গতকাল বুধবার রাতে মুক্তি পেয়েছে শিহাব শাহীনের সিরিজ ‘ক্যাকটাস’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান।
মুক্তির পর অন্তর্জালে সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক দর্শক। একজন লিখেছেন, ‘সেই ছিল; আর শিহাব শাহীন মানে ভিন্ন কিছু।’ আরেকজন লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার অবসান’। সঙ্গে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি। কেউ আবার এখনই পরের মৌসুমের ঘোষণা চেয়েছেন।
ফেসবুকে সিনেগল্প নামে একটি গ্রুপে তানভীর ধ্রুব নামে এক দর্শক লিখেছেন, ‘শিহাব শাহীন পরিচালিত “ক্যাকটাস” ওয়েব সিরিজটি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে স্পাই থ্রিলার জনরাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ছয়টি এপিসোড মিলিয়ে ৩ ঘণ্টার বেশি দৈর্ঘ্যের এই সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের এক রহস্যময় ঘোরের মধ্যে রাখে। গল্পের বুনন এতটাই নিটোল যে দীর্ঘ সময় ধরে চললেও কোথাও একঘেয়েমি তৈরি হয় না। ‘সিরিজের কেন্দ্রীয় চরিত্র মানসিভ হিসেবে প্রীতম হাসান এবং অনুরা হিসেবে মেহজাবীন চৌধুরীর অভিনয় ছিল দেখার মতো। প্রীতম তাঁর শান্ত অথচ রহস্যময় উপস্থিতিতে মানসিভ চরিত্রটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তবে সিরিজের আসল চমক জমা ছিল শেষ এপিসোডের জন্য। ৬ নম্বর এপিসোডে গল্পের মোড় যেভাবে ঘুরেছে এবং যে পরিমাণ টুইস্ট ছিল, তা এককথায় অবিশ্বাস্য।’
এর আগে সিরিজটির ট্রেলার মুক্তির পরেও এমন আগ্রহ দেখিয়েছিলেন ভক্তরা। ‘ওয়াও! এবার অ্যাকশনে মেহজাবীন!’ ‘মেহজাবীন-প্রীতম জুটি দেখতে দারুণ হবে’—‘ক্যাকটাস’-এর ট্রেলারের নিচে মন্তব্যের ঘরে দর্শকের এমন অনেক মন্তব্য।
‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। ট্রেলারের শুরুতে তাঁকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাঁকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়। এর মধ্যেই রহস্যময় অনুরার আবির্ভাব। মেহজাবীন অভিনীত চরিত্রটিকে মানসিভের সঙ্গে অ্যাকশন করতেও দেখা যায়। কে এই অনুরা? জানতে দেখতে হবে সিরিজটি।
গল্প নিয়ে সেভাবে আভাস না দিলেও ট্রেলারে আরেকটি ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সেটি হলো ‘অ্যালেন স্বপন’। শিহাব শাহীনেরই আলোচিত এক চরিত্র এই অ্যালেন স্বপন। আপাদমস্তক শয়তানি, কিন্তু মেজাজে রসিক—এমন একটা চরিত্র। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা চরিত্রটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নাসির উদ্দিন খান। ‘ক্যাকটাস’-এ ট্রেলারে উচ্চারিত হয়েছে তাঁর নাম! ইঙ্গিত পরিষ্কার—একটা ইউনিভার্সের অংশ এই সিরিজ। এ প্রসঙ্গে শিহাব শাহীন জানান, এ সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন তিনি।
সিরিজে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি তীক্ষ্ণ ও ক্ষিপ্র, তবে কিছুটা বিপথগামী। আমি বিশ্বাস করি, সিরিজে মানসিভ চরিত্রের একটি স্বতন্ত্র সত্তা ফুটে উঠবে। মানসিভ চরিত্রটির পুরো যাত্রায় এমন কিছু বাঁক আছে, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে এবং চরিত্রটির পরিণতি জানার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন তাঁরা। ট্রেলার দেখে বোঝা গেছে, মানসিভ একজন হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। তার প্রতিটি পদক্ষেপের পেছনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে।’
ছোট পর্দা থেকে বড় পর্দা—গত কয়েক বছরে নানা বৈচিত্র্যময় চরিত্রে মেহজাবীনকে দেখা গেছে। এবারের অ্যাকশন লুক নিয়ে তিনি বলেন, ‘“ক্যাকটাস”-এ আমার চরিত্রটি এমন, যেটা আগে কখনো করিনি। ট্রেলার দেখে দর্শক এরই মধ্যে সেটা আঁচ করতে পেরেছেন। অনুরা চরিত্রটির জন্য আমাকে অ্যাকশন শিখতে হয়েছে, যা আমি এর আগে কখনোই করিনি। অ্যাকশন ডিরেক্টর এডওয়ার্ড ও তাঁর দল আমাকে খুব অল্প সময়ে অনেক কিছু শিখিয়েছেন। আমি সব সময় এমন কাজ করতে চাই, যেখানে নতুন কোনো চ্যালেঞ্জ আছে। আমার মনে হয়েছে, এমন বৈচিত্র্যময় চরিত্র হয়তো ভবিষ্যতে আর পাব না, তাই সুযোগটি হাতছাড়া করতে চাইনি। বাকিটা দর্শক বলবেন।’
চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন।
প্রীতম ও মেহজাবীন ছাড়া সিরিজটিতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাহউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম প্রমুখ।