‘সারার সংসার’ ওয়েব ফিল্মে সাদিয়া ইসলাম মৌ
‘সারার সংসার’ ওয়েব ফিল্মে সাদিয়া ইসলাম মৌ

গল্প পছন্দ হলেই কাজ করেন মৌ

বছরখানেক আগে শুটিং শেষ হয়েছিল। অবশেষে মুক্তি পাচ্ছে সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘সারার সংসার’। ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে আইস্ক্রিনে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে। বুধবার প্রথম আলোর সঙ্গে আলাপে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক আকা রেজা গালিব ও প্রধান চরিত্রের অভিনয়শিল্পী মৌ।

‘সারার সংসার’ ওয়েব ফিল্মে সাদিয়া ইসলাম মৌ

কাজী আনোয়ার হোসেনের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘সারার সংসার’। সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্রনাট্যরূপ দিয়েছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর। গল্পে উঠে এসেছে এক মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ, নৈতিক দ্বন্দ্ব এবং সন্তানকে রক্ষার সংগ্রামের গল্প। জটিল ও আবেগঘন এই চরিত্রেই মৌকে দেখা যাবে।

‘সারার সংসার’ ওয়েব ফিল্মে রাশেদ মামুন অপু ও সাদিয়া ইসলাম মৌ

ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ মুক্তির খবরে মৌ বলেন, ‘কাজটি মুক্তি পাচ্ছে শুনে খুব ভালো লাগছে।’ একটা কথা চালু আছে, মৌ অভিনয় খুব একটা করেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ঠিক না। প্রত্যেক শিল্পীই ভালো গল্পের অপেক্ষায় থাকেন। আমরাও ব্যতিক্রম নই। যখন কোনো কাজের প্রস্তাব আসে, চিত্রনাট্য ভালো লাগলে, পরিচালক আন্তরিকভাবে চাইলে এবং সবকিছু মিলে গেলে অবশ্যই কাজ করি।’

‘সারার সংসার’ ওয়েব ফিল্মে সাদিয়া ইসলাম মৌ

মৌ আরও বলেন, ‘আমাদের অভিজ্ঞতা যেমন বেড়েছে, তেমনি বয়সও বেড়েছে। এখন চরিত্রের বিশ্বাসযোগ্যতা খুব গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে আমি দুই সন্তানের মা। তাই এমন চরিত্রই করতে চাই, যেটি আমার বয়স ও অবস্থানের সঙ্গে মানানসই। আমাকে তো এখন আর ১৬ বছরের কিশোরীর চরিত্রে মানাবে না।’

‘সারার সংসার’ ওয়েব ফিল্মে সাদিয়া ইসলাম মৌ ও রাশেদ মামুন অপু

‘সারার সংসার’–এ অভিনয়ের আগে গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা আকা রেজা গালিবের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন মৌ। তাঁর ভাষ্য, ‘আমি তো অভিনয়ের মানুষ নই—নাচ ও মডেলিং থেকেই আমার পরিচিতি। অভিনয় করতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। সব সময়ই মনে হয়, আরও ভালো করা যেত। তবে এই কাজ আমার কাছে আলাদা মনে হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে, পরিচালক আমাকে যেভাবে চরিত্রটির জন্য ভেবেছেন এবং কাজের প্রস্তাব দিয়েছেন।’

নির্মাতা আকা রেজা গালিবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মৌ। তিনি বলেন, ‘গালিব ভাইকে আমার খুব আন্তরিক একজন মানুষ মনে হয়েছে। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল।’

সাদিয়া ইসলাম মৌ

অন্যদিকে আকা রেজা গালিবও মৌয়ের অভিনয়ের প্রশংসা করেছেন, ‘এই গল্পের প্রকৃত নায়কই মৌ। চরিত্রটির জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই মুগ্ধতার।’

প্রায় ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সারার সংসার’ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, নাফিসা মালিয়াত ও মনীষা শিকদার।