ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি আনছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজটির শুটিং। গতকাল দুপুরে প্রকাশ পেয়েছে এর টিজার। থ্রিলার ও অ্যাকশনের মিশেলে তৈরি সিরিজটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটির টাইটেল স্পনসর ‘নোরিক্স–১’, পাওয়ার্ড বাই ‘মিনিসো’ এবং অ্যাসোসিয়েট পার্টনার ‘সিটি ব্যাংক’।
গল্পের আভাস
জানা গেছে, ‘ক্যাকটাস’–এ মানসিভ নামের এক হ্যাকারের চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। টিজারে তাঁকে কয়েদি হিসেবেও দেখা গেছে—যিনি সাইবারজগতে ভয়ংকর প্রতিভাবান। বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকেই তাকে আবারও নামতে হয় হ্যাকিংয়ে। সরকারের সহায়তায় রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।
মানসিভ চরিত্রটি নিয়ে প্রীতম হাসান বলেন, ‘চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে চরিত্রটির একটা জার্নি আছে। আশা করি, দর্শকও সেই জার্নিতে শামিল হবেন। মানসিভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য আছে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়। নির্মাতা শিহাব শাহীন দারুণ করে সিরিজটি নির্মাণ করেছেন।’
এ অভিযানে মানসিভের দেখা হয় অনুরা নামের এক চরিত্রের সঙ্গে। এই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টিজারে তাঁকে দেখা গেছে একেবারে নতুন রূপে—অ্যাকশন লুকে। কয়েকটি অ্যাকশন দৃশ্যেও তাঁর উপস্থিতি রয়েছে। শক্তিশালী, আত্মবিশ্বাসী ও কিছুটা রহস্যময় উপস্থিতি গল্পে এনেছে নতুন মাত্রা। এমন চরিত্রে মেহজাবীনকে আগে দেখা যায়নি।
মেহজাবীন বলেন, ‘এই সিরিজের চরিত্র আমাকে অনেক নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এই লেভেলের অ্যাকশন আগে করিনি। অ্যাকশন ডিরেক্টর এডওয়ার্ড গোমেজ এবং তাঁর টিম ছিল অসাধারণ। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পুরো টিম দারুণ সাপোর্ট দিয়েছে, সবাই অনেক পরিশ্রম করেছে। এখন বাকিটা দর্শকদের হাতে—তাঁরাই বলবেন আমরা কেমন কী করতে পেরেছি।’
নির্মাণ ও প্রত্যাশা
বরাবরই সমসাময়িক ও টানটান গল্প বলার জন্য পরিচিত শিহাব শাহীন। শুটিং শুরুর আগে জানিয়েছিলেন, এই সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই চরিত্র তৈরি করতে চান তিনি, ভবিষ্যতে স্পাই ইউনিভার্স গড়ার পরিকল্পনাও তাঁর রয়েছে। এ বিষয়ে শিহাব শাহীন বলেন, ‘সিরিজ দেখলেই সেটা দর্শক বুঝতে পারবেন। টিজার দেখে হয়তো বোঝা যাচ্ছে, এবারের শুটিং বেশ চ্যালেঞ্জিং ছিল। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়ে অনেক বড়।’ নির্মাতা জানান, ক্যাকটাস–এর গল্পটা মূলত মানসিভ চরিত্র ঘিরে। তার সঙ্গে অনুরা চরিত্রটি যুক্ত হয়ে গল্পে নিয়ে আসে নতুন মোড়।
ক্যাকটাস–এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন হাসান, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু ও সানজিদা তাসনীম।