টাকার অভাবে রাতে গ্যাস স্টেশনে কাজ করা এই অভিনেতা এখন ১৮০০ কোটি টাকার মালিক

শৈশবে মঞ্চে অভিনয় শুরু করেছিলেন। তারপর ১৯৯৪ সালে প্রথম ‘ল অব দ্য ল্যান্ড’ টেলিভিশন সিরিজে ছোট একটি চরিত্রে অভিনয় করেন। এরপর টিভি সিরিজের টাইটেলে তাঁর নাম খুঁজে পেতে কষ্ট হতো। টেলিভিশন সিরিজের পাশাপাশি সিনেমায় নাম লিখিয়েও তেমন সাড়া পাচ্ছিলেন না। অবশেষে ছয় বছরের পরিশ্রমে ২০০০ সালে ক্যারিয়ারে প্রথম জ্বলে ওঠেন। তারপর দীর্ঘ ২২ বছর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আজ এ অভিনেতার জন্মদিন।
শৈশবে মা-বাবার বিচ্ছেদের পর ক্লাসের ফাঁকে অভিনয় করেই একরকম আরাম পেতেন। যতই বড় হতে থাকেন, ততই মঞ্চনাটকের প্রতি আসক্ত হন। মঞ্চনাটক ঘিরেই স্বপ্নটা বেশি ছিল।
শৈশবে মা-বাবার বিচ্ছেদের পর ক্লাসের ফাঁকে অভিনয় করেই একরকম আরাম পেতেন। যতই বড় হতে থাকেন, ততই মঞ্চনাটকের প্রতি আসক্ত হন। মঞ্চনাটক ঘিরেই স্বপ্নটা বেশি ছিল।
ভালো লাগা থেকে অভিনয় করতেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মঞ্চে অভিনয় করলেও একসময় তাঁর সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল। একদিন তাঁর বিভাগের সিনিয়রের কথায় তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাডেমি অব আর্টসে ভর্তি হওয়ার অনুপ্রেরণা পান। এই একাডেমি তাঁর ক্যারিয়ার বদলে দিয়েছে।
মঞ্চে ‘কিং আর্থার’সহ একাধিক নাটকে সফলতার পর টেলিভিশন সিরিজে নাম লেখান। কিন্তু নিজের জায়গা তৈরি করতে লেগে যায় ছয় বছর।
২০০০ সালে ‘এক্স-মেন’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। সিনেমাটি তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি করে তোলে। রাতারাতি হিউ জ্যাকম্যানের ক্যারিয়ার বদলে যায়।
‘এক্স-মেন’ সিরিজ দিয়ে তিনি এখনো জনপ্রিয়তার শীর্ষে। সিনেমাটির প্রথম কিস্তিতে পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ লাখ ডলার। দ্বিতীয় কিস্তিতেই দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেন। এরপর প্রতি কিস্তিতে তাঁর পারিশ্রমিক বেড়েছে।
২০০৮ সালে তিনি দাবি করেন, প্রতিটি ছবিতে পারিশ্রমিক ২০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০৩ কোটি টাকা। বলা হয়, সেই সময় এটি ছিল সর্বোচ্চ পারিশ্রমিকের একটি। তখন একই কাতারে ছিলেন ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, উইল স্মিথসহ বেশ কিছু অভিনেতা।
বর্তমানে এই অভিনেতা ১ হাজার ৮০০ কোটি টাকার মালিক।
একসময় তিনি পড়াশোনা, নিজের খরচ চালানোর জন্য ঋণী হয়ে যান। সেই পাওনা মেটানোর জন্য এই অভিনেতা রাতে গ্যাস স্টেশনে কাজ করতেন। বাচ্চাদের পার্টিতে ক্লাউন সেজে বিনোদন দিতেন। এসব কাজ করে সর্বাধিক আয় ছিল ৫০ ডলার।
শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করেন জ্যাকম্যান। সপ্তাহে ১৪ ঘণ্টা শরীরচর্চায় কাটে। হিসাব করে তিনি প্রতিদিন ছয় হাজার ক্যালরির খাবার খেয়ে থাকেন।
ক্যারিয়ারে ‘লা মিজারেবল’ সিনেমার জন্য একবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। পুরস্কার না জিতলেও সিনেমাটি তাঁকে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরস্কার এনে দিয়েছিল। ‘এক্স-মেন’ সিরিজ ছাড়াও ‘লোগান’, ‘দ্য প্রেসটিজ’, ‘প্রিজনারস’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সিনেমা। হিউ জ্যাকম্যানের জন্ম ১৯৬৮ সালের আজকের এই দিনে।