সাত মাসে বক্স অফিসে জমজমাট লড়াই দেখা গেছে। কোলাজ
সাত মাসে বক্স অফিসে জমজমাট লড়াই দেখা গেছে। কোলাজ

সাত মাসে বক্স অফিসে ঝড়তোলা ৭ সিনেমা

২০২৬ সালের প্রথম সাত মাসেই বিশ্ব বক্স অফিসে জমজমাট লড়াই দেখা গেছে। অ্যানিমেশন, জীবনী, বৈজ্ঞানিক কল্পকাহিনি থেকে শুরু করে ড্রামাসহ বিভিন্ন ঘরানার সিনেমা দর্শকদের হলে টেনেছে। এ সময় তিনটি সিনেমা বিলিয়ন ডলার আয় করেছে। তালিকায় রয়েছে বিলিয়ন ডলার ছাড়াতে পারে এমন সিনেমাও। সাত মাসে বক্স অফিসের শীর্ষে থাকা সাত সিনেমা কোনগুলো।

১. ‘টয় স্টোরি ৫’
চলতি বছরের ১৯ জুন মুক্তি পেয়েই আলোচনায় আসে ‘টয় স্টোরি ৫’। চলতি বছরের প্রথম সিনেমা হিসেবে এটি বিলিয়ন ডলারে আয় করে। বর্তমানে আয় করে ১ দশমিক শূন্য ২৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫৭৫ মিলিয়ন ডলার। দেশের বাজার থেকে ৪৫০ মিলিয়ন ডলার। পিক্সারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় উডি, জেসি ও তাদের সঙ্গীরা। খেলনাগুলোর প্রতিদ্বন্দ্বী এবার কোনো নতুন খেলনা নয়, বরং আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল বিনোদন। এটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু স্ট্যানটন। অ্যানিমেশন সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, জোয়ান কুস্যাক প্রমুখ।

‘টয় স্টোরি ৫’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

২. ‘মাইকেল’
তালিকায় অল্প সময়েই বিলিয়ন ডলার আয় করা আরেক সিনেমা ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন, সংগীত, খ্যাতি ও বিতর্ক নিয়ে নির্মিত জীবনীচিত্রটিতে তারকার উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে মাইকেলের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমাটির আয় ১ দশমিক শূন্য ১৬ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক ও দেশের বাজার থেকে আয় ৬৬৩ ও ৩৭২ মিলিয়ন ডলার। সিনেমাটি সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিক। এটি পরিচালনা করেছেন আঁতোয়ান ফুকোয়া।

৩. ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’
এপ্রিলে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ আয়ে বিলিয়ন ডলারের ক্লাসে রয়েছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১ দশমিক শূন্য ১২ বিলিয়ন ডলার। এ আয়ের বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। সিনেমাটি আন্তর্জাতিক বাজার থেকে ৫৮১ মিলিয়ন ও হলিউডের বাজার থেকে ৪২৯ মিলিয়ন ডলার আয় করে। কিংডম ছেড়ে এবার মহাকাশ অভিযানে বের হয় মারিও। নতুন নতুন গ্রহ, মহাজাগতিক শত্রু এবং গ্যালাক্সিজুড়ে রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়ে এগিয়ে চলে গল্প। পারিবারিক দর্শকদের কাছে এটি বছরের অন্যতম বড় আকর্ষণ। বানিয়েছেন অ্যারন হরভাথ, মাইকেল জেলেনিক।

‘মাইকেল’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

৪. ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’
দুই দশক পর ফিরেছে জনপ্রিয় ফ্যাশন ড্রামার সিক্যুয়েল। বিলিয়ন ডলারের টার্গেট থাকলেও মে মাসে মুক্তি পেয়ে কিছুটা হোঁচট খায় ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’। সিনেমাটির দেশের বাজার থেকে আয় ৪৭০ ও আন্তর্জাতিক বাজার থেকে ৪৭০ মিলিয়ন ডলার আয় করে। সব মিলিয়ে আয় ৬৯০ দশমিক ৯ মিলিয়ন ডলার। বদলে যাওয়া ফ্যাশন–দুনিয়া, করপোরেট প্রতিযোগিতা এবং পুরোনো সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে এগিয়েছে গল্প। এটি পরিচালনা করেছেন ডেভিড ফ্র্যাঙ্কেল। এতে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট।

৫. ‘প্রজেক্ট হেইল মেরি’
মার্চে মুক্তি পাওয়া সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৬৮৪ মিলিয়ন ডলার। ঘুম ভেঙে নিজেকে একা একটি মহাকাশযানে আবিষ্কার করে এক বিজ্ঞানী। পরে বুঝতে পারেন, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব তার কাঁধে। অজানা মহাকাশে বুদ্ধিমত্তা, বিজ্ঞান ও টিকে থাকার লড়াই নিয়েই ছবির গল্প। সিনেমাটি দেশের ও আন্তর্জাতিক বাজার থেকে ৩৪৪ ও ৩৪০ মিলিয়ন ডলার আয় করে। এটি নির্মাণ করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। অভিনয় করেছেন রায়ান গসলিং, সান্ড্রা হুলার, লায়নেল বয়েস।

‘প্রজেক্ট হেইল মেরি’র দৃশ্য। ছবি: আইএমডিবি

৬. ‘দ্য অডিসি’
মুক্তির আগেই আলোচনায় শীর্ষে ছিল ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’। ১৭ জুলাই মুক্তির পর থেকেই বক্স অফিস জায়গা দখল করে আছে। এ সময়েই সিনেমাটির আয় ৬৬৬ মিলিয়ন ডলার। ট্রয় যুদ্ধ শেষে রাজা ওডিসিউসের দীর্ঘ, বিপৎসংকুল ঘরে ফেরার যাত্রা, পৌরাণিক চরিত্র ও মানবিক সংগ্রাম ছবিটির মূল বিষয়। হোমারের অডিসি অবলম্বনে নির্মিত মহাকাব্যিক সিনেমাটিও হলিউডের চেয়ে আন্তর্জাতিক বাজার থেকে বেশি টাকা আয় করেছে। সিনেমাটির আয় ৩৬২ ও ৩০৪ মিলিয়ন ডলার। সমালোচকদের ধারণা, আগামী সপ্তাহেই এটি বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে। এতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথওয়ে, রবার্ট প্যাটিনসন, টম হল্যান্ড।

৭. ‘পেগাসাস ৩’
তালিকায় হলিউডের বাইরের একমাত্র সিনেমা পেগাসাস ৩। চীনা স্পোর্টস কমেডি সিনেমাটি বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেছিল। সিনেমাটির আয় ৬৫৬ মিলিয়ন ডলার। এই আয়ের বড় অংশই আন্তর্জাতিক বাজার থেকে এসেছে। আয় হয়েছে ৬৫৫ মিলিয়ন ডলার। চীনের বাজার থেকে আয় ১৩৭ মিলিয়ন ডলার। চীনের জনপ্রিয় রেসিং ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে একদল রেসারের স্বপ্ন, প্রতিদ্বন্দ্বিতা ও আত্মপ্রমাণের গল্প উঠে এসেছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও ছবিটি ভালো ব্যবসা করেছে। এটি পরিচালনা করেছেন হান হান। এতে অভিনয় করেছেন শেন তেং, ফান চেংচেং, ইন ঝেং।