আজ ঢাকায় একই দিনে বড় পর্দায় আসছে চারটি ভিন্ন স্বাদের আন্তর্জাতিক ছবি। কোলাজ
আজ ঢাকায় একই দিনে বড় পর্দায় আসছে চারটি ভিন্ন স্বাদের আন্তর্জাতিক ছবি। কোলাজ

শুক্রবার বড় পর্দায় চার চমক, কোনটি দেখতে যাবেন

শুক্রবার সিনেমাপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ, একই দিনে বড় পর্দায় আসছে চারটি ভিন্ন স্বাদের আন্তর্জাতিক ছবি। ভয় ‘উপভোগ’ করতে চাইলে আছে হরর, টানটান রহস্যের জন্য মনস্তাত্ত্বিক থ্রিলার, পরিবার নিয়ে দেখার জন্য বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যানিমেশন; আর সংগীতপ্রেমীদের জন্য বিলি আইলিশের ত্রিমাত্রিক কনসার্ট চলচ্চিত্র। আজ কোনটি দেখতে যাবেন?

স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে চারটি বড় বাজেটের আন্তর্জাতিক ছবি, ‘এভিল ডেড বার্ন’, ‘প্যাসেঞ্জার’, ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ এবং বিলি আইলিশের ত্রিমাত্রিক কনসার্ট চলচ্চিত্র ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই দিনে চারটি ভিন্ন ঘরানার আন্তর্জাতিক ছবি মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যে ‘এভিল ডেড বার্ন’ আলোচনায় রয়েছে বিশ্বখ্যাত ‘এভিল ডেড’ হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি হিসেবে। ‘প্যাসেঞ্জার’ মনস্তাত্ত্বিক হরর ও সাসপেন্সধর্মী গল্পের জন্য আগেই নজর কেড়েছে। অন্যদিকে ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ শিশু-কিশোর ও পরিবারের দর্শকদের জন্য নির্মিত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যানিমেশন ছবি। আর ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’ শুধু একটি কনসার্ট চলচ্চিত্র নয়; কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরনের ত্রিমাত্রিক ধারণপ্রযুক্তিতে নির্মিত হওয়ায় এটি বিশ্বজুড়েই আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘এভিল ডেড বার্ন’ পরিচালনা করেছেন সেবাস্তিয়ান ভানিচেক। প্রযোজনায় রয়েছেন স্যাম রাইমি ও রব ট্যাপার্ট। সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন অভিনীত ছবির গল্পে দেখা যাবে, স্বামীর অকালমৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়া এক তরুণী শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছে আশ্রয় নিতে একটি প্রত্যন্ত বাড়িতে যান; কিন্তু পারিবারিক পুনর্মিলনের সেই মুহূর্ত দ্রুতই পরিণত হয় বিভীষিকায়। অভিশপ্ত ‘বুক অব দ্য ডেড’ জেগে ওঠার পর একে একে পরিবারের সদস্যরা ভয়ংকর দানবে পরিণত হতে থাকেন। রক্তাক্ত দৃশ্য, ভয়াবহ আবহ এবং বিশেষ প্রভাবের কারণে ছবিটিকে এ বছরের অন্যতম আলোচিত হরর সিনেমা হিসেবে দেখা হচ্ছে।

‘এভিল ডেড বার্ন’–এর পোস্টার। আইএমডিবি

মনস্তাত্ত্বিক হররধর্মী ‘প্যাসেঞ্জার’ পরিচালনা করেছেন আন্দ্রে ওভ্রেডাল। জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও অভিনীত ছবিটিতে এক তরুণ দম্পতি কর্মব্যস্ত জীবন থেকে দূরে সরে ভ্যান নিয়ে দীর্ঘ সড়কভ্রমণে বের হন। পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর আহত এক ব্যক্তিকে উদ্ধার করেন তাঁরা। এরপরই শুরু হয় রহস্য। তাঁরা বুঝতে পারেন, দুর্ঘটনাস্থল থেকে তাঁরা একা ফিরে আসেননি। তাঁদের সঙ্গে অদৃশ্য এক অশুভ সত্তাও গাড়িতে উঠে এসেছে। এরপর গাড়ির ভেতরই শুরু হয় টানটান উত্তেজনায় ভরা বেঁচে থাকার লড়াই।

‘প্যাসেঞ্জার’ –এর পোস্টার। আইএমডিবি

শিশু-কিশোর ও পারিবারিক দর্শকদের জন্য নির্মিত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যানিমেশন ছবি ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’। ভবিষ্যতের ২০৫০ সালের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে চার মেধাবী শিক্ষার্থী ভুলবশত একটি সময়ভ্রমণ যন্ত্রের মাধ্যমে অতীতের ৮২৫ খ্রিষ্টাব্দে বাগদাদে পৌঁছে যায়। সেখানে এক দুষ্ট রসায়নবিদ সময়ভ্রমণের প্রযুক্তি ব্যবহার করে ইতিহাস থেকে বিজ্ঞানের সব আবিষ্কার মুছে ফেলতে চায়। মানবসভ্যতার জ্ঞান ও ইতিহাস রক্ষায় এরপর শুরু হয় চার খুদে অভিযাত্রীর রোমাঞ্চকর মিশন।

সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। বিশ্বখ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের ত্রিমাত্রিক ধারণপ্রযুক্তিতে নির্মিত এই কনসার্ট চলচ্চিত্রে উঠে এসেছে অস্কার ও গ্র্যামিজয়ী শিল্পী বিলি আইলিশের আলোচিত বিশ্বভ্রমণ কনসার্টের ম্যানচেস্টার পর্ব। অত্যাধুনিক ত্রিমাত্রিক প্রযুক্তি ও ডলবি সাউন্ড ব্যবহারের ফলে দর্শকদের মনে হবে, তাঁরা যেন কনসার্ট ভেন্যুর সামনের সারিতেই দাঁড়িয়ে সরাসরি পরিবেশনা উপভোগ করছেন। ‘বার্ডস অব আ ফেদার’ ও ‘লাঞ্চ’-এর মতো জনপ্রিয় গানও থাকছে এই কনসার্ট চলচ্চিত্রে।

‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’–এর পোস্টার। আইএমডিবি

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সব সময়ই বাংলাদেশের দর্শকদের আন্তর্জাতিক মানের নতুন সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করি। একই দিনে ভয়, রোমাঞ্চ, বিজ্ঞান কল্পকাহিনি ও সংগীতনির্ভর চারটি ভিন্নধর্মী ছবি মুক্তি পাচ্ছে। এমন বৈচিত্র্যময় আয়োজন আগে খুব একটা দেখা যায়নি। আমরা আশা করছি, দর্শকেরা পরিবার ও বন্ধুদের নিয়ে বড় পর্দায় সিনেমা দেখার এই অভিজ্ঞতা উপভোগ করবেন।’

একই দিনে চারটি ভিন্ন স্বাদের আন্তর্জাতিক ছবি মুক্তির মাধ্যমে এই সপ্তাহান্তে বড় পর্দায় বৈচিত্র্যময় অভিজ্ঞতার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। এখন দেখার বিষয়, দর্শকের প্রথম পছন্দ হয় কোন ছবি।

‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’–এর পোস্টার। আইএমডিবি