হলিউডে তারকাদের ব্যক্তিজীবন প্রায়ই জনসমক্ষে চলে আসে। তাই অনেক তারকা তাঁদের বিয়ের মতো ব্যক্তিগত মুহূর্তকে সংবাদমাধ্যমের আলোচনার বাইরে রাখতে চান। কেউ নিরাপত্তার কারণে, কেউ আবার সম্পর্কের আবেগঘন মুহূর্তটিকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য গোপন বিয়ের পথ বেছে নেন। ফলে কোটি ভক্তের প্রিয় তারকারা কখনো কখনো সবচেয়ে বড় খবরটিও সবার অগোচরেই সেরে ফেলেন। তেমন ঘটনা নিয়েই এই প্রতিবেদন।
১. বিয়ন্সে ও জে-জেড
বিশ্বসংগীতের সবচেয়ে প্রভাবশালী জুটিগুলোর একটি বিয়ন্সে ও জে-জেড। ২০০০ সালের দিকে তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা শুরু হয়। ২০০২ সালে জে-জেডের গান ঘিরে একসঙ্গে কাজ করার পর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। দীর্ঘদিন প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও ২০০৮ সালের ৪ এপ্রিল নিউইয়র্কে জে-জেডের বাসভবনে গোপনে বিয়ে করেন তাঁরা। অতিথি ছিলেন কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ের কয়েক মাস পর ধীরে ধীরে বিষয়টি প্রকাশ্যে আসে।
২. ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডস
২০১০ সালে তাঁদের ‘গ্রিন ল্যান্টার্ন’ সিনেমার শুটিংয়ে পরিচয়। তখন দুজনেই অন্য সম্পর্কে ছিলেন। ২০১১ সালে সম্পর্ক প্রকাশ্যে আসে। মাত্র এক বছর পর ২০১২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ ক্যারোলাইনার একটি ব্যক্তিগত ভেন্যুতে গোপনে বিয়ে করেন। বিয়ের খবর সংবাদমাধ্যম জানতে পারে অনুষ্ঠান শেষ হওয়ার বেশ পরে। তাঁরা গুঞ্জনকে তেমন গুরুত্ব দেননি।
৩. মার্গো রবি ও টম অ্যাকার্লি
২০১৩ সালে ‘সুইত ফ্রঁসেজ’ সিনেমার সেটে পরিচয় হয় অভিনেত্রী মার্গো রবি এবং সহকারী পরিচালক টম অ্যাকার্লির। পরে বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে রূপ নেয়। ২০১৬ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বায়রন বে এলাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেন। গোপনে বিয়ের পরে খবরটি নিশ্চিত করেন মার্গো নিজেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আংটির ছবি প্রকাশ করে খবরটি ভক্তদের জানান।
৪. মিলা কুনিস ও অ্যাশটন কুচার
১৯৯৮ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্যাট সেভেন্টিজ শো’–এর সেটে প্রথম পরিচয়। তবে তখন তাঁদের মধ্যে প্রেম ছিল না। প্রায় ১৫ বছর পর ২০১২ সালে প্রেম শুরু হয়। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেন। পরে প্রকাশ্যে আনেন বিয়ের খবর।
৫. স্কারলেট জোহানসন ও কলিন জস্ট
দুজনের পরিচয় বহু বছর আগে ‘সাটারডে নাইট লাইভ’–এর মাধ্যমে। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। ২০২০ সালে করোনা মহামারির মধ্যে পরিবারের সীমিত উপস্থিতিতে গোপনে বিয়ে করেন। পরে একটি দাতব্য সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানায়।
৬. এমা স্টোন ও ডাভ ম্যাককেরি
তাঁদেরও একই অনুষ্ঠান ‘সাটারডে নাইট লাইভ’–এর সেটে পরিচয় হয়। সময়টা ২০১৬। ডাভ ম্যাককেরি তখন অনুষ্ঠানটির লেখক ও পরিচালক দলের সদস্য ছিলেন। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। ২০২০ সালে করোনা মহামারির মধ্যে খুব সীমিত পরিসরে তাঁরা গোপনে বিয়ে করেন। পরে তাঁদের প্রথম সন্তানের জন্মের খবরের মাধ্যমে অনেকেই বিয়ের বিষয়টি নিশ্চিতভাবে জানতে পারেন।
৭. এড শিরান ও চেরি সিবর্ন
তাঁদের গল্পটি হলিউডের সবচেয়ে মিষ্টি প্রেমকাহিনিগুলোর একটি। স্কুলজীবন থেকেই পরিচয় ছিল। পরে আলাদা হয়ে গেলেও ২০১৫ সালে আবার যোগাযোগ শুরু হয়। ২০১৮ সালের শেষ দিকে ইংল্যান্ডে নিজেদের বাড়িতে মাত্র কয়েকজন ঘনিষ্ঠ অতিথিকে নিয়ে বিয়ে করেন। কিন্তু সবকিছুই গোপন রাখেন। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে স্ত্রীকে উল্লেখ করার পর বিয়ের খবর নিশ্চিত হয়।
৮. ক্যামেরন ডিয়াজ ও বেনজি ম্যাডেন
২০১৪ সালে অভিনেত্রী নিকোল রিচির মাধ্যমে তাঁদের পরিচয় হয়। নিকোল রিচি বেনজি ম্যাডেনের ভাবি। ক্যামেরন ডিয়াজ ও বেনজি ম্যাডেনের পরিচয়ের কয়েক মাসের মধ্যেই সম্পর্ক গাঢ় হয়। মাত্র সাত মাসের প্রেমের পর ২০১৫ সালের জানুয়ারিতে বেভারলি হিলসের বাড়িতে ছোট পরিসরে বিয়ে করেন তাঁরা। বিয়ের খবর অনুষ্ঠান শেষ হওয়ার পর গণমাধ্যমে আসে।
৯. পেনেলোপে ক্রুজ ও হাভিয়ের বারদেম
১৯৯২ সালে ‘জামন জামন’ ছবির সেটে প্রথম পরিচয়। তবে তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। এটি পেনেলোপের প্রথম ছবি। পরে তাঁরা ২০০৭ সালে আবার একটি সিনেমায় কাজ করে খুব বেশি কাছাকাছি আসেন। তখন গণমাধ্যমে গুঞ্জন শুরু হয়। কিন্তু প্রকাশ্যে তাঁরা কখনোই কিছু বলেননি। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ২০১০ সালে বাহামায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন। সংবাদমাধ্যমে খবরটি কয়েক সপ্তাহ পরে আসে।
১০. জেসন মোমোয়া ও লিসা বোনেট
জেসন মোমোয়া বহু সাক্ষাৎকারে বলেছেন, কিশোর বয়সে টেলিভিশনে লিসা বোনেটকে দেখে তাঁর প্রতি মুগ্ধ হয়েছিলেন। ২০০৫ সালে এক বন্ধুর মাধ্যমে তাঁদের পরিচয় হয়। এরপর দ্রুত সম্পর্ক গড়ে ওঠে। অনেক বছর ধরে ভক্তরা মনে করতেন তাঁরা বিবাহিত। কিন্তু বাস্তবে ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার টোপাঙ্গায় নিজেদের বাড়িতে গোপনে বিয়ে করেন। কয়েক সপ্তাহ পরে বিষয়টি প্রকাশ্যে আসে।