
অবসকিওর ব্যান্ডের নতুন অ্যালবাম স্টপ জেনোসাইড প্রকাশ পায় ১ ডিসেম্বর। সিডি আকারে নয়, ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে নতুন অ্যালবামের সব গান।
গানগুলো ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে শোনা যাবে। এ ছাড়া স্পটিফাই, আইটিউনস, সাভন, গুগল প্লে স্টোরসহ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। অ্যালবামটিতে আটটি গান আছে। সেগুলো এখন সবার জন্য উন্মুক্ত। গানগুলো হলো ‘হয়তো তোমায়’, ‘স্টপ জেনোসাইড’, ‘সুচিত্রা সেন’, ‘জানি কি জানো না’, ‘তুমি ঠিক চলে এসো’, ‘বড় একাকী’, ‘কৃষ্ণকলি’ ও ‘আলতাফ’। গানগুলো লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী, বাংলাদেশের তানজিল ও মোস্তফা মাহমুদ।
অবসকিওরের প্রধান ও কণ্ঠশিল্পী সাইদ হাসান টিপু বলেন, ‘স্টপ জেনোসাইড’ গানটি রোহিঙ্গাসহ পৃথিবীর সব গণহত্যার বিরুদ্ধে অবসকিওরের প্রতিবাদ। অবসকিওরের নিজস্ব ঘরানার মেলোডি গানও থাকছে অ্যালবামটিতে।