আজ বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। গণমাধ্যমে প্রকাশিত খবর, তাঁদের বিয়ের এক্সক্লুসিভ ভিডিওর জন্য ৮০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল নেটফ্লিক্স, তবে দুই তারকার কেউই তাতে রাজি হননি। তারকাদের বিয়ের ছবি বা ভিডিও উচ্চমূল্যে কিনে নেওয়া অবশ্য নতুন ঘটনা নয়। বেশি দামে বিয়ের ছবি বিক্রি হয়েছে—জেনে নেওয়া যাক এমন তিন তারকা বিয়ের কথা।
ডেমি মুর-অ্যাস্টন কুচার
দুই তারকার বিয়ের ছবি ৩০ লাখ ডলারে (প্রায় ২৭ কোটি টাকারও বেশি) বিক্রি হয়। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে দামি সেলিব্রিটি বিয়ের ছবি হিসেবে রেকর্ড করা হয়েছে। দুই তারকা বিয়ের ছবি বিক্রি করেন ওকে সাময়িকীর কাছে। হলিউড অভিনেত্রী ডেমি মুর ও তাঁর পরবর্তী স্বামী অ্যাশটন কুচারের প্রথম দেখা হয় ২০০৩ সালে, একটি সাধারণ ডিনার পার্টিতে। তখন মুর ছিলেন ৪০ এবং কুচার ছিল ২৫—১৫ বছরের এই বয়সের ফারাক তখনই মিডিয়ার নজর কাড়ে। ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর তাঁরা বন্ধুমহলে ও পরিবারের উপস্থিতিতে একটি ঘরোয়া, অন্তরঙ্গ অনুষ্ঠানে ব্র্যান্ডি হোলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ে স্থায়ী হয় আট বছর, ২০১৩ সালে দুই তারকার বিচ্ছেদ হয়।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
২ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ছবি। প্রিয়াঙ্কা চোপড়া ও পপ সংগীত তারকা নিক জোনাসের প্রেমকাহিনি শুরু হয় ২০১৭ সালে, যখন তাঁদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও রেড কার্পেটে একসঙ্গে দেখা যায়।
খুব দ্রুতই তাঁদের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে এবং ২০১৮ সালের মে মাসে নিক প্রিয়াঙ্কাকে তাঁর জন্মদিনে প্রপোজ করেন। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁরা রাজস্থানের‑জোধপুরের উমেদ ভবন প্রাসাদে গাঁটছড়া বাঁধেন। এই জাঁকজমকপূর্ণ বিয়ের এক্সক্লুসিভ ছবি পিপল ম্যাগাজিনে বিক্রি করা হয়েছিল।
ইভা লঙ্গোরিয়া ও টনি পার্কার
ওকে সাময়িকীতে দুই তারকার বিয়ের ছবি বিক্রি হয় প্রায় ২ মিলিয়ন ডলারে। অভিনেত্রী ইভা ও এনবিএ তারকা টনি পার্কারের প্রথম দেখা ২০০৪ সালে। দ্রুতই তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়েন; ২০০৭ সালে প্যারিসে বিয়ে করেন। অনুষ্ঠানটি হয় প্যারিসের একটি প্রাচীন চ্যাটোতে—২৫০ জন অতিথি, ছিল পাঁচ‑স্তরের কেক আর অর্কেস্ট্রা বাজছিল রাতভর। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি। স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন ইভা, ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
পিপলডটকম অবলম্বনে