
আপনি গান শিখছেন? কীভাবে সঠিক পদ্ধতিতে রেওয়াজ করতে হয়, তা জানতে চাইছেন? কিংবা রাগসংগীতের তালিম? আর তা যদি উপমহাদেশের বরেণ্য শিক্ষাগুরু পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে খুব সহজে পেয়ে যান, তাহলে কেমন হয়? ভাবছেন এটা তো একজন শিক্ষার্থীর জন্য স্বপ্ন! তা কি পুরণ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি খুব সহজেই এখন ঘরে বসে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শিখতে পারবেন। তাঁর কাছ থেকে সংগীতের তালিম নিতে পারবেন। পণ্ডিত অজয় চক্রবর্তীর এই প্রকল্পের নাম ‘মিউজিক ফর অল’। এরই মধ্যে ১৪টি দেশের ১০০ জন শিক্ষার্থী এভাবে তালিম নিচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে।
‘মিউজিক ফর অল’ প্রকল্পে যুক্ত হওয়ার জন্য প্রথম প্রয়োজন আপনার কম্পিউটারে একটি উন্নত ইন্টারনেট সংযোগ। এরপর www.ajoychakrabarty.com ওয়েবসাইটে ছয় মাসের জন্য নাম নিবন্ধন করতে হবে। পণ্ডিত অজয় চক্রবর্তী জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি ক্লাসে খরচ হবে ৬০০ টাকা। আর তা কীভাবে পরিশোধ করা যাবে, এ বিষয়ে বলে দেওয়া আছে ওয়েবসাইটটিতে। প্রতি মাসে দুটি শনিবার সকালে অনলাইনে তিনি সরাসরি ক্লাস নিচ্ছেন। সকাল সাড়ে সাতটা থেকে এক ঘণ্টা কণ্ঠকে তৈরি করার জন্য দেওয়া হয় ‘কণ্ঠ প্রশিক্ষণ’। এখানে আরও থাকছে স্বর, সুর, তাল ও লয় বোঝার অভ্যাস তৈরির জন্য প্রয়োজনীয় পরামর্শ। রাগসংগীতের তালিম দেওয়া হয় সকাল নয়টা থেকে। এখানে বিভিন্ন রাগের বন্দিশ, খেয়াল, ঠুমরি ও ধ্রুপদের তালিম দেওয়া হয়।
পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘প্রতিটি ক্লাস ১৫ দিন পর্যন্ত আমার ওয়েবসাইটে সংরক্ষণ করা থাকে। একজন শিক্ষার্থী খুব সহজেই ডাউনলোড করে আমার সঙ্গে রোজ রেওয়াজ করতে পারছে। ভুলগুলো শুধরাতে পারছে। যখন ক্লাস চলে, তখন যে-কেউ আমার কাছে সরাসরি প্রশ্ন পাঠাতে পারে। কিছু সময়ের মধ্যেই আমি তার জবাব দেব। এ ছাড়া অন্য সময় আমার ই-মেইলে (mfasnonline@gmail.com) প্রশ্ন কিংবা এমপি থ্রি ফরম্যাটে ভয়েস ক্লিপ পাঠাতে পারবে। আমি তার সমস্যা বুঝে পরবর্তী ক্লাসে উত্তর দেব। এ ছাড়া গো টু মিটিং ক্লাসে ভিডিওতে কথোপকথন করে তৎক্ষণাৎ সমাধান দেব।’
‘মিউজিক ফর অল’ প্রকল্প নিয়ে অজয় চক্রবর্তী আরও বলেন, ‘আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা আর বিভিন্ন শিল্পীর সঙ্গে আলোচনা করে একটি বিজ্ঞানসম্মত শিক্ষাপদ্ধতি তৈরি করেছি। আমি বিশ্বাস করি, তা সবার উপকারে আসবে। এটা আমার একধরনের সেবা। আমি যে দরজাটা খুলেছি, সেই দরজা দিয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা কেন যাবে না? বাংলাদেশ তো মেধার খনি!’
পণ্ডিত অজয় চক্রবর্তী জানান, শিক্ষার্থীদের ভাষার উন্নতির জন্য আগামী জানুয়ারি মাসে বাংলা ভাষার ক্লাস শুরু করতে যাচ্ছেন।