, রকি ছিলেন শ্বেতাঙ্গ, ইতালীয় বংশোদ্ভূত এক কাল্পনিক চরিত্র। অন্যদিকে ফ্রেজিয়ার ছিলেন কৃষ্ণাঙ্গ শ্রমজীবী পরিবারের বাস্তব প্রতিনিধি। হলিউডের সিনেমা রকির কষ্টকে এমনভাবে সর্বজনীন করে তুলেছিল যে শহরের মানুষ তাঁকে নিজেদের প্রতীক হিসেবে গ্রহণ করেন। কিন্তু ফ্রেজিয়ারের বাস্তব সংগ্রাম ও সাফল্য একই মাত্রায় সাংস্কৃতিক জনপ্রিয়তা পায়নি।
অ্যাপোলো, ক্লাবার, দ্রাগো—প্রতিপক্ষের মধ্যেও সময়ের রাজনীতি
‘রকি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিপক্ষদের দিকে তাকালেও যুক্তরাষ্ট্রের সময় ও রাজনীতির পরিবর্তন বোঝা যায়। প্রথম সিনেমার অ্যাপোলো ক্রিড কৃষ্ণাঙ্গ, আত্মবিশ্বাসী ও জনপ্রিয় চ্যাম্পিয়ন। তাঁর চরিত্রে অভিনয় করেন কার্ল ওয়েদার্স। সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের সমাজে কৃষ্ণাঙ্গদের সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও ক্রীড়াক্ষেত্রে আধিপত্যের যে উত্থান ঘটছিল, অ্যাপোলোর চরিত্রে তার প্রতিফলন খুঁজে পাওয়া যায়। তিনি শুধু রকির প্রতিপক্ষ নন, তাঁর বিপরীতে দাঁড়িয়ে রকির নিজের অবস্থানও স্পষ্ট করেন।
‘রকি থ্রি’তে আসে ক্লাবার ল্যাং। অভিনয় করেন মি. টি। তিনি আক্রমণাত্মক, শক্তিশালী এবং রকির প্রতিষ্ঠিত অবস্থানের জন্য হুমকি। এখানে রকিকে লড়তে হয় নিজের অহংকার ও আত্মতুষ্টির বিরুদ্ধেও।
‘রকি ফোর’-এ প্রতিপক্ষ সোভিয়েত বক্সার ইভান দ্রাগো। অভিনয় করেন ডলফ লান্ডগ্রেন। এবার বক্সিংয়ের রিং যেন স্নায়ুযুদ্ধের যুদ্ধক্ষেত্র। একদিকে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী রকি, অন্যদিকে সোভিয়েত ব্যবস্থার প্রতীক হিসেবে উপস্থাপিত দ্রাগো। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ছবিটি রাজনৈতিক প্রচারণার উপাদানও হয়ে উঠেছিল।
পরবর্তী সিনেমাগুলোতে লড়াইয়ের বিষয় বদলে যায়। বয়স, জনপ্রিয়তা হারানো, জীবনের শেষ প্রান্তে পৌঁছে আবার নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষা—এসব হয়ে ওঠে গল্পের মূল উপাদান। প্রতিটি পর্বে রকির প্রতিপক্ষ আসলে বাইরের কোনো মানুষ হওয়ার পাশাপাশি তাঁর নিজের সময়, ভয় ও সীমাবদ্ধতার প্রতীক।
তিন অস্কার, ২২ কোটি ৫০ লাখ ডলারের ব্যবসা
‘রকি’র ব্যবসায়িক সাফল্য ছিল অবিশ্বাস্য। প্রায় ১১ লাখ ডলারের নির্মাণ ব্যয়ের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলার। ১৯৭৬ সালের সর্বোচ্চ আয় করা সিনেমাও ছিল এটি। সেই সময়ের হিসাবে এটি ছিল এক বিরাট অর্জন।
১৯৭৭ সালের ৪৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা সম্পাদনা—এই তিন বিভাগে পুরস্কার জেতে সিনেমাটি। পরিচালক জন জি অ্যাভিল্ডসেনের হাতে ওঠে সেরা পরিচালকের পুরস্কার। সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন প্রযোজক আরউইন উইঙ্কলার ও রবার্ট চার্টফ। সেরা সম্পাদনার পুরস্কার পান রিচার্ড হ্যালসি ও স্কট কনরাড।
স্ট্যালোনও পেয়েছিলেন সেরা অভিনেতা ও সেরা চিত্রনাট্যকারের মনোনয়ন। একই বছর অভিনয় ও চিত্রনাট্য—দুই বিভাগে মনোনয়ন পাওয়া ছিল তাঁর জন্য বিশেষ অর্জন। তবে দুটি বিভাগেই পুরস্কার জিততে পারেননি তিনি।
অস্কারের মঞ্চে সেদিনের একটি মুহূর্তও স্মরণীয়। মোহাম্মদ আলী হঠাৎ মঞ্চে হাজির হয়ে স্ট্যালোনের সঙ্গে মজার ছলে বক্সিংয়ের ভঙ্গি করেন। পর্দার রকি ও বাস্তবের আলীকে একই মঞ্চে দেখে দর্শকেরা আনন্দে ফেটে পড়েছিলেন।
রকি থেকে ক্রিড: পাঁচ দশকের এক ফ্র্যাঞ্চাইজি
প্রথম সিনেমার সাফল্যের পর রকিকে আর বিদায় দিতে পারেননি নির্মাতারা। ১৯৭৯ সালে আসে ‘রকি টু’। এবার রকি ও অ্যাপোলোর লড়াইয়ের পরিণতি দেখতে পান দর্শকেরা। ১৯৮২ সালের ‘রকি থ্রি’তে খ্যাতি ও আত্মতুষ্টির বিরুদ্ধে লড়াই করেন তিনি। ১৯৮৫ সালের ‘রকি ফোর’ হয়ে ওঠে সিরিজের সবচেয়ে আলোচিত রাজনৈতিক অধ্যায়গুলোর একটি।
১৯৯০ সালে মুক্তি পায় ‘রকি ফাইভ’। এরপর দীর্ঘ বিরতি। ২০০৬ সালে ‘রকি বালবোয়া’য় আবার ফিরে আসেন স্ট্যালোন। এবার বয়সের ভারে নুয়ে পড়া রকি নিজের ভেতরের শক্তিকে নতুন করে আবিষ্কার করেন। বয়সের কারণে তাঁকে আর আগের মতো শক্তিশালী মনে হয় না, কিন্তু লড়াইয়ের আকাঙ্ক্ষা তখনো অটুট।
২০১৫ সালে ‘ক্রিড’ সিনেমার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে আসে নতুন প্রজন্ম। অ্যাপোলো ক্রিডের ছেলে অ্যাডোনিসের চরিত্রে অভিনয় করেন মাইকেল বি জর্ডান। স্ট্যালোন এখানে আর প্রধান বক্সার নন, তিনি প্রশিক্ষক। একসময় যে মানুষটি অন্যের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন, এবার তিনিই নতুন একজন যোদ্ধাকে তৈরি করছেন।
‘ক্রিড’ সিনেমায় অভিনয়ের জন্য স্ট্যালোন গোল্ডেন গ্লোব পুরস্কারও পান। এরপর মুক্তি পায় ‘ক্রিড টু’ ও ‘ক্রিড থ্রি’। তৃতীয় ছবিটি পরিচালনা করেন মাইকেল বি জর্ডান নিজেই। রকির মূল গল্প থেকে বেরিয়ে এসেও নতুন প্রজন্মের দর্শকের কাছে ফ্র্যাঞ্চাইজির আবেদন ধরে রাখার চেষ্টা ছিল এই ছবিগুলোতে।
‘রকি’ ও ‘ক্রিড’ মিলিয়ে এ পর্যন্ত ৯টি সিনেমা মুক্তি পেয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি এক বিলিয়ন ডলারের অনেক বেশি আয় করেছে।
পঞ্চাশ বছর পরেও পুরোনো হননি রকি
আধুনিক প্রযুক্তি, দ্রুত সম্পাদনা, বিশাল বাজেট কিংবা চোখধাঁধানো দৃশ্যের বিচারে এটি বর্তমান সময়ের অনেক সিনেমার মতো নয় ‘রকি’। কিন্তু এর গল্পের শক্তি এখনো অক্ষুণ্ন। মানুষের জীবনে ব্যর্থতা ও স্বপ্নের দ্বন্দ্ব কখনো পুরোনো হয় না। কেউ আবার জীবনের কোনো এক পর্যায়ে এসে বুঝতে পারেন, এত দিন যা চেয়েছেন তা হয়তো আর পাওয়া হবে না। কিন্তু তারপরও নতুন করে শুরু করার ইচ্ছা থেকে যায়। ‘রকি’র গল্প সেই ইচ্ছাকেই সম্মান করে। তিনি চ্যাম্পিয়ন হতে পারেননি, কিন্তু নিজেকে ব্যর্থ ভাবেননি। জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে নেমে নিজের সীমাবদ্ধতা অতিক্রম করেছেন। তাঁর কাছে জয়ের অর্থ বদলে গেছে।
দ্য গার্ডিয়ানের বিশ্লেষণেও বলা হয়েছে, ‘রকি’ একসময় নিছক একটি সিনেমা থেকে আধুনিক লোককথায় পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম এই গল্পকে নতুনভাবে বলছে। কারণ, প্রত্যেক সময়ের মানুষেরই নিজের একটি অসম্ভব লড়াই থাকে।
নতুন করে ফিরছে রকি, স্ট্যালোনের জীবন নিয়েও সিনেমা
৫০ বছর পূর্তিতে ‘রকি’কে ঘিরে নতুন আয়োজনও হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘আই প্লে রকি’। পিটার ফ্যারেলি পরিচালিত সিনেমাটিতে তরুণ সিলভেস্টার স্ট্যালোনের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ইপোলিটো। গল্পটি মূলত ‘রকি’ নির্মাণের নেপথ্যের কাহিনি। কীভাবে অর্থকষ্টে থাকা একজন অখ্যাত অভিনেতা নিজের লেখা চিত্রনাট্য নিয়ে হলিউডের প্রযোজকদের সঙ্গে লড়েছিলেন, কীভাবে নিজের চরিত্রে অভিনয়ের দাবিতে অনড় ছিলেন—সেসব উঠে এসেছে এতে।
ছবিটি ৬ নভেম্বর নির্বাচিত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘রকি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংগ্রহযোগ্য সংস্করণ। চার হাজার রেজোল্যুশনের ছবির পাশাপাশি থাকবে উন্নত সাউন্ড, স্ট্যালোনসহ অভিনয়শিল্পী ও নির্মাতাদের ধারাভাষ্য, নির্মাণের নেপথ্যের তথ্যচিত্র, পুরোনো শুটিংয়ের দৃশ্য এবং তিন ঘণ্টার বেশি বিশেষ আয়োজন। পুরোনো সিনেমাটিকে নতুন প্রজন্মের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগ্রাহকদের জন্যও এটি বিশেষ উপহার।
এদিকে স্ট্যালোনের মাথায় ঘুরছে আরও একটি ভাবনা—সপ্তম ‘রকি’ সিনেমা। ২০০৬ সালের ‘রকি বালবোয়া’র পর নতুন কিস্তি আসতে পারে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে নতুন সিনেমার গল্প কী হবে, কিংবা সেটি আদৌ নির্মিত হবে কি না, এখনো নিশ্চিত নয়।
রকি আর স্ট্যালোন—মিলিয়ে দেখলে মনে হবে দুজন আসলে আলাদা কেউ নন। শৈশবের প্রত্যাখ্যান থেকে দারিদ্র্য, অডিশনের পর অডিশন, নিজের লেখা গল্প বিক্রি না করে নিজেই নায়ক হওয়ার জেদ, ‘রকি’র অস্কার জয়, ‘র্যাম্বো’র জনপ্রিয়তা, শরীরের ওপর চরম পরীক্ষা, পারিবারিক সংকট, সন্তানের মৃত্যু, আবার উঠে দাঁড়ানো—সব মিলিয়ে স্ট্যালোনের জীবন নিজেই যেন একটি দীর্ঘ স্পোর্টস ড্রামা। ‘রকি’র ৫০ বছর পূর্তি আর স্ট্যালোনের ৮০তম জন্মবর্ষে প্রকাশিত স্মৃতিকথা ‘দ্য স্টেপস’ লিখতে গিয়ে অভিনেতা ফিরে গেছেন দারিদ্র্য, প্রত্যাখ্যান, পারিবারিক ক্ষত, সন্তানের মৃত্যু, তারকা হওয়ার চাপ, শরীরের ওপর নির্যাতন—সবকিছুর কাছে। আর বারবার ফিরে এসেছেন সেই একটি চরিত্রের কাছে, যে তাঁকে পৃথিবীর কাছে পরিচিত করেছিল।
স্ট্যালোনের ভাষায়, ‘রকি’ তাঁর জীবনের এক ‘সুনামির মতো সৌভাগ্য’ এনে দিয়েছে। তিনি বলেন, এত বছর পরও তরুণেরা যখন ছবিটি দেখেন, তাঁরা ৮০ বছরের স্ট্যালোনকে নন, রকি বালবোয়ার সঙ্গে নিজেদের মিল খোঁজেন।
পাঁচ দশক পরও যখন কোনো তরুণ রকির মতো হাত তুলে ফিলাডেলফিয়ার সিঁড়ির চূড়ায় দাঁড়ায়, সেটি শুধু একটি সিনেমার দৃশ্য পুনরাভিনয় নয়। সেটি আসলে সেই পুরোনো বিশ্বাসটির পুনরাবৃত্তি—হয়তো তুমি জিতবে না। কিন্তু তুমি কত দূর যেতে পারো, সেটা কেউ তোমার হয়ে ঠিক করে দিতে পারে না।
এ কারণেই ৫০ বছর পরও ‘রকি’র গল্প শেষ হয়নি, হয়তো হবেও না।
এপি, দ্য গার্ডিয়ান, ভ্যারাইটি ও আইএমডিবি অবলম্বনে