‘স্ট্রিট ফাইটার’-এর দৃশ্য। আইএমডিবি
‘স্ট্রিট ফাইটার’-এর দৃশ্য। আইএমডিবি

মোমোয়া–জামওয়ালের লড়াই, ঢাকায় আসছে ‘স্ট্রিট ফাইটার’

সবুজ চামড়ার ব্ল্যাঙ্কা হয়ে হাজির হচ্ছেন জেসন মোমোয়া। ধালসিমের ভূমিকায় দেখা যাবে ভারতের অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালকে। আর আকুমা হয়ে লড়াইয়ে নামছেন রেসলিং তারকা রোমান রেইন্স। ভিডিও গেমের পরিচিত যোদ্ধাদের এমন তারকাবহুল সমাবেশ নিয়ে বড় পর্দায় আসছে ‘স্ট্রিট ফাইটার’। আগামীকাল শুক্রবার, ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ছবিটি। স্টার সিনেপ্লেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, একই দিনে বাংলাদেশের এই মাল্টিপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

ক্যাপকমের জনপ্রিয় ফাইটিং গেম সিরিজ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। গেমের পরিচিত চরিত্র ও তাঁদের লড়াই এবার দেখা যাবে লাইভ অ্যাকশনে। রিউ চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, কেন মাস্টার্স হয়েছেন নোয়া সেন্টিনিও। চুন-লির ভূমিকায় আছেন ক্যালিনা লিয়াং।

ছবির গল্প এগিয়েছে ১৯৯৩ সালের প্রেক্ষাপটে। দুই মার্শাল আর্ট যোদ্ধা রিউ ও কেন মাস্টার্সের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। রহস্যময়ী চুন-লি তাঁদের আবার লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনেন। তাঁর আহ্বানে দুজন যোগ দেন ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’-এ। সেখানে অপেক্ষা করছে দুর্ধর্ষ সব প্রতিপক্ষ।

তবে এই প্রতিযোগিতা কেবল শক্তি আর কৌশল দেখানোর মঞ্চ নয়। এর আড়ালে রয়েছে এক প্রাণঘাতী ষড়যন্ত্র। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি রিউ ও কেনকে নিজেদের অতীতের মুখোমুখি হতে হবে। পরিস্থিতি তাঁদের দাঁড় করিয়ে দেবে একে অপরের বিরুদ্ধেও।

‘স্ট্রিট ফাইটার’–এর পোস্টার। আইএডিবি

অ্যাকশনের পাশাপাশি ছবিটির বড় আকর্ষণ বিভিন্ন চরিত্রে পরিচিত তারকাদের উপস্থিতি। মোমোয়া, জামওয়াল ও রোমান রেইন্সের সঙ্গে আছেন আরেক রেসলিং তারকা কোডি রোডস; তাঁকে দেখা যাবে গাইল চরিত্রে। এম বাইসনের ভূমিকায় অভিনয় করেছেন ডেভিড ডাস্টমালচিয়ান। বালরগ হয়েছেন র‍্যাপার ও অভিনেতা কার্টিস ‘ফিফটি সেন্ট’ জ্যাকসন।

ভারতীয় দর্শকদের জন্য আলাদা আগ্রহের জায়গা বিদ্যুৎ জামওয়াল। অ্যাকশন ছবির পরিচিত এই অভিনেতাকে এবার দেখা যাবে ধালসিমের ভূমিকায়। অন্যদিকে ব্ল্যাঙ্কা চরিত্রে মোমোয়ার সবুজ চামড়ার রূপও নজর কাড়ছে। চলচ্চিত্র, সংগীত ও রেসলিংয়ের তারকাদের একসঙ্গে পর্দায় দেখার সুযোগ থাকছে ছবিটিতে।

গেমের ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকবে প্রিয় চরিত্রগুলোর লড়াই। ‘হাডুকেন’ থেকে ঘূর্ণায়মান কিক—গেমের চেনা আক্রমণগুলো বড় পর্দায় তুলে আনার কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান লেজেন্ডারি ও পরিবেশক প্যারামাউন্ট। আর্কেডের পরিচিত সেই লড়াই সিনেমা হলে কতটা জমবে, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।