‘চক্র ২’ সিনেমার একটি দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে
‘চক্র ২’ সিনেমার একটি দৃশ্য।  ছবি: নির্মাতার সৌজন্যে

৯ জনের মৃত্যুর রহস্য, এবার ‘চক্র ২’

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করে। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চক্র তৈরি করেন ভিকি জাহেদ। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় সেই সিরিজ। মুক্তির পর থেকেই দর্শক–প্রশংসিত ওয়েব সিরিজটির দ্বিতীয় মৌসুমের দাবি ওঠে। অবশেষে আসছে ‘চক্র ২’। আইস্ক্রিনে আজ বৃহস্পতিবার থেকে দেখা যাবে এই সাইকোলজিক্যাল থ্রিলার।

পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনা। প্রথম মৌসুমে ঘটনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া গেলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। শেষ দৃশ্যে দেখা যায়, এক পরিবারের সদস্যরা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই ভয়াবহ মুহূর্তে পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। কিন্তু সমাধান দেওয়া বা পাশে দাঁড়ানোর বদলে হুমায়ূনের আচরণই রহস্যকে আরও জটিল করে তোলে। দ্বিতীয় মৌসুমে সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি গল্প আরও গভীর ও অন্ধকার মোড় নেবে বলে জানিয়েছেন নির্মাতা।

‘চক্র ২’–এর বিভিন্ন দৃশ্য

ভিকি জাহেদ বলেন, ‘যেখানে চক্রর গল্প শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে নতুন সিজন। আদম পরিবারের পেছনের গল্প এবার বিস্তারিতভাবে দেখা যাবে। এমন কী হয়েছিল যে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিল, সেটিই এই মৌসুমের মূল অনুসন্ধান।’ তিনি আরও বলেন, ‘আমি বলব না এটি সরাসরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত; বরং বাস্তব ঘটনার প্রেরণায় এটি একটি ফিকশন। বিনোদনের মধ্য দিয়ে দর্শকদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চেয়েছি।’

প্রায় ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারজুড়েই রহস্যের আবহ। পোস্টারেও তৌসিফ মাহবুবকে এক ভীতিকর লুকে দেখা গেছে—মাথাবিহীন রক্তাক্ত দেহ, এক হাতে চাপাতি, অন্য হাতে কাটা হাত। আইস্ক্রিনের ফেসবুক ও ইউটিউবে ট্রেলার শেয়ার করে লেখা হয়, ‘সবচেয়ে ভয়ংকর শয়তান কিন্তু বাইরে থাকে না, সে বাস করে মানুষের মস্তিষ্কের গভীরে। আদম পরিবারের সেই ভয়াবহ ঘটনার পরতে পরতে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক খেলা এবার উন্মোচিত হবে। আপনি কি সেই ডায়েরির পাতা ওলটাতে প্রস্তুত?’

‘চক্র ২’ লুকে মৌসুমী মৌ

প্রথম মৌসুমের মতো এবারও হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। তাঁর ভাষ্য, দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য এটি নয়। এই সিরিজ আপনাকে অনেক ডিস্টার্ব করতে পারে। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তৌসিফ বলেন, ‘ভয়াবহ কিছু দৃশ্য ধারণের সময় ইউনিটের কেউ কেউ সেট ছেড়ে চলে গিয়েছিলেন, এমনকি অসুস্থও হয়ে পড়েছিলেন। এ সিরিজের চরিত্রের লুক ও মেজাজ ধরে রাখার জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। শুটিং চলাকালে অন্য কোনো কাজও করিনি।’

নতুন মৌসুমে যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন। ভিকি জাহেদের পুনর্জন্ম ও নীলসুখ দেখার পর তাঁর নির্মাণশৈলী সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন তিনি। তখন থেকেই ভিকির সঙ্গে কাজ করার ইচ্ছা।

চক্র ২–তে কীভাবে যুক্ত হলেন, সেই গল্পও শোনালেন বাঁধন, ‘বছরখানেক আগে মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনারে গেছি। একই জায়গায় সেদিন ভিকি আরও দুই শিল্পীকে গল্প শোনাচ্ছিল। আমি নিজেই গিয়ে তার সঙ্গে কথা বলি। বলি, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। সে তখন বলল, অবশ্যই আপু। প্রায় এক বছর পর চক্র ২–এর একটি চরিত্র নিয়ে ভিকি আমার সঙ্গে কথা বলে। চরিত্রটি শুনে আমারও বেশ চমৎকার মনে হয়।’

ভিকির নির্মাণশৈলী নিয়ে বাঁধন বলেন, ‘ভিকি যেভাবে গল্পগুলো ভাবে, সেভাবে অন্য কাউকে ভাবতে দেখিনি। ওর আলাদা গল্প বলার ধরন আছে, যেটা আমাকে সব সময় আকর্ষণ করে। সে কারণেই কাজ করার আগ্রহ তৈরি হয়েছে। যেভাবে চরিত্রগুলো পর্দায় উপস্থাপন করে, সেটাও আমার কাছে চমৎকার লাগে।’

প্রথমবার চক্র–এ জড়ানোর অভিজ্ঞতা জানাতে গিয়ে মৌসুমী মৌ বলেন, ‘শুটিংয়ের আগে ভিকি ভাইয়া বলেছিলেন, সেন্ট অব আ ওমেন চলচ্চিত্রের আল পাচিনোকে (লেফটেন্যান্ট কর্নেল ফ্রাঙ্ক স্লেড) গিলে ফেলুন। ও যা করে, তা–ই করার চেষ্টা করুন। আমি সারাক্ষণই আল পাচিনোকে দেখতাম। রাস্তায় শুটিংয়ের সময় অনেক পথচারী আমাকে সত্যি সত্যি অন্ধ মনে করে রাস্তা পার করে দিচ্ছিল আর বারবার শট এনজি হচ্ছিল।’

ভিকি জাহেদ

আজ দুপুর ১২টায় আইস্ক্রিনে মুক্তি পাবে ‘চক্র ২’। সিরিজটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।