এক প্ল্যাটফর্মে আসছে প্যারামাউন্ট+ এবং এইচবিও ম্যাক্স। কোলাজ
এক প্ল্যাটফর্মে আসছে প্যারামাউন্ট+ এবং এইচবিও ম্যাক্স। কোলাজ

এক প্ল্যাটফর্মে আসছে প্যারামাউন্ট+ এবং এইচবিও ম্যাক্স

স্ট্রিমিং দুনিয়ায় বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে প্যারামাউন্ট গ্লোবাল। সংস্থাটি জানিয়েছে, প্যারামাউন্ট+ এবং এইচবিও ম্যাক্স—এই দুই প্ল্যাটফর্মকে একত্র করে একটি নতুন স্ট্রিমিং পরিষেবা চালু করা হবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সঙ্গে প্যারামাউন্টের প্রস্তাবিত একীভবন সম্পন্ন হওয়ার পর। তবে একীভবন হলেও ‘এইচবিও’ ব্র্যান্ডকে আলাদা মর্যাদা দেওয়া হবে—এ কথা স্পষ্ট করেছেন প্যারামাউন্টের প্রধান নির্বাহী ডেভিড এলিসন।

বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে এলিসন জানান, দুই প্ল্যাটফর্ম মিলিয়ে বর্তমানে সরাসরি গ্রাহকের সংখ্যা দুই কোটির বেশি। তাঁর দাবি, একীভূত প্ল্যাটফর্ম বাজারের শীর্ষ স্ট্রিমিং সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করবে।
ডেভিড এলিসন বলেন, চলতি বছরের মাঝামাঝি প্যারামাউন্ট তাদের তিনটি পরিষেবাকে একটি একীভূত প্রযুক্তিগত কাঠামোর আওতায় আনবে। কনটেন্ট ও প্রযুক্তির সমন্বয়ে বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোই তাঁদের লক্ষ্য।

একীভূত প্ল্যাটফর্মে এইচবিও কীভাবে থাকবে—স্বতন্ত্র ট্যাব হিসেবে, নাকি পুরোপুরি মিশে যাবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এলিসন জোর দিয়ে বলেছেন, এইচবিও ব্র্যান্ডকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

বর্তমানে এইচবিওর কনটেন্ট বিভাগ পরিচালনা করছেন কেসি ব্লয়েজ। এলিসনের কথায়, ‘কেসি ও তাঁর দল অসাধারণ কাজ করছেন। এইচবিও যা সবচেয়ে ভালো পারে, সেটাই যেন তারা স্বাধীনভাবে করতে পারে—আমরা সেটাই চাই। এইচবিওকে এইচবিও হিসেবেই থাকতে হবে। তারা একটি দুর্দান্ত ব্র্যান্ড গড়ে তুলেছে। আমরা চাই, তারা সেই মান বজায় রেখেই আরও এগিয়ে যাক।’

গত ডিসেম্বরে নেটফ্লিক্সও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনতে আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত প্যারামাউন্টের প্রস্তাব গ্রহণ করে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির পরিচালনা পর্ষদ। ফলে দুই সংস্থার একীভবনের পথ খুলে যায়।

বিশ্লেষকদের মতে, এই একীভবন সফল হলে বৈশ্বিক স্ট্রিমিং বাজারে বড় পরিবর্তন আসতে পারে। একদিকে বিপুল কনটেন্ট লাইব্রেরি, অন্যদিকে প্রযুক্তিগত সমন্বয়—সব মিলিয়ে নতুন প্ল্যাটফর্মটি হবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

ভ্যারাইটি অবলম্বনে