ছোট্ট একটি উপকূলীয় শহর, উত্তাল সমুদ্র, পানির নিচে লুকিয়ে থাকা অজানা আতঙ্ক আর পরিবারকে বাঁচানোর মরিয়া চেষ্টা—এই উপাদানগুলো নিয়েই তৈরি কানাডীয় সিরিজ ‘বিলো’। ৮ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই সিরিজটি আন্তর্জাতিক দর্শকদের নজর কেড়েছে। বাংলাদেশেও নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের তালিকার শীর্ষে উঠে এসেছে এটি।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েও সিরিজটির সাফল্য চোখে পড়ার মতো। নেটফ্লিক্সের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে ১ কোটি ৭০ লাখ ভিউ নিয়ে ইংরেজি ভাষার সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নেয় ‘বিলো’। পরের সপ্তাহে দর্শকসংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ২ কোটি ১২ লাখে। নেটফ্লিক্সের কোনো কানাডীয় প্রযোজনার জন্য এটি নতুন রেকর্ড।
কিন্তু কী আছে এই সিরিজে, যার টানে দর্শকেরা পর্দার সামনে বসছেন? কেবল সমুদ্রের দানবের গল্প, নাকি এর আড়ালে উঠে এসেছে পরিবার, জীবিকার সংকট, বিচ্ছিন্ন জনপদের জীবন আর পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের আরও গভীর কিছু?
রহস্যের শুরু মাছ ধরা ছোট্ট একটি শহরে
ছয় পর্বের এই থ্রিলার সিরিজের গল্পের কেন্দ্রে ক্যালভিন পেনি। চরিত্রটিতে অভিনয় করেছেন হলিউডের অভিনেতা জশ হার্টনেট। কানাডার নিউফাউন্ডল্যান্ডের প্রত্যন্ত উপকূলীয় শহর স্নুকস আর্মের বাসিন্দা ক্যালভিন একজন জেলে। জীবনে একের পর এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন তিনি। শৈশবে বাবার রহস্যময় মৃত্যু তাঁকে তাড়া করে ফেরে। নিজের পরিবারকে একসঙ্গে ধরে রাখা এবং শহরের মানুষের কাছে নিজের অবস্থান প্রতিষ্ঠা করাও তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে।
এমন সময় শহরের সমুদ্রে দেখা দেয় এক অজানা প্রাণী। প্রাণীটির উপস্থিতি শুধু মানুষের জীবনের জন্য হুমকি হয়ে ওঠে না, বিপন্ন করে তোলে পুরো জনপদের ভবিষ্যৎ। ক্যালভিনকে তখন একদিকে নিজের সন্তানদের রক্ষা করতে হয়, অন্যদিকে শহরের মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর লড়াইয়ে নামতে হয়।
এ রহস্যের সমাধানে ক্যালভিনের পাশে দাঁড়ান সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণাকারী ফন্ডা হাওয়ান্ডার। চরিত্রটিতে অভিনয় করেছেন ম্যাকেঞ্জি ডেভিস। ক্যালভিনের ছেলে ওয়েডের চরিত্রে আছেন ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত চার্লি হিটন। তদন্ত যত এগোয়, ততই সামনে আসতে থাকে শহরটির অতীত, পারিবারিক সম্পর্কের জটিলতা এবং সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা বিপদের নানা দিক।
শুধু দানবের গল্প নয়, আছে মানুষের বেঁচে থাকার লড়াই
‘বিলো’ জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, এটি প্রচলিত দানবকেন্দ্রিক গল্পের ছক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। এখানে রহস্যময় প্রাণীটি বড় আকর্ষণ হলেও গল্পের কেন্দ্রে রয়েছে মানুষের জীবন। সমুদ্রের সঙ্গে যাঁদের জীবিকা, সংস্কৃতি ও পারিবারিক ইতিহাস জড়িয়ে, তাঁদের কাছে সমুদ্রের এই বিপদ নিছক কোনো অজানা প্রাণীর আক্রমণ নয়। এটি তাঁদের অস্তিত্বের সংকট।
শহরটির মানুষ এমনিতেই অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে। মাছের সরবরাহ কমে আসছে, জীবিকার পথ সংকুচিত হচ্ছে। এর মধ্যে জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার বিনিময়ে ক্ষতিপূরণ নেওয়া নিয়েও স্থানীয় মানুষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। কেউ নতুন জীবনের সম্ভাবনা দেখেন, কেউ আবার পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে যেতে চান না। এই দ্বন্দ্বের মধ্যেই হাজির হয় সমুদ্রের অজানা আতঙ্ক।
ফলে সিরিজটিতে একাধিক প্রশ্ন উঠে আসে। জীবনের নিরাপত্তা আর শিকড়ের টান—কোনটিকে অগ্রাধিকার দেবে মানুষ? বিপদের মুখে একটি ছোট সম্প্রদায় কীভাবে ঐক্যবদ্ধ হয়? আর যে পরিবেশের ওপর নির্ভর করে তাদের বেঁচে থাকা, সেই পরিবেশই যখন হুমকি হয়ে দাঁড়ায়, তখন তাদের সামনে কী পথ খোলা থাকে?
সিরিজটির নির্মাতারা জলবায়ু পরিবর্তন, জীবিকার অনিশ্চয়তা ও স্থানীয় সংস্কৃতির মতো বিষয়ও গল্পের মধ্যে রেখেছেন। তবে সেগুলোকে আলাদা করে বক্তৃতার মতো হাজির না করে রহস্য ও পারিবারিক টানাপোড়েনের মধ্য দিয়েই তুলে ধরার চেষ্টা করেছেন।
দর্শক কেন দেখছেন
অজানা প্রাণীকে ঘিরে রহস্য গল্পটির প্রধান চালিকা শক্তি। প্রাণীটি কখন আক্রমণ করবে, তার প্রকৃত পরিচয় কী, আর শহরের সঙ্গে এর সম্পর্ক কোথায়—এমন প্রশ্ন দর্শককে পরের পর্ব দেখতে আগ্রহী করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ক্যালভিন কোনো অপরাজেয় সুপারহিরো নন। অতীতের ক্ষত, পারিবারিক দায়িত্ব ও নিজের ব্যর্থতার বোধ তাঁকে দুর্বল করে। তবু প্রিয়জনদের রক্ষায় তিনি লড়াই করেন। এই মানবিক দিক চরিত্রটির প্রতি দর্শকের সহানুভূতি তৈরি করে।
পাথুরে উপকূল, ধূসর আকাশ, কুয়াশা, উত্তাল জলরাশি ও বিচ্ছিন্ন জনপদ—সব মিলিয়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ। বিশাল শহর বা আধুনিক প্রযুক্তির বদলে প্রকৃতির কাছে অসহায় মানুষের লড়াই গল্পটিকে আলাদা করেছে।
প্রাণীর আক্রমণ ছাড়াও বাবা-ছেলের সম্পর্ক, পরিবারের ভাঙন, পুরোনো শোক এবং শহরের মানুষের পারস্পরিক অবিশ্বাস গল্পকে এগিয়ে নেয়। ফলে শুধু ভৌতিক বা দানবের গল্পে আগ্রহী নন, এমন দর্শকেরও দেখার মতো উপাদান রয়েছে।
দীর্ঘ একাধিক মৌসুমের সিরিজের বদলে ছয় পর্বের সীমিত সিরিজ হওয়ায় দর্শক অল্প সময়ে পুরো গল্প দেখে নিতে পারেন। প্রতিটি পর্বে রহস্যের নতুন দিক উন্মোচিত হওয়ার সুযোগও রয়েছে।
অভিনয়ে জশ হার্টনেটের প্রত্যাবর্তন
সিরিজটির আন্তর্জাতিক জনপ্রিয়তার পেছনে পরিচিত অভিনয়শিল্পীদের উপস্থিতিও বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে জশ হার্টনেটের অভিনয় দর্শকের মনোযোগ কেড়েছে।
একসময় ‘পার্ল হারবার’, ‘ব্ল্যাক হক ডাউন’ ও ‘পেনি ড্রেডফুল’-এর মতো কাজের জন্য পরিচিত হার্টনেট সাম্প্রতিক বছরগুলোতেও বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ‘ওপেনহেইমার’ ও ‘ট্র্যাপ’-এর মতো চলচ্চিত্রে কাজ করার পর ‘বিলো’তে তিনি ফিরেছেন এমন একটি চরিত্রে, যার শক্তি পেশির চেয়ে মানসিক দৃঢ়তায় বেশি।
ক্যালভিনের মধ্যে একই সঙ্গে রয়েছে জেদ, অসহায়ত্ব, রাগ ও পরিবারের প্রতি গভীর মমতা। নিজের জীবনের দুর্ভাগ্যকে একসময় নিয়তি বলে মেনে নেওয়া মানুষটি সংকটের মুখে দায়িত্ব নিতে শেখেন। চরিত্রটির এই পরিবর্তন ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছেন হার্টনেট।
অভিনেতার নিজের ভাষ্য অনুযায়ী, সিরিজটির প্রথম দুটি পর্বের চিত্রনাট্য তিনি এক ঘণ্টারও কম সময়ে পড়ে শেষ করেছিলেন। গল্পের স্বতন্ত্র ধরন এবং চরিত্রের প্রতি আগ্রহই তাঁকে কাজটির দিকে টেনেছিল। নিউফাউন্ডল্যান্ডের জেলে চরিত্রে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে স্থানীয় উচ্চারণও রপ্ত করতে হয়েছে তাঁকে।
ফন্ডা হাওয়ান্ডার চরিত্রে ম্যাকেঞ্জি ডেভিস গল্পে যুক্ত করেছেন অনুসন্ধানী মনোভাব ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। অন্যদিকে চার্লি হিটনের ওয়েড চরিত্রটি পরিবারের সংকটের পাশাপাশি নতুন প্রজন্মের উদ্বেগ ও অনিশ্চয়তার দিকটি সামনে আনে। ‘স্ট্রেঞ্জার থিংস’-এ অভিনয়ের কারণে হিটন আন্তর্জাতিক দর্শকের কাছে আগে থেকেই পরিচিত।
নির্মাতা ও পরিচালনায় কারা
‘বিলো’র নির্মাতা কানাডীয় চিত্রনাট্যকার জেসি ম্যাককিওন। ‘দ্য আমব্রেলা একাডেমি’ ও ‘১৯-২’ সিরিজের সঙ্গে লেখক হিসেবে যুক্ত ছিলেন তিনি। নিউফাউন্ডল্যান্ডের প্রকৃতি, বিচ্ছিন্ন জনপদ এবং সেখানকার মানুষের জীবনযাপনের প্রতি দীর্ঘদিনের আগ্রহ থেকেই এ ধরনের গল্প নির্মাণের ভাবনা এসেছে তাঁর।
সিরিজটির পরিচালনায় রয়েছেন জেমি চাইল্ডস, হেলেন শেভার ও স্টিফেন ডান। চাইল্ডস ‘দ্য স্যান্ডম্যান’ ও ‘হিজ ডার্ক ম্যাটেরিয়ালস’ সিরিজে কাজ করেছেন। শেভারের কাজের তালিকায় রয়েছে ‘দ্য পেঙ্গুইন’ ও ‘স্টেশন ইলেভেন’। আর স্টিফেন ডান পরিচিত ‘ক্লসেট মনস্টার’ ও ‘কুইয়ার অ্যাজ ফোক’-এর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য।
চিত্রনাট্য লিখেছেন কারেন ওয়ালটন, পেরি শ্যাফে ও ন্যাট্টি জাভিৎস। ‘অরফান ব্ল্যাক’-এ কাজের অভিজ্ঞতা রয়েছে ওয়ালটনের। সব মিলিয়ে রহস্যনির্ভর গল্পের পাশাপাশি চরিত্র ও পরিবেশ নির্মাণে অভিজ্ঞ একটি দল কাজ করেছে সিরিজটিতে।
শুটিং হয়েছে নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের বিভিন্ন জায়গায়। ৭৫ দিন ধরে চলা এই শুটিংয়ে সেন্ট জনস, ব্রিগাস সাউথ ও পাউচ কোভের মতো স্থান ব্যবহৃত হয়েছে। স্থানীয় জেলে সম্প্রদায়ের জীবনযাপন ও ঐতিহ্য সম্পর্কে ধারণা নিতে নির্মাতারা স্থানীয় সংগঠনের সহায়তাও নিয়েছেন। পোশাকের ক্ষেত্রে স্থানীয়ভাবে তৈরি উলের সোয়েটার, স্কার্ফ ও মিটেন ব্যবহার করা হয়েছে।
সমুদ্রের অজানা প্রাণীটিকে পর্দায় বাস্তবসম্মত করে তুলতে সামুদ্রিক জীববিজ্ঞানী অ্যানি মার্সিয়েরের পরামর্শ নেওয়া হয়েছে। ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করেছে টরন্টোভিত্তিক প্রতিষ্ঠান মি. এক্স। অর্থাৎ কল্পনার প্রাণী হলেও সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে বৈজ্ঞানিক পরামর্শ ও প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে।
ভিউয়ের হিসাবে কতটা এগিয়ে
পরিসংখ্যান বলছে, ‘বিলো’র সাফল্য কেবল মুক্তির প্রথম কয়েক দিনের কৌতূহলে সীমাবদ্ধ থাকেনি। নেটফ্লিক্সের বৈশ্বিক ইংরেজি সিরিজের তালিকায় প্রথম সপ্তাহে ১ কোটি ৭০ লাখ ভিউ পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে ২ কোটি ১২ লাখে পৌঁছেছে। দ্বিতীয় সপ্তাহের এই দর্শকসংখ্যা কোনো কানাডীয় মৌলিক সিরিজের জন্য এক সপ্তাহে সর্বোচ্চ বলে জানিয়েছে নেটফ্লিক্স। মুক্তির পর সিরিজটি ৫৩টি দেশের তালিকায় এক নম্বরে উঠেছিল এবং ৯০টি দেশের সেরা দশে জায়গা পেয়েছিল।
বাংলাদেশের ক্ষেত্রেও সিরিজটি নেটফ্লিক্সের সাপ্তাহিক সেরা দশে জায়গা করে নেয়। ৫ থেকে ১১ অক্টোবরের তালিকায় এটি ছিল তৃতীয় অবস্থানে। এখন এটি উঠে এসেছে শীর্ষে।
নেটফ্লিক্সডটকম, আইএমডিবি ও স্ক্রিনর্যান্ট অবলম্বনে