
ঘুরেফিরেই রেডিও চ্যানেলগুলোতে শোনা যায় পড়শীর গান। এবার সংগীতশিল্পী হিসেবে নয়, তাঁকে শোনা যাবে আরজে হিসেবে। গত সোমবার এমন খবরই দিলেন এই সংগীতশিল্পী। একটি এফএম রেডিও চ্যানেলে নিয়মিত একটি অনুষ্ঠানে রেডিও জকি হিসেবে থাকবেন পড়শী। অনুষ্ঠানের নাম ‘পড়শী নাইটস: অন্য রকম ফিলিংস’। ৫ জুন থেকে প্রতি সপ্তাহের রোববার রাত ১০টা থেকে ওই রেডিও চ্যানেলে শোনা যাবে অনুষ্ঠানটি ।
কথা হলো আরজে পড়শীর সঙ্গে। তিনি বলেন, ‘আমার একসময় খুব ইচ্ছা ছিল, এবার সেটি পূরণ হলো। এমনিতেই আমি সারাক্ষণ কথা বলি। আশা করছি, এবার কথা বলাটা কাজে লাগবে।’ তিনি জানালেন, অনুষ্ঠানে যে কেউ মেসেজ বা ফোনকলের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলতে পারবেন। এ ছাড়া শ্রোতাদের নানা ধরনের পরামর্শ দেবেন, তাঁদের গানের অনুরোধও রাখবেন পড়শী।