মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১-এর তারকা জরিপে যারা আছেন মনোনয়নপ্রাপ্তদের তালিকায়
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১-এর তারকা জরিপে যারা আছেন মনোনয়নপ্রাপ্তদের তালিকায়

মেরিল-প্রথম আলো পুরস্কার- ২০২১

এটা আমার কাছে স্বপ্নের মতো...

চূড়ান্ত আয়োজনের খুব কাছাকাছি। ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১-এর তারকা জরিপে কে কে আছেন মনোনয়নপ্রাপ্তদের তালিকায়। তাঁদের অনুভূতিগুলোও জেনে নিন এবার

সেরা গায়িকা


অবন্তী সিঁথি (রূপকথার জগতে: নেটওয়ার্কের বাইরে)
প্রথমবার মেরিল-প্রথম আলোর মতো প্লাটফর্মে মনোনয়ন পাওয়া সত্যি অনেক আনন্দের। বলা যায়, মনোনয়নটাই পুরস্কার পাওয়ার মতো। ধন্যবাদ দর্শকদের।

অবন্তী সিঁথি। ছবি: প্রথম আলো

কনা (তোর মতো আমাকে: শান)
মনোনয়ন পেয়ে অনেক ভালো লাগছে। মনোনয়ন পেয়েছি মানে দর্শকের ভালোবাসার উল্লেখযোগ্য জায়গায় আছি। ভালো কিছু হয়তো করেছি। চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারলে অনেক আত্মবিশ্বাস পাই। ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের।

দিলশাদ নাহার কনা। ছবি-সংগৃহীত

কোনাল (হৃদয়ের আয়না)
মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পাওয়ার অনুভূতি অনেক বিশেষ কিছু, বিশাল প্রাপ্তি বলা যায়। কারণ, এটি দেশের একটি ঐতিহ্যবাহী পুরস্কার। তা ছাড়া দর্শকের ভালোবাসা, ভোটের মাধ্যমে এই মনোনয়ন নির্ধারিত হয়। ধন্যবাদ প্রিয় দর্শকদের। পুরস্কার পাওয়া যেমন অনেক আনন্দের, তেমনি মনোনয়ন পাওয়াটাও কম কিছু নয়।

সংগীতশিল্পী কোনাল

পড়শী (এক দেখায়)
ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সত্যি বলতে প্রতিবারের মতোই ভালো লাগছে। দর্শকের ভালোবাসায় চূড়ান্ত মনোনয়ন পেয়ে এককথায় এটাই বলব, ভালো লাগছে।

পড়শী

সেরা গায়ক
অজয় রায় (রিমঝিম বৃষ্টি ঝরে যায়: চিরকাল আজ)
মেরিল-প্রথম আলো পুরস্কারটা আমার জন্য দুঃসাহসিক স্বপ্নের মতো ছিল। যাঁদের সঙ্গে মনোনয়ন পেয়েছি, তাঁরা অনেক জনপ্রিয় শিল্পী। তাঁদের সঙ্গে আমার নাম থাকাটা আমার মা–বাবার আশীর্বাদ বলা যায়।

অজয় রায়

আমি কৃতজ্ঞ দর্শকদের প্রতি যাঁরা ভোট দিয়ে আমাকে চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত নিয়ে এসেছেন। এটা আমার কাছে স্বপ্নের মতো।

ইমরান (এক দেখায়)
মেরিল-প্রথম আলো পুরস্কারটি আসলে অনেক সম্মানের একটি পুরস্কার। আমি মনে করি, এই পুরস্কার প্রতিবছর আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। তিনবার এই পুরস্কার পেয়েছি, এবারও মনোনয়ন পেয়েছি। সব সময় বলে থাকি, মনোনয়ন পাওয়াটাই আমার কাছে সবচেয়ে আনন্দের ও পুরস্কার পাওয়ার মতোই। পুরস্কার পেলে তো আরও আনন্দিত হব। এখন অপেক্ষা ২৭ তারিখের জন্য।

ইমরান মাহমুদুল। ছবি: ফেসবুক থেকে

তানভীর ইভান (অভিমান: বেস্ট ফ্রেন্ড ৩)
মেরিল–প্রথম আলো পুরস্কারে চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি অনেক গর্বিত ও আনন্দিত। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য আমি মেরিল–প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ। কারণ, তাঁদের ভালোবাসার কারণেই আজ আমি এত দূর আসতে পেরেছি।

তানভীর ইভান

তাহসান (একদিন)

প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গ্রন্থনা: মইনুল ওয়াজেদ