
এ সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘টিফিন বক্স’
ধরন: ফ্ল্যাশ ফিকশন
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
‘খেয়েছ?’ কিংবা ‘খেয়েছেন?’ এ প্রশ্নের মুখোমুখি আমরা প্রায়ই হই। এই একটা শব্দের ভেতরে যে মমতা, যত্ন ও ভালোবাসা লুকিয়ে আছে, ‘টিফিন বক্স’-এ সেটিকেই দৃশ্যকাব্যের ভাষায় অনুবাদ করেছেন রাকায়েত রাব্বি। ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ১০ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে সীমিত দৈর্ঘ্যের এই কাহিনিচিত্র। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার।
‘দ্য মিউজিয়াম অব ইনোসেন্স’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
ছয় বছর আগে নিজের বহুল আলোচিত উপন্যাস ‘দ্য মিউজিয়াম অব ইনোসেন্স’–এর চলচ্চিত্র রূপান্তরের খসড়া চিত্রনাট্য হাতে পেয়ে হতবাক হয়ে গিয়েছিলেন নোবেলজয়ী তুর্কি লেখক ওরহান পামুক। ১৯৭০ ও ৮০–এর দশকের ইস্তাম্বুলের প্রেক্ষাপটে তাঁর লেখা ভালোবাসার গল্প চিত্রনাট্যে এমনভাবে বদলে ফেলা হয়েছিল, যা তাঁর ভাষায় ‘অতিরিক্ত ও অগ্রহণযোগ্য’। শেষ পর্যন্ত তিনি আইনি লড়াইয়ে নামেন, গল্পের স্বত্ব ফিরে পেতে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন। নতুন করে শুরু হয় উপন্যাস থেকে সিরিজ নির্মাণের উদ্যোগ। অবশেষে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে সিরিজটি। জয়নব তান পরিচালিত সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এমিরহান পারলক ও এইলুল কান্দেমীর।
‘প্রিডেটর: ব্লাডলাইনস’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও হটস্টার
দিনক্ষণ: চলমান
বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার ছিলেন প্রথম কিস্তির নায়ক। দর্শকদের ব্যাপক সাড়ায় দারুণ সাফল্য পায় ছবিটি।
এরপর প্রায় চার দশকজুড়ে এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের উপহার দিয়েছে আরও সিনেমা, সবশেষটি ‘প্রিডেটর: ব্লাডলাইনস’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছরের নভেম্বরে। এবার এসেছে ওটিটিতে। ড্যান ট্র্যাচেনবার্গ পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এল ফ্যানিং।
‘বেবি গার্ল’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসন্তান নিখোঁজ হয়; সন্দেহভাজন হিসেবে আটক করা হয় সেই শিশুর দেখভাল করা ব্যক্তিকে! কিন্তু সত্যিই কি সে এই ‘নিখোঁজ রহস্য’র সঙ্গে জড়িত? এমন গল্প নিয়ে এগিয়েছে অরুণ ভার্মার সিনেমাটি। এতে অভিনয় করেছেন নিভিন পাউলি, লিজো মোল জোসে।
‘ইজ দিস থিং অন?’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
গত বছর মুক্তি পর সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল ব্র্যাডলি কুপারের কমেডি ড্রামাটি। এবার এসেছে ওটিটিতে। নির্মাতা কুপার ছাড়াও এতে অভিনয় করেছেন লরা ডার্ন ও উইল আর্নেট।