নিশোর ‘দম’ নিয়ে কী লিখেছেন দর্শকেরা

‘দম’ এর টিজার থেকে ভক্তদের সংগৃহীত ছবি
‘দম’ এর টিজার থেকে ভক্তদের সংগৃহীত ছবি

অবশেষে গতকাল রোববার প্রকাশ পেয়েছে ‘দম’ সিনেমার টিজার। আর টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ভক্তদের তুমুল আলোচনা। কেউ টিজারের দৃশ্য ও নির্মাণের প্রশংসা করছেন, আবার কেউ গল্প–চরিত্র, কেউ লোকেশন নিয়ে নানা জল্পনাকল্পনা করছেন। কেউ আবার টিজার দেখেই ধারণা করছেন সিনেমাটির ভবিষ্যৎ। কে কী লিখছেন—সেসব মন্তব্য নিয়েই এখন সরব নেট–দুনিয়া।

রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি নিয়ে রাব্বী খান নামের একজন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘টিজার দেখে মনে হচ্ছে “দম” পুরোপুরি একটা নিশোময় সিনেমা হয়ে উঠবে। অল্প কয়েকটা সিনেমা করবে, কিন্তু তা ইম্প্যাক্ট ফুল হবে। নিশো তাঁর এই চিন্তাভাবনাকে আসলেই সিরিয়াসলি নিচ্ছেন মনে হচ্ছে। প্রতিটা সিনেমায় আলাদাভাবে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন। টিজারের একমাত্র ডায়ালগটাও ভালো লাগছে। “আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান! মনে রাইখো!”’

‘দম’ এর টিজার থেকে ভক্তদের সংগৃহীত ছবি

সিনেমায় উঠে এসেছে প্রবাসী এক শ্রমিকের গল্প। যে গল্পের সঙ্গে অনেকেই প্রবাসজীবনের প্রসঙ্গ তুলেছেন। রাসেল চৌধুরী নামের একজন টিজার দেখে মন্তব্য করেছেন, তিনি নিজেও প্রবাসী। সেই প্রবাসীদের সংগ্রাম কাছ থেকে দেখেছেন। তিনি লিখেছেন, ‘প্রবাসে থেকে যে সংগ্রাম, একাকিত্ব আর বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়াই করতে হয়, সেসব গল্প যদি পর্দায় ঠিকভাবে তুলে ধরা হয়, তাহলে সেটা অবশ্যই মন ছুঁয়ে যাওয়ার মতো হবে। তাই মনে হচ্ছে, প্রবাসীদেরও এই সিনেমা আলাদাভাবে কানেক্ট করবে। গল্পনির্ভর এই সিনেমা ঈদের কম্পিটিশনে অন্য সিনেমাগুলোর থেকে অনেকটাই এগিয়ে থাকবে। সব মিলিয়ে মনে হচ্ছে, এই সিনেমা দিয়েই নিশো ভাই আবারও বড় সাফল্যের দিকে এগোচ্ছেন। বলা যায়, এই সিনেমা দিয়ে আফরান নিশো হ্যাটট্রিক ব্লকবাস্টারের পথে হাঁটছেন।’

সিনেমার ক্যামেরার কাজ, লোকেশন, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড স্কোর অনেকেই পছন্দ করেছেন। আফজালুর রহমান নামের এক ভক্ত লিখেছেন, ‘সবকিছু মিলিয়ে “দম” বাংলাদেশি সিনেমা হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পাল্লা দেওয়ার মতো করেই নির্মাণ করা হয়েছে, তার ছাপ স্পট। টিজারে দেখা মিলেছে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরীর। তবে ভয়েসওভার বলি বা গল্পের আভাস—যা বোঝা গেল এই টিজারে, লাইমলাইট কেড়ে নিয়েছেন শাহজাহান ইসলাম নূর ওরফে জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেতা আফরান নিশো।’

একটি দৃশ্যে আফরান নিশো

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’। গত বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমার শুটিং হয় কাজাখস্তানে। অনেকেই সিনেমার লোকেশন খুব পছন্দ করেছেন। সালমান জামান নামের এক ভক্ত লিখেছেন, ‘আমি শুধু লোকেশনগুলো দেখছিলাম! ক্যামেরার কাজ, সম্পাদনা দারুণ। “দম” ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলাদা একটা সিনেমা হবে।’

সাদিয়া জাহান নামের একজন লিখেছেন, ‘পাহাড়ঘেরা শান্ত প্রান্তর, নিঃসঙ্গ চরিত্র আর অজানা বিপদের ছোঁয়া—একেবারে টানটান উত্তেজনা তৈরি করেছে। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর অভিনয় ভীতি, অবাক ও রহস্যময়তা এমনভাবে ফুটিয়ে তুলেছে যে মুহূর্তেই চোখ জুড়িয়ে যায়।’

ট্রিজারের একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

মোস্তাসিন মাহাদি লিখেছেন, ‘নিশ্চিতভাবে বলতে পারি, সারভাইভাল থ্রিলার জনরার সেরা একটি কাজ হতে যাচ্ছে “দম”। টিজার ছিল মুগ্ধ করার মতো। সেই কনসেপ্ট পোস্টার থেকে টিজার—“দম”–এর সবকিছু ছিল দারুণ। আফরান নিশোর থেকে আরও একটি ভালো কাজ পেতে চলছি। “দম” বিগ স্কেলের সিনেমা, যেখানে কোনো কিছুর কমতি থাকবে না।’

আহসানুর রহমান নামের একজন লিখেছেন, ‘ঈদের সিনেমা “দম”–এর টিজারে আফরান নিশোর একেবারে শ্বাসরুদ্ধকর দুর্গম প্রান্তরে লড়াই, চোখে ভয় ও দৃঢ়তার ছাপ পুরো দৃশ্যগুলোকে টান টান থ্রিলে পরিণত করেছে। শেষ সংলাপ পর্যন্ত নিশোই টিজারের কেন্দ্রবিন্দু। ঈদে আসছে দম, যা অভিনয় ও এক্সাইটমেন্টে চরম রোমাঞ্চ তৈরি করবে। অপেক্ষায় রইলাম।’

বাংলাদেশে সারভাইভাল জনরার মুভি তেমন হয় না। সেই জায়গা থেকে নতুন এই জনরা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলেন পরিচালক রেদওয়ান রনি। এর আগে তিনি ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ সিনেমা বানিয়েছিলেন।