কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি

নিলয় আলমগীর। ছবি: ফেসবুক থেকে
নিলয় আলমগীর। ছবি: ফেসবুক থেকে

ক্যারিয়ারে নতুন একটি মাইলফলকের কথা জানালেন নিলয় আলমগীর। গত শনিবার ফেসবুকে জানিয়েছেন, তাঁর অভিনীত ২০০ নাটক ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। দেশের নাটকে এমন অর্জন অন্য কোনো অভিনয়শিল্পীর নেই।
নিলয়ের এই অর্জনকে ভক্তরা উদ্‌যাপন করছেন।

নিলয় ফ্যান গ্রুপে আমির উদ্দিন নামে এক ভক্তের মন্তব্য, ‘নিলয় ভাই অভিনন্দন! আপনার ২০০টি নাটক ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করা সত্যিই অসাধারণ অর্জন। আপনার পরিশ্রম, নিষ্ঠা এবং দর্শকদের ভালোবাসারই প্রতিফলন এটি। আরও অনেক সাফল্য আসুক।’

ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন নিলয়।

এই অর্জনের জন্য নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নিলয়। তিনি মনে করেন, একটি ভালো কাজের পেছনে টিমের সবার পরিশ্রম থাকে। পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, প্রযোজক, পৃষ্ঠপোষক, টেলিভিশন চ্যানেল, সহশিল্পীসহ ক্যামেরার সামনে ও পেছনের সব সহকর্মীর অবদান রয়েছে। নিলয়ের ভাষায়, ‘পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করা এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টাতেই গল্পগুলো লাখো-কোটি দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে।’

নিলয় আলমগীর

নিলয় আরও লিখেছেন, ‘সবার অবদান থাকলেও আমি আলাদাভাবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই আমার দর্শকদের। দর্শকেরা নিয়মিত আমার নাটকের প্রতি আস্থা রাখে। দর্শকদের ভালোবাসা, সমর্থন, মন্তব্য, শেয়ার এবং ভিউয়ের কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।’

কয়েক বছর ধরেই নিলয় অভিনীত নাটকগুলো আলোচিত। রোমান্টিক, পারিবারিক ও সামাজিক, কমেডি গল্পনির্ভর নাটকে তাঁর উপস্থিতি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। তিনি শুধু অভিনেতাই নন, নিজেও নাটকের প্রযোজক। ইউটিউব চ্যানেল এনএএফ–এর তিনি কর্ণধার। এই চ্যানেল থেকেই তাঁর অভিনীত বেশি নাটক প্রচার হয়। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪২ লাখ।

‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটকের ভিউ সবচেয়ে বেশি। ছবি: ফেসবুক থেকে

শীর্ষ ১০–এ নিলয়ের ৬
ইউটিউব ভিউতে শীর্ষ ১০ নাটকের ৬টিই নিলয়ের। শীর্ষে রয়েছে নিলয়ের শ্বশুর বাড়িতে ঈদ। পরের নাটকটিও নিলয় অভিনীত মামার বাড়ি। ৩ নম্বরে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক বড় ছেলে। এরপর ৪ নম্বরে নিলয়ের সংসার আমার ভাল্লাগে না। ৫ নম্বরে রয়েছে মুশফিক আর ফারহান অভিনীত নাটক ভুলোনা আমায়। ৬ নম্বরে ফারহান আহমেদ জোভানের তোমাদের গল্প। ৭, ৮ ও ৯ নম্বরে রয়েছে নিলয়ের গরিবের বড়লোক বউ, চাচা ভাতিজা জিন্দাবাদ, একটুখানি ভুল। তালিকার ১০ নম্বরে রয়েছে মোশাররফ করিম অভিনীত নাটক জামাই বউর মাথা গরম।