
নেটফ্লিক্সে বাংলাদেশের দর্শকদের পছন্দের তালিকায় গত ছয় দিনে জায়গা করে নিয়েছে চারটি সিনেমা ও সিরিজ। এর মধ্যে কোনোটি টানা কয়েক দিন শীর্ষে ছিল, আবার কোনোটি নতুন করে মুক্তির পর দ্রুত দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে। নেটফ্লিক্সের বাংলাদেশের দর্শক কোন ৪টি সিনেমা ও সিরিজ সবচেয়ে বেশি দেখছেন? দেখে নিতে পারেন এর গল্পগুলো?
চার দিন তালিকায় ‘লাস্ট স্টোরিজ ৩’
নেটফ্লিক্সে বাংলাদেশি দর্শকদের মধ্যে গত ছয় দিনে সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারতীয় অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ ৩’। নেটফ্লিক্সের বাংলাদেশ থেকে ‘টপ র্যাঙ্কড মুভিজ’ তালিকায় ২১ থেকে ২৪ সেপ্টেম্বর—টানা চার দিন সিনেমাটি ছিল ১ নম্বরে।
১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি ‘লাস্ট স্টোরিজ’ অ্যান্থলজি সিরিজের তৃতীয় কিস্তি। এতে চারটি আলাদা গল্প তুলে ধরেছেন চার নির্মাতা—বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শাকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।
কী আছে ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার গল্পে
ভালোবাসা, সম্পর্ক, আকাঙ্ক্ষা ও মানুষের অন্তর্গত টানাপোড়েনকে চারটি ভিন্ন গল্পের মাধ্যমে দেখানো হয়েছে। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, চারটি গল্পের মধ্যে প্রথমটি দুই বন্ধুকে ঘিরে, যারা নিজেদের দাম্পত্য সম্পর্কে নতুন কিছু খুঁজতে স্বামীবদলের সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় গল্পে এক নারী এক রহস্যময় ডেলিভারি কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। তৃতীয় গল্পে বিচ্ছেদের পথে থাকা এক দম্পতির সম্পর্কের টানাপোড়েন উঠে আসে। আর চতুর্থ গল্পে এক শিক্ষক যৌনসাহিত্য পড়তে গিয়ে নিজের কল্পনার জগতে ডুবে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, রাধিকা আপ্তে, রাধিকা মাদান, সানা থাম্পি, বিজয় ভার্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ, আলী ফজল ও গুরফতেহ পিরজাদা।
দুদিন ধরে তালিকায় ‘বেবি ডু ডাই ডু’ সিনেমা
এদিকে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে দর্শকেরা সবচেয়ে বেশি দেখেছেন ‘বেবি ডু ডাই ডু’ সিনেমাটি। নেটফ্লিক্সে মুক্তির পর বাংলাদেশের দর্শকদের মধ্যেও আলোচনায় এসেছে বলিউডের অ্যাকশন-থ্রিলার সিনেমাটি। ২৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এর আগে ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
‘বেবি ডু ডাই ডু’ কেন দেখবেন
নাচিকেত সামন্ত পরিচালিত সিনেমাটির গল্পের কেন্দ্রে ‘বেবি’ নামের এক বধির ও বাক্প্রতিবন্ধী নারী। বাইরে থেকে সাধারণ এক নারীর মতো মনে হলেও তার আরেকটি পরিচয় আছে—সে একজন ভারাটে খুনি। নিজের বোনের হত্যার রহস্য ও প্রতিশোধের সন্ধানে একের পর এক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে সে। একটি হত্যার ঘটনা পরিকল্পনামতো না এগোনোয় তার জীবনেও শুরু হয় নতুন বিপদ। এতে ‘বেবি’ চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। সিনেমাটিতে আরও আছেন সিকান্দার খের, চাঙ্কি পান্ডে, সীমা পাহওয়া, রচিত সিং, বিদ্যা মালভাদে, হিমাংশু মালিক ও অরুণ কুশওয়াহ।
পছন্দের তালিকায় দুই ওয়েব সিরিজ
বাংলাদেশের দর্শকদের মধ্যে নেটফ্লিক্সে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘চুম্বক’ ওয়েব সিরিজ। ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিন নেটফ্লিক্স বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা হয়েছে এই কমেডি সিরিজ।
কী আছে ‘চুম্বক’–এর গল্পে
‘চুম্বক’ সিরিজে দেখা যাবে, মুম্বাইয়ের একটি কলোনিতে পাশাপাশি বসবাস করা পাঁচ পরিবারের জীবন ও সম্পর্কের গল্প ‘চুম্বক’। দাম্পত্য টানাপোড়েন, সন্তানদের নানা সমস্যা, প্রতিবেশীদের বন্ধুত্ব ও পারিবারিক জটিলতার মধ্য দিয়ে এগিয়েছে সিরিজটির গল্প। হাস্যরসের পাশাপাশি এতে উঠে এসেছে রক্তের সম্পর্কের বাইরেও প্রতিবেশীরা কীভাবে একে অপরের পরিবারের অংশ হয়ে ওঠে। এতে অভিনয় করেছেন, ‘চুম্বক’ সিরিজে অভিনয় করেছেন নীনা গুপ্তা, দেবেন ভোজানি, মানসী পারেখ, সুমিত ব্যাস, সুমিত রাঘবন, সন্দ্বীপা ধর, অর্জুন বিজলানি, হেলি শাহ, আমাইরা দাস্তুর, অনন্ত ভি. যোশি, দেলনাজ ইরানি ও অতুল কুমার।
দুদিন ধরে আলোচনায় ‘শক: ট্রাস্ট নো ওয়ান’
নেটফ্লিক্সে মুক্তির পরপরই বাংলাদেশের দর্শকদের নজর কেড়েছে মিস্ট্রি-থ্রিলার সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’। ২৫ ও ২৬ সেপ্টেম্বর—টানা দুই দিন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা সিরিজ। কী আছে এর গল্পে? নেটফ্লিক্সের তথ্য থেকে জানা যায়, সিরিজটির গল্পের কেন্দ্রে আনভিতা নামের এক মা। ৯ বছর আগে হাসপাতাল থেকে তাঁর নবজাতক সন্তান নিখোঁজ হয়। এরপর প্রতিবছর সন্তানের জন্মদিনে পাওয়া কিছু রহস্যময় ছবি ও বার্তা তাঁর পুরোনো ক্ষতকে আবারও উসকে দেয়। সন্তানকে খুঁজে বের করার সেই দীর্ঘ অনুসন্ধানে একসময় আনভিতার সন্দেহ গিয়ে পড়ে তাঁর সবচেয়ে কাছের মানুষদের ওপর।
সিরিজটি পরিচালনা করেছেন রেনসিল ডি’সিলভা। পরিণীতি চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সোনি রাজদান, অনুপ সোনি, হরলিন শেঠি, সুমিত ব্যাস ও ধ্রুব চৌধুরী।