প্রিকুয়েল বললে সাধারণত সিনেমার কথাই আগে মনে হয়। মুক্তি পাওয়া মূল সিনেমার গল্পের আগের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয় প্রিকুয়েল। উদাহরণস্বরূপ বলা যায় ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দ্য নান’ সিনেমার কথা, যা আদতে জনপ্রিয় হরর ছবি ‘দ্য কনজ্যুরিং ২’-এর প্রিকুয়েল। তবে সিনেমা নয়, এবার গানের প্রিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন প্রীতম হাসান। প্রিকুয়েলের খবরের আগে জেনে নেওয়া যাক মূল গানের কথা।
গত বছরের জুনে প্রকাশিত হয় প্রীতম হাসানের গান ‘মরে যাক’। গানটির মিউজিক ভিডিও মুক্তি পায় গায়কের নিজের ইউটিউব চ্যানেলে। বৃহস্পতিবার রাতে একই চ্যানেল থেকে প্রীতম হাসানের নতুন আরেকটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে, যেটির শিরোনাম ‘শরতের শেষ থেকে’। প্রীতম হাসান বলছেন, তাঁর ‘মরে যাক’ গানটির প্রিকুয়েল এটি।
গানের ক্ষেত্রে সিকুয়েল মুক্তি দেওয়ার চলই বেশি। হঠাৎ প্রিকুয়েল কেন? উত্তরে এই গায়ক ও সংগীত পরিচালক বলেন, ‘এটি একধরনের চমক। একটু অন্য রকমভাবে গানটি নিয়ে শ্রোতা-দর্শকের কাছে আসতে চেয়েছি। সিকুয়েল হলে গানটি সম্পর্কে সবাই আগে থেকেই একধরনের আন্দাজ করতে পারে। কিন্তু প্রিকুয়েলের ক্ষেত্রে দর্শক একটু ধাক্কা খায়। “মরে যাক”-এর পর শ্রোতারা বুঝতেই পারেনি এটির প্রিকুয়েল হতে পারে। আগের গানটির গল্পের সঙ্গে এই গানের যোগসূত্র আছে।’
প্রীতম আরও জানান, ‘মরে যাক’-এর প্রিকুয়েল যে হতে পারে, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিনি। এই গায়ক বলেন, ‘আগের গানটির ভিডিও চিত্রে প্রিকুয়েলের কিছু লোকেশনের দৃশ্যকে বেশ কয়েকবার দেখানো হয়েছিল। কিন্তু দর্শক তখন বিষয়টি ধরতে পারেনি। এখন এই গানের ভিডিওটি দেখতে বসে তারা “মরে যাক”-এর গল্পের সঙ্গে মেলাতে পারছে। তা ছাড়া আগের গানের ভিডিও চিত্রের নায়িকা এই গানেও আছেন।’
তবে কেবল প্রিকুয়েলই নয়, প্রীতম জানালেন, ‘মরে যাক’-এর সিকুয়েলও তৈরি হবে।
নতুন গানটির ভিডিও চিত্র সম্পর্কে প্রীতম বলেন, ‘ময়মনসিংহের ভাওয়াল বনের মধ্যে সেট ফেলে দুই দিন ধরে শুটিং করেছি। গানটির সঙ্গে এই গানের ভিডিওটির একটা ভিন্নতা আনার চেষ্টা করেছি।’
‘শরতের শেষ থেকে’ লিখেছেন ইনামুল তাহসিন। সুর ও সংগীত করেছেন প্রীতম নিজেই। মিউজিক ভিডিও পরিচালনা করেছে টিম প্রীতম। মডেল হয়েছেন ইশরাত সাবরিন।