আজ বুধবার বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আয়োজকেরা
আজ বুধবার বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আয়োজকেরা

ইউরোভিশনের পথে বাংলাদেশ

দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বখ্যাত ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বা ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা তাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে এশিয়ায়। আর এই ঐতিহাসিক আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরবেন কোন শিল্পী? সেই যোগ্য প্রতিনিধিকে খুঁজে বের করতে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ-সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’।

বিচারক প্যানেলে থাকবেন দেশের জনপ্রিয় ও গুণী সংগীত ব্যক্তিত্ব ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন

আজ বুধবার বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আয়োজকেরা। জানান, এই প্রতিযোগিতার চূড়ান্ত চমক অর্থাৎ ‘ন্যাশনাল ফাইনাল’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। সেই অনুষ্ঠানে বিজয়ী শিল্পী প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সাত দশক ধরে মৌলিক গান ও সুরের টানে বিশ্বকে এক সুতায় বেঁধে রেখেছে ইউরোভিশন। এবার সেই মঞ্চে লড়াইয়ের সুযোগ পাচ্ছেন এশিয়ার শিল্পীরাও। এর মাধ্যমে কোটি কোটি আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।

তাহসান খান

‘বঙ্গ’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং হওয়া এই প্রতিযোগিতার অফিশিয়াল টেলিভিশন পার্টনার এনটিভি। যেকোনো সংগীতধারার একক শিল্পী, ডুয়েট (দ্বৈত) কিংবা ব্যান্ড এই আয়োজনে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি বিচারক প্যানেলে থাকবেন দেশের জনপ্রিয় ও গুণী সংগীত ব্যক্তিত্ব ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।

বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘৭০ বছর ধরে ইউরোভিশন সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে এক সুতায় বেঁধেছে। এশিয়ায় এর পদার্পণ আমাদের দেশের নতুন প্রজন্মের প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার এক অসামান্য সুযোগ এনে দিয়েছে।’

মোহাম্মদ আলী হায়দার আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধিকে খুঁজে বের করার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গ অত্যন্ত গর্বিত। আমরা দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যাতে তাঁরা বাংলা গানের ইতিহাসে এক নতুন আন্তর্জাতিক অধ্যায় রচনায় অংশ নিতে পারেন।’

ইউরোভিশনের গতবারের ফাইনালের মঞ্চ

১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।