
এবার প্রথম আলো অনলাইন বিভাগ গান নিয়ে ফেসবুক লাইভ করবে। নতুন এই অনুষ্ঠানের নাম ‘গানবাজ’। আনপ্লাগড এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছে এবিসি রেডিও। জানা গেছে, আজ বুধবার ঈদের রাতে ‘গানবাজ’ অনুষ্ঠানে গান করবে জনপ্রিয় গানের দল জলের গান। সন্ধ্যা সাতটায় প্রথম আলোর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি যে-কেউ নিজেদের পছন্দ মতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। শোনা যাবে এবিসি রেডিওতে। আগামীকাল বৃহস্পতিবার একই সময়ে গান করবে মিজান অ্যান্ড ব্রাদার্স।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এই অনুষ্ঠানে জনপ্রিয় ও খ্যাতিমান শিল্পীরা তাঁদের কাজ ও নিরীক্ষা সবার সামনে তুলে ধরবেন, আবার নতুনেরাও তাঁদের সর্বশেষ কাজ নিয়ে আসবেন এখানে। নতুন আর পুরাতনের মেলবন্ধন হবে এই অনুষ্ঠান। এখানে শিল্পীরা সম্পূর্ণ অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র নিয়ে গান করবেন।
‘গানবাজ’ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়। পরদিন শুক্রবার অনুষ্ঠানটি আবার শোনা যাবে এবিসি রেডিওতে।