‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’ সিনেমার দৃশ্য। কোলাজ
‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’ সিনেমার দৃশ্য। কোলাজ

৩ সিনেমার রটারড্যাম যাত্রা

শুরু হয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে তিন বিভাগে জায়গা পেয়েছে তিন বাংলাদেশি সিনেমা—‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো উৎসবে একসঙ্গে জায়গা পেয়েছে দেশি তিন সিনেমা। ২৯ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যামে শুরু হয়েছে এ উৎসব, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ২৭ জানুয়ারি নেদারল্যান্ডসে পৌঁছান নির্মাতা তাওকীর ইসলাম

ব্রাইট ফিউচার শাখায় ‘দেলুপি’
এবারের উৎসবে ব্রাইট ফিউচার বিভাগে জায়গা পেয়েছে তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’। সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ২৭ জানুয়ারি দেশটিতে পৌঁছেছেন নির্মাতারা। আজ শনিবার ছবিটির প্রথম প্রদর্শনী রয়েছে। সকাল পৌনে ১০টায় গণমাধ্যম ও ইন্ডাস্ট্রির মানুষজন ছবিটি দেখবেন। ৪, ৬ ও ৭ ফেব্রুয়ারি ছবির আরও তিনটি প্রদর্শনী রয়েছে।
খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’। চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের নিরন্তর সংগ্রাম উঠে এসেছে। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। গত ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। পরে আসে ঢাকার প্রেক্ষাগৃহে। মুক্তির পর বেশ আলোচনায় আসে সিনেমাটি।

‘রইদ’ সিনেমার দৃশ্যে মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি

টাইগার কম্পিটিশনে ‘রইদ’
‘রইদ’ ছবির পরিচালক মেজবাউর রহমান এর আগে ‘হাওয়া’ বানিয়ে প্রশংসিত হন। নীরবে গত বছর শেষ করেন দ্বিতীয় ছবির দৃশ্যধারণ। এবারের উৎসবে ‘টাইগার কম্পিটিশনে’ বিভাগে ছবিটি দেখানো হবে। ছবিটি দেখানো হবে ২, ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি।
ছবির গল্প নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি নির্মাতা, শুধু জানিয়েছেন এটি একটি প্রেমের গল্প। সঙ্গে পারিপার্শ্বিক অনেক কিছুই উঠে আসবে। সিলেটের সুনামগঞ্জে ছবির দৃশ্যধারণ হয়েছে। তবে এর সঙ্গে সিলেট অঞ্চলের ভাষা বা আঞ্চলিকতার কোনো সংযোগ নেই। গল্পটি বাংলাদেশের সব অঞ্চলকেই প্রতিনিধিত্ব করবে বলে জানান নির্মাতা। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

বিমানে মমর সেলফিতে নাসির উদ্দিন খান ও আজমেরী হক বাঁধন

বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে ‘মাস্টার’
রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’ সিনেমাটি উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে লড়বে। ২৮ জানুয়ারি দেশটিতে পাড়ি দিয়েছেন নির্মাতা। গতকাল শুক্রবার দেশ ছেড়েছেন সিনেমার অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম। উৎসবে সিনেমাটি প্রথম প্রদর্শনী আগামীকাল ১ ফেব্রুয়ারি। দেশটির স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটের এ প্রদর্শনীটি গণমাধ্যম ও ইন্ডাস্ট্রির জন্য। পরদিন ২ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টায় হবে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার, প্রদর্শনীর পর প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন নির্মাতা ও শিল্পীরা। অন্য দুই শো ৪ ও ৭ ফেব্রুয়ারি।

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুমিত

সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প।