ত্রিধা পাল মান্
ত্রিধা পাল মান্

বাবা–মায়ের সঙ্গে আড়াই শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চরকি অ্যাওয়ার্ডসে ছোট্ট মান্

বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন ‘ সেনসেশন চরকি কার্নিভ্যাল’-এ অংশ নিতে বাবা-মায়ের সঙ্গে আড়াই শ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিল শিশুশিল্পী ত্রিধা পাল মান্। শনিবার সকালেই রওনা দিয়েছিল তারা। ঢাকায় পৌঁছে এক আত্মীয়ের বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় যোগ দেয় কার্নিভ্যালে। অনুষ্ঠান শেষে আর একমুহূর্তও দেরি করেনি। প্রিয় তারকাদের সঙ্গে একটি বিকেল ও সন্ধ্যা কাটিয়ে আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় ছোট্ট মান্। কারণ, পরদিনই তার স্কুলের পরীক্ষা।

বাবা–মায়ের সঙ্গে মান্

মানের মা প্রথম আলোকে জানান, অনুষ্ঠানে যাওয়ার জন্য মান্ নিজের সাজ নিজেই করেছে। এত দীর্ঘ ভ্রমণ আর ব্যস্ততার মধ্যেও তার উচ্ছ্বাসে কোনো কমতি ছিল না।
গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় নীতু চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছে মান্। তবে এর আগেই নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘২ষ’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিল সে। কার্নিভ্যালে ঢুকতেই দীর্ঘদিন পর নুহাশ হুমায়ূনের সঙ্গে দেখা হয় তার।

জয়ার সঙ্গে মান্

সেই মুহূর্তের কথা জানিয়ে মান্ প্রথম আলোকে বলে, ‘নুহাশ আঙ্কেলের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে। আমাকে দেখেই বললেন, “আরে মান্, তোমাকে তো এখন সবাই চেনে। তুমি অনেক বড় তারকা।” তখন আমি বলেছি, “আঙ্কেল, আপনিই তো আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন।”’

‘বনলতা এক্সপ্রেস’-এ মোশাররফ করিম ও শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করেছে মান্। কার্নিভ্যালে তাঁদের সঙ্গেও দেখা হয়। ছোট্ট এই অভিনেত্রীর কথায়, ‘মোশাররফ আঙ্কেল তো আমার সবচেয়ে প্রিয় অভিনেতা। আমাকে দেখেই বললেন, “মান্, তুমি এসেছ!” আর রাজ আঙ্কেল পাশে থাকা সবাইকে দেখিয়ে বললেন, “এই যে, আমাদের বনলতা এক্সপ্রেসের সবার আদরের মান্।”’

রাজের সঙ্গে মান্

নুহাশ হুমায়ূনের ‘২ষ’ ওয়েব সিরিজে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছিল মান্। চরকি কার্নিভ্যালে জয়ার ঠিক পেছনের সারিতেই বসেছিল সে। অনুষ্ঠানের ফাঁকে দুজনের একসঙ্গে ছবিও তোলে। এ সময় স্নেহভরে মানের খোঁজখবর নেন জয়া।  
শুধু তাঁরাই নন, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, আফরান নিশোসহ ওটিটির অনেক পরিচিত মুখের সঙ্গেই দেখা হয়েছে মানের। এ ছাড়া রায়হান রাফী, স্পর্শিয়া, সাফা কবির, দীঘি ও সাদিয়া আয়মানদের সঙ্গেও ছবি তুলেছে সে। মানের সঙ্গেও ছবি তুলেছেন অনেকে। রেড কার্পেটেও হেঁটেছে মান্।

তবে তারকাদের সঙ্গে দেখা হওয়ার আনন্দের মাঝেও ছোট্ট একটা কষ্ট ছিল মানের মনে। একে একে সবার হাতে পুরস্কার উঠতে দেখে পাশেই মাকে জিজ্ঞেস করেছিল, আমি কি পাব না। মা তাকে বুঝিয়েছেন, ‘নিশ্চয়ই তুমি একদিন পাবে।’ মায়ের কথা শুনে মুখে হাসি ফেরে মানের মুখে।