‘পসিবল লাভ’ সিনেমার দৃশ্য
‘পসিবল লাভ’ সিনেমার দৃশ্য

নেটফ্লিক্সে আলোচনায় ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়

তিন ঘণ্টার ধীরগতির সিনেমা। এমন ছবি দেখার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স দর্শকদের আগ্রহ খুব বেশি নয়। তবে নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন সিনেমা ‘পসিবল লাভ’ সেই ধারণা বদলে দিয়েছে।

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই নেটফ্লিক্সের দক্ষিণ কোরিয়ার সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি। রোববার সকালেও তালিকার প্রথম অবস্থানে ছিল এটি।

শুক্রবার বিকেল পাঁচটায় নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলে ছবিটি। নেটফ্লিক্স প্রতিদিন প্রতিটি দেশের জন্য আলাদা করে জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা প্রকাশ করে।

২০২৩ সাল থেকে কোনো কনটেন্টের মোট দেখা হওয়ার সময়কে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে এই তালিকার অবস্থান নির্ধারণ করা হয়।

‘পসিবল লাভ’ মুক্তির আগে সোমবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল লি চ্যাং-দংয়ের ২০২২ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হার্টবিট’। নতুন সিনেমার সঙ্গে একধরনের যোগসূত্র রয়েছে ছবিটির। ২৮ মিনিটের এই চলচ্চিত্রে ধর্মঘটের প্রভাব কীভাবে একটি পরিবারের ওপর পড়ে, তা তুলে ধরা হয়েছে।

এতে দেখা যায়, এক ছোট ছেলে ও তার সংগ্রামী মা-বাবার জীবন। ‘পসিবল লাভ’ সিনেমায় দম্পতির চরিত্রে অভিনয় করা জিওন দো-ইয়ন ও সুল কিয়ং-গুও স্বল্পদৈর্ঘ্য ছবিটিতেও অভিনয় করেছেন।

নেটফ্লিক্সে মুক্তির আগে ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে দুই সপ্তাহ প্রদর্শিত হয় ‘পসিবল লাভ’। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের টিকিট বিক্রির হিসাব অনুযায়ী, এ সময়ে ছবিটি দেখেছেন ২ লাখ ৩০ হাজার ৪৭২ জন দর্শক।
ছবির গল্পে ভিন্ন সামাজিক শ্রেণির দুটি দম্পতির জীবন উঠে এসেছে।

একটি তথ্যচিত্র নির্মাণের সময় তাদের পথ এক হয়ে যায়। সুল কিয়ং-গুও ও জিওন দো-ইয়ন অভিনয় করেছেন চাকরি হারানো এক কারখানাশ্রমিক ও তাঁর স্ত্রীর চরিত্রে। অন্যদিকে ধনী স্বামীর (জো ইন-সাং) সঙ্গে তাঁদের জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে আসেন পরিচালক চরিত্রের চো ইয়ো-জং।

২০১৮ সালের ‘বার্নিং’-এর পর এটিই লি চ্যাং-দংয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির প্রিমিয়ার হয়। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারও জিতে নেয় এটি। এর পর থেকে সমালোচকদের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। অনেক সমালোচকের বিবেচনায়, এটি এ বছরের অন্যতম সেরা চলচ্চিত্র।

এ ছাড়া সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কারে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে ‘পসিবল লাভ’। গথাম অ্যাওয়ার্ডসেও তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। এর মধ্যে জিওন দো-ইয়নের জন্য রয়েছে সেরা প্রধান অভিনয়শিল্পীর মনোনয়ন।

লি চ্যাং-দং স্থানীয় গণমাধ্যমকে একাধিকবার জানিয়েছেন, ছবিটি নিয়মিত প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় কোনো বিনিয়োগকারী পাননি তিনি। পরে নেটফ্লিক্স ছবিটির সঙ্গে যুক্ত হয়। নির্মাতাকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মুক্তির নিশ্চয়তাও দেয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে