অস্কারের আরও কাছে ‘এভরিথিং এভরিহোয়ার’

অস্কারে কোন ছবি সেরা পরিচালকের পুরস্কার পাবে, তা সবচেয়ে ভালো বোঝা যায় ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে। ডিরেক্টরস গিল্ডে পুরস্কার জিতেছে অথচ অস্কার পায়নি, গত ৭৫ বছরে এমন ঘটনা ঘটেছে মাত্র ৮ বার। সেই হিসাবে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘এভরিথিং এভরিহোয়ার অ্যাট ওয়ান্স’-এর পুরস্কার জেতা অনেকটাই নিশ্চিত। গত রাতে বসেছিল হলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসের ৭৫তম আসর। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছেন ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’-এর পরিচালক যুগল ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট।

৩৫ বছর বয়সী এই পরিচালকদ্বয়ের এটিই ছিল ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে প্রথম মনোনয়ন। পুরস্কারটিতে তাঁদের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন স্টিভেন স্পিলবার্গ। তবে বেভারলি হিলসে ডিরেক্টর গিল্ডের বার্ষিক গালায় সেরার দৌড়ে এগিয়ে গেছেন কোয়ান ও শেইনার্ট। বড় নাম পেছনে ফেলে পুরস্কার জেতায় কোয়ানও খানিকটা অবাক। পুরস্কার নেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এসব হচ্ছেটা কী? সবাইকে ধন্যবাদ। আমাদের ছোট্ট ছবিটির জন্য অবিশ্বাস্য একটা বছর যাচ্ছে।’ গত বছর বিশ্বব্যাপী ১০ কোটি ডলার ব্যবসা করা ছবিটি অস্কারে ১১টি মনোনয়ন পেয়েছে।

এবারের ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে ‘ফায়ার অব লাভ’-এর জন্য সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছেন সারা ডোসা। তথ্যচিত্রটি নির্মিত হয়েছে ফরাসি আগ্নেয়গিরি–বিশেষজ্ঞ কাতিয়া ও মরিসকে নিয়ে। পরিচালক বলেন, ‘ফায়ার অব লাভ’ কীভাবে তাঁরা মারা গেলেন, তা নিয়ে নয়, বরং কীভাবে তাঁদের প্রেম হয়, সেটা নিয়ে।

গত বছর মুক্তি পাওয়া ব্রিটিশ সিনেমা ‘আফটার সান’ ব্যাপক প্রশংসিত হয়েছিল। ছবিটি এখানে জিতেছে প্রথম ফিচার ফিল্মের পুরস্কার, যা পেয়েছেন নির্মাতা শ্যার্লট ওয়েলস।
অনুমিতভাবেই টেলিভিশন ক্যাটাগরিতে ‘ইউফোরিয়া’র কল্যাণে সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছেন স্যাম লেভিনসন।