নেইমারের পছন্দের সেরা ওয়েব সিরিজ কোনগুলো

ব্যস্ত থাকলেও নিয়মিত সিরিজ দেখেন নেইমার
ছবি: কোলাজ

খেলার মাঠে জালে বল জড়ানো যাঁর নেশা, মাঠের বাইরে তিনি কেমন? কেমন কাটে তাঁর অবসর। এ সময়ে সিনেমা-সিরিজ নিয়ে কতটা মেতে থাকেন এই তারকা? ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের অন্যতম বড় পছন্দ নেটফ্লিক্স বা ওটিটি প্ল্যাটফর্মে বুঁদ হয়ে থাকা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবলার বিভিন্ন সাক্ষাৎকারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পছন্দের সিনেমা, সিরিজ ও অভিনেতাদের কথা তুলে ধরেছেন। সেই তালিকা থেকে জেনে নেওয়া যাক, নেইমারের বিনোদন–দুনিয়ার কিছু খুঁটিনাটি। ইএসপিএনইউকেতে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছিলেন প্রিয় সিরিজের তালিকা। দেখে নিন নেইমারের পছন্দের সিনেমা।

‘গেম অব থ্রোনস’ সিরিজের দৃশ্য

সেই সময় নেইমার জানিয়েছিলেন, দীর্ঘ কাহিনির সিরিয়াল ও ওয়েব সিরিজ দেখতে দারুণ ভালোবাসেন। সেই ধারাবাহিকতায় তাঁর পছন্দের তালিকায় রয়েছে বিশ্ব কাঁপানো বেশ কিছু সিরিজ। শুরুতেই তিনি জানান ‘গেম অব থ্রোনস’–এর কথা। ফ্যান্টাসি ঘরানার এই মহাকাব্যিক সিরিজটি নেইমারের অন্যতম অল-টাইম ফেভারিট। তিনি এটা দেখার জন্য অপেক্ষা করতেন। গল্প, অভিনয় চরিত্রগুলো তিনি পছন্দ করেছিলেন। অবসর, খেলা ও অনুশীলনের ফাঁকে তিনি সিরিজটি দেখতেন।

‘মানি হাইস্ট’–এর পোস্টার

এরপরেই রয়েছে আরেক বিখ্যাত ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর নাম। ব্যাংক ডাকাতির গল্পটি বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল। সাধারণ দর্শকদের মতো এই সিরিজটি দেখতেন এই মাঠের তারকা। আলোচিত এই স্প্যানিশ ক্রাইম সিরিজটির নেইমার এতটাই ভক্ত ছিলেন যে এর তৃতীয় সিজনে তিনি নিজেই ‘মনজে জোয়াও’ নামের এক সন্ন্যাসীর ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিরিজের সব কটি পর্বই তাঁর পছন্দের।

‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের পোস্টার

এর পরের তালিকায় রয়েছে সায়েন্স ফিকশন ও ড্রামা ঘরানার সিরিজ। এই সিরিজের নাম ‘স্ট্রেঞ্জার থিংস’। নেটফ্লিক্সের ব্লকবাস্টার সায়েন্স-ফিকশন ও হরর সিরিজ। আশির দশকের প্রেক্ষাপটে তৈরি এই গল্পে একদল শিশু ও ‘ইলেভেন’ নামের অলৌকিক ক্ষমতাসম্পন্ন এক মেয়ের অতিপ্রাকৃতিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের গল্প ফুটে উঠেছে। এর টান টান উত্তেজনা, আশির দশকের নস্টালজিয়া ও রহস্যময় এই গল্প বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে।

‘ইউ’ সিরিজের পোস্টার

নেইমার জুনিয়র তাঁর অন্যতম প্রিয় ও রোমাঞ্চকর সিরিজ হিসেবে এটিও তালিকায় রেখেছেন। এই তালিকায় রয়েছে ‘ইউ’ সিরিজটি। এটি নেটফ্লিক্সের অত্যন্ত জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। ভালোবাসার নামে চরম আসক্তি, সাইবার স্টকিং (অনলাইনে পিছু নেওয়া) এবং মানুষের মনের অন্ধকার দিক এই সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে।

‘দ্য ব্ল্যাকলিস্ট’ সিরিজের পোস্টার

অনেকবারই নেইমার জানিয়েছেন, থ্রিলার ও ক্রাইম ড্রামার প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। যে কারণে তিনি পছন্দের তালিকায় রেখেছেন ‘দ্য ব্ল্যাকলিস্ট’ সিরিজ। কি আছে এই সিরিজের গল্পে?

‘দ্য ব্ল্যাকলিস্ট’ জনপ্রিয় আমেরিকান ক্রাইম-থ্রিলার সিরিজ। এর গল্প সাবেক সরকারি এজেন্ট রেমন্ড রেডিংটনকে ঘিরে, যে বিশ্বের শীর্ষ অপরাধীদের একজন। সে হঠাৎ এফবিআইয়ের কাছে আত্মসমর্পণ করে এবং এক নতুন অনভিজ্ঞ এজেন্টের সহায়তায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের ধরতে সাহায্য করার বিনিময়ে নিজের মুক্তি দাবি করে।
সূত্র: নেইমার ডটকম, ইএসপিএনইউকে ডটকম ও গোলসাইড অবলম্বনে