
একটি দুর্ঘটনায় আহত হওয়া দুই ব্যক্তির গল্প নিয়ে নির্মিত হয়েছে ইরানি সিনেমা ‘হাইলাইট’। প্রথমবারের মতো সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বাংলায়। সিনেমাটি পরিচালনা করেছেন আসগার নাইমি। ৮০ মিনিটের হাইলাইট-এ অভিনয় করেছেন পেজমেন বাজেঘি, আজেদেহ জারেই, স্যাম ঘারিবিয়ানসহ আরও অনেকে।
ইরানি সিনেমার বেশ কদর রয়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এখানেও ইরানি সিনেমার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। সেই সূত্রে বাংলা ভাষার দর্শকদের কথা ভেবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি মুক্তি দিচ্ছে ইরানি সিনেমা ‘হাইলাইট’–এর বাংলা ডাব।
‘হাইলাইট’ ফ্যামিলি ড্রামা ঘরানার ছবি। অ্যাকশন, ড্রামা, ইমোশন—সব আছে এই এক সিনেমায়। সিনেমাটির গল্পে দেখা যাবে, একটি দুর্ঘটনায় আহত হয় নাসরিন ও কৌরশ নামের দুজন। আর এরপরই জানা যায়, তাদের এই সফরের ব্যাপারে কেউ কিছুই জানত না, এমনকি তাদের স্বামী-স্ত্রীরাও নয়। আর এর পর থেকেই ডানা বাঁধতে থাকে নানা রহস্যের। সবার মনে নানা রকম প্রশ্নও উঠতে থাকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হাইলাইট’।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রতি বৃহস্পতিবার মুক্তি পায় নতুন কনটেন্ট। এর ধারাবাহিকতায় আজ রাত ৮টায় বাংলা ভাষায় ইরানি সিনেমা হাইলাইট মুক্তি পাচ্ছে। সিনেমাটি ২০১৮ সালে মুক্তির পর বেশ আলোচনায় এসেছিল।
একই প্ল্যাটফর্মে হাইলাইট ছাড়াও বাংলায় ডাব করা ‘পিগ জেনে’, ‘জিরো ফ্লোর’, ‘মিরাকল ইন সেল নম্বর ৭’-এর মতো ইরানি, তুর্কিসহ ভিনদেশি ভাষার দুর্দান্ত সব সিনেমাও দেখা যাচ্ছে।