কয়েক মাসের করপোরেট লড়াই, নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতা, মামলা ও নানা অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত এক হলো হলিউডের দুই বড় প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। ১১১ বিলিয়ন ডলারের চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দুই প্রতিষ্ঠান এখন থেকে একসঙ্গে স্কাইড্যান্স করপোরেশন নামে পরিচালিত হবে। নতুন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এলিসন।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ঋণ গ্রহণসহ চুক্তিটির মোট মূল্য ১১১ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে একই ছাতার নিচে এল হলিউডের দুই বড় স্টুডিও; সিবিএস, সিএনএন, কমেডি সেন্ট্রাল, এমটিভি ও টিবিএসের মতো টেলিভিশন নেটওয়ার্ক এবং প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সের মতো স্ট্রিমিং সেবা।
নতুন স্কাইড্যান্সের বার্ষিক আয় প্রায় ৭০ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে একই সঙ্গে প্রায় ৮০ বিলিয়ন ডলারের নিট ঋণের বোঝাও সামলাতে হবে তাদের।
চুক্তি সম্পন্ন হওয়ার পর ডেভিড এলিসন এক বিবৃতিতে বলেন, ‘আজকের দিনটি শুধু স্কাইড্যান্সের জন্য নয়, আমাদের পুরো শিল্পের জন্যই ঐতিহাসিক।’
এলিসন জানান, শুরু থেকেই তাঁদের লক্ষ্য ছিল ঐতিহ্যবাহী দুই স্টুডিওকে এক জায়গায় এনে আরও শক্তিশালী প্রতিযোগী তৈরি করা। প্রতিভা, সম্পদ ও বিস্তৃত পরিসর কাজে লাগিয়ে সব ধরনের গল্প সব প্ল্যাটফর্মে বিশ্বের দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। এখন সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিয়েছে।
যেভাবে হলো এই চুক্তি
গত বছরের শেষ দিকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার লড়াই শুরু হয়। প্রথম দিকে এগিয়ে ছিল নেটফ্লিক্স। গত ডিসেম্বরে ঋণসহ প্রায় ৮২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের কিছু সম্পদ কিনতে সম্মত হয়েছিল প্রতিষ্ঠানটি। পরে পাল্টা প্রস্তাব নিয়ে আসে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
শুরুতে প্যারামাউন্টের প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও পরে শেয়ারপ্রতি এক ডলার বাড়িয়ে নতুন প্রস্তাব দেওয়া হয়। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি জানায়, নেটফ্লিক্সের চেয়ে প্যারামাউন্টের প্রস্তাব ভালো। নেটফ্লিক্সকে প্রস্তাব বাড়ানোর সুযোগ দেওয়া হলেও তারা আর দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর ১১১ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে এগিয়ে যায় প্যারামাউন্ট স্কাইড্যান্স।
তবে সেখানেই বাধা শেষ হয়নি। যুক্তরাষ্ট্রের ১২ জন ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলের করা অ্যান্টিট্রাস্ট মামলার মুখে পড়ে চুক্তিটি। এ কারণে চুক্তি সম্পন্ন হতেও দেরি হয়। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে অধিগ্রহণ করল প্যারামাউন্ট।
এক হবে এইচবিও ম্যাক্স ও প্যারামাউন্ট প্লাস
নতুন স্কাইড্যান্সের ব্যবসা পরিচালিত হবে তিনটি বিভাগে—স্টুডিওস, ডিরেক্ট-টু-কনজ্যুমার ও টিভি মিডিয়া।
প্রতিষ্ঠানটির আওতায় এখন থাকছে প্যারামাউন্ট পিকচার্স, ওয়ার্নার ব্রাদার্স, এইচবিও, এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট প্লাস, প্লুটো টিভি, সিবিএস, সিএনএন, সিবিএস স্পোর্টস, টিএনটি স্পোর্টস, নিকেলোডিয়ন, কার্টুন নেটওয়ার্ক, এমটিভি, ফুড নেটওয়ার্ক, বিইটি, এইচজিটিভি ও কমেডি সেন্ট্রাল।
স্ট্রিমিং ব্যবসাতেও বড় পরিবর্তন আসছে। স্কাইড্যান্স জানিয়েছে, সময়ের সঙ্গে প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সকে একীভূত করে একটি স্ট্রিমিং সেবা করা হবে।
চাকরি হারাতে পারেন হাজারো কর্মী
একীভূতকরণের পর আগামী তিন বছরে বার্ষিক হিসাবে ৬ বিলিয়ন ডলারের বেশি ব্যয় সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে স্কাইড্যান্স। প্রযুক্তি, বিভিন্ন কার্যক্রমের সমন্বয়, পণ্য ও সেবা কেনাকাটা, বিপণন ও আবাসন খাত থেকে মূলত এই ব্যয় কমানো হবে।
তবে এর প্রভাব পড়তে পারে কর্মীদের ওপরও। আগামী কয়েক মাসে সাবেক প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির হাজারো কর্মী ছাঁটাই হতে পারেন।
স্কাইড্যান্সের লক্ষ্য, ২০২৬ ও ২০২৭ সালে নিট ঋণ ও সমন্বিত আয়ের অনুপাত আনুমানিক সাত গুণ থেকে কমিয়ে ২০২৯ সালের শেষ নাগাদ তিন গুণে নামিয়ে আনা।
এলিসন পরিবারের হাতেই নিয়ন্ত্রণ
নতুন স্কাইড্যান্সে সবচেয়ে বড় মালিকানা থাকছে এলিসন পরিবারের হাতে। ডেভিড এলিসনের বাবা প্রযুক্তি খাতের ধনকুবের ল্যারি এলিসনের বিপুল আর্থিক সমর্থন রয়েছে এই অধিগ্রহণে। এলিসন পরিবার ও বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্সের হাতে থাকবে একীভূত প্রতিষ্ঠানের শতভাগ ভোটাধিকার।
চুক্তির অর্থায়নে ক্লাস বি সাধারণ শেয়ারে ৪৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন ল্যারি এলিসন, রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স, লায়নট্রি এবং সৌদি আরব, কাতার ও আবুধাবির সার্বভৌম সম্পদ তহবিল। প্রতি শেয়ারের মূল্য ছিল ১২ ডলার। ঋণ অর্থায়নে নেতৃত্ব দিয়েছে ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ ও অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট।
চুক্তির শর্ত অনুযায়ী, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ প্রায় ৩১ দশমিক শূন্য ২ ডলার পেয়েছেন। প্রতিষ্ঠানটির শেয়ার নাসডাকে লেনদেন বন্ধ হয়েছে। অন্যদিকে স্কাইড্যান্সের ক্লাস বি শেয়ার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘এসকেওয়াইডি’ প্রতীকে লেনদেন শুরু করছে।
নতুন প্রতিষ্ঠানে ডেভিড এলিসনের সঙ্গে সহপ্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাটেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইনন ক্রেইজ।
এলিসনের ভাষায়, একীভূতকরণ শেষ হওয়ায় এখন তাঁদের মনোযোগ ভবিষ্যতের দিকে—এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যা সৃজনশীল মানুষদের ক্ষমতায়ন করবে, দর্শকদের বিনোদন দেবে এবং শেয়ারহোল্ডারদের জন্য সুফল বয়ে আনবে।
ভ্যারাইটি অবলম্বনে