নতুন জেমস বন্ড কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। সম্ভাব্য অভিনেতাদের তালিকায় ব্রিটিশ অভিনেতা জ্যাক লোডেনের নামও এসেছে। তাঁর স্ত্রী আইরিশ অভিনেত্রী সার্শা রোনান চান বন্ডের খলনায়িকা হতে। স্বামী বন্ড হবেন কি না, তা নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামাচ্ছেন না রোনান। বরং অভিনয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। পরিচিত ইতিবাচক চরিত্রের বাইরে গিয়ে এবার পর্দায় আরও জটিল নারী চরিত্রকে তুলে ধরতে আগ্রহী অভিনেত্রী।
সংসারে বন্ড নিয়ে আলোচনা নেই
স্লো হর্সেস সিরিজের অভিনেতা জ্যাক লোডেনের নাম জেমস বন্ডের সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছে বলে গুঞ্জন। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে রোনান জানান, তাঁদের সংসারে বিষয়টি নিয়ে তেমন আলোচনা হয় না। রোনানের ভাষায়, ‘সত্যি বলতে, আমাদের বাড়িতে বিষয়টি নিয়ে তেমন কথা হয় না। দুজনেই কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই বাড়ি ফিরে পারতপক্ষে কাজ নিয়ে আলাপ তুলি না। কুকুরকে হাঁটাতে নিয়ে যাই, রাতের খাবার তৈরি করি; ঘরে সিনেমা প্রসঙ্গ আসে না।’
লোডেনের নাম আলোচনায় আসার পেছনে রয়েছেন তাঁর সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যান। গত মাসে কানাডার একটি টেলিভিশন অনুষ্ঠানে ওল্ডম্যান বলেছিলেন, লোডেনের নাম বন্ডের সম্ভাব্য অভিনেতাদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। এমনকি নতুন বন্ড নির্বাচনও হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। লোডেনের জন্য শুভকামনাও জানান ওল্ডম্যান। তবে পরে নিজের বক্তব্য থেকে কিছুটা সরে আসেন তিনি।
অ্যামাজন এমজিএম স্টুডিওসও এ বিষয়ে মন্তব্য করেনি।
‘আমি অন্ধকারে ডুব দিতে চাই’
স্বামীকে নিয়ে বন্ডের জল্পনায় আগ্রহ না দেখালেও এই ফ্র্যাঞ্চাইজিতে নিজের সম্ভাব্য উপস্থিতি নিয়ে বেশ সিরিয়াস রোনান। তবে নায়িকা হিসেবে নয়, খলনায়িকা হিসেবে। এম্পায়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অন্ধকারে ডুব দিতে চাই।’ বন্ডের খলনায়িকা হওয়ার ইচ্ছার কথা জানিয়ে রোনান বলেন, ‘আমি বলেছিলাম, বন্ডের খলনায়িকা হতে চাই। কথাটা আমি একেবারেই সিরিয়াসলি বলেছি।’
এত দিন দর্শক তাঁকে যেসব চরিত্রে দেখেছেন, সেগুলোর বেশির ভাগই ছিল জটিল। লেডি বার্ড, লিটল উইমেন ও দ্য আউটরান-এর মতো সিরিয়াস সিনেমার পর এবার একটু হালকা মেজাজের কিছু করতে চান চারবারের অস্কার মনোনীত এই অভিনেত্রী।
খলনায়িকার প্রস্তুতি ‘ব্যাড অ্যাপলস’
রোনানের নতুন সিনেমা ব্যাড অ্যাপলস-এও তাঁকে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে। এতে তিনি মারিয়া নামের এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এক অবাধ্য শিক্ষার্থীকে সামলাতে গিয়ে পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যে একপর্যায়ে শিক্ষার্থীটিকে নিজের বাড়ির বেজমেন্টে আটকে রাখেন মারিয়া। চরিত্রটি নিয়ে রোনানের ব্যাখ্যা, এখানে ভালো-মন্দের সীমারেখা স্পষ্ট নয়।
ব্যক্তিজীবনে রোনান ও লোডেন বিয়ে করেন ২০২৪ সালে। তাঁদের প্রথম সন্তানের জন্ম হয় গত বছর। বর্তমানে রোনান ব্যস্ত নির্মাতা স্যাম মেন্ডেসের বিটলস নিয়ে নির্মিত চারটি সিনেমার কাজে। সেখানে তিনি লিন্ডা ম্যাককার্টনির চরিত্রে অভিনয় করছেন।
স্বামীকে ঘিরে বন্ড হওয়ার গুঞ্জন সত্যি হবে কি না, তা সময়ই বলবে। তবে রোনানের ইচ্ছা স্পষ্ট—সুযোগ পেলে বন্ডের দুনিয়ায় তিনি প্রবেশ করতে চান এমন এক চরিত্র হয়ে, যাকে ভয় পাবে দর্শক, আবার যার রাগ ও মনস্তত্ত্ব বুঝতেও চাইবে।
ভ্যারাইটি ও এম্পায়ার অবলম্বনে