টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেলেন কারা। কোলাজ
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেলেন কারা। কোলাজ

রণবীর থেকে জেনি, টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন কারা

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিন। গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিসহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি স্থান পেয়েছেন। এই তালিকায় আছেন বিনোদন দুনিয়ার তারকারাও।

এবারের তালিকায় জায়গা পাওয়া উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন—অভিনেত্রী জোয়ি সালডানা, সঞ্চালক ও কমেডিয়ান নিকি গ্লেজার, গায়ক ও অভিনেতা জনাথন গ্রফ, অভিনেতা ইথান হক, অভিনেত্রী ডাকোটা জনসন, কেট হাডসান, অভিনেতা রণবীর কাপুর, ইরানি নির্মাতা জাফর পানাহি, কে–পপ গায়িকা জেনিসহ অনেকে।
এই বছরের চারটি আলাদা আন্তর্জাতিক কভারে জায়গা পেয়েছেন—অভিনয়শিল্পী জোয়ি সালডানা, নিকি গ্লেজার, ওয়াগনার মোরা ও সংগীতশিল্পী লুক কম্বস।

জোয়ি সালডানা। এএফপি

টাইম ম্যাগাজিনের সম্পাদকীয় মতে, প্রভাব নির্ধারণের কোনো একক মানদণ্ড নেই। বরং যেসব ব্যক্তি তাঁদের কাজের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করছেন বা সংস্কৃতিকে নতুনভাবে ব্যাখ্যা করছেন, তাঁরাই এই তালিকায় স্থান পান। তাঁদের ভাষায়, কেউ কেউ বিশ্বজুড়ে পরিচিত, আবার কেউ কেউ কেবল নিজের ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলছেন।
আজকের ডিজিটাল যুগে সিনেমা, সিরিজ, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তা-ভাবনায় সরাসরি প্রভাব ফেলছে। ফলে অভিনেতা ও শিল্পীরা শুধু পর্দার চরিত্র নন, বরং সংস্কৃতির প্রতিনিধিও হয়ে উঠেছেন।

বিশেষ করে ইথান হক বা জোয়ি সালডানার মতো শিল্পীরা এমন চরিত্র বেছে নিচ্ছেন, যা সামাজিক বার্তা বহন করে। অন্যদিকে নিকি গ্লেজারের মতো কমেডিয়ানরা ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে সমসাময়িক বাস্তবতাকে তুলে ধরছেন।

নিকি গ্লেজার। রয়টার্স

এবারের তালিকায় থাকা তারকারা শুধু সিনেমা বা শোতে সীমাবদ্ধ নন। তারা ফ্যাশন, সামাজিক আন্দোলন, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বৈশ্বিক আলোচনাতেও প্রভাব রাখছেন। এই কারণেই টাইম ম্যাগাজিনের তালিকাকে শুধু জনপ্রিয়তার তালিকা নয়, বরং ‘গ্লোবাল ইনফ্লুয়েন্স ম্যাপ’ হিসেবেও দেখা হয়।

এই তালিকাকে ঘিরে আগামী ২৩ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘টাইম ১০০ গালা’, সেখানে উপস্থিত থাকবেন তালিকাভুক্ত তারকারা এবং বিশেষ পারফরম্যান্সও থাকবে।

টাইম অবলম্বনে