চিরকুটের 'আহারে জীবন'

চিরকুট ব্যান্ডের সদস্যরা
চিরকুট ব্যান্ডের সদস্যরা

‘আহারে জীবন’ শিরোনামের নতুন একটি গান তৈরি করেছে ব্যান্ড চিরকুট। সম্প্রতি গানের দলটির নিকেতনের স্টুডিওতে গেলে সদস্য শারমীন সুলতানা সুমী নতুন গানটি শোনান। পুরো গানটির কথা ও সুরে হাহাকারের একটা চিত্র ফুটিয়ে তুলেছে গানের দলটি।
কিসের গান—জানতে চাইলে সুমী বলেন, ‘আহারে জীবন’ মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ডুব-এ ব্যবহৃত হবে।
ডুব সিনেমায় একটিমাত্র গানই থাকছে, আর তা হচ্ছে চিরকুটের। এটি ফারুকীর সঙ্গে গানের দলটির তৃতীয় চলচ্চিত্রের কাজ। এর আগে ব্যান্ডটি একই নির্মাতার টেলিভিশন ও পিঁপড়াবিদ্যা সিনেমায় গান করেছে।
গানের দল চিরকুট এখন পর্যন্ত চলচ্চিত্রে যে কয়টি গান গেয়েছে, তার সব কটি শ্রোতাপ্রিয় হয়েছে। সর্বশেষ আয়নাবাজি সিনেমার ‘দুনিয়া’ গানটিও সবার মুখে মুখে। নতুন গানটি প্রসঙ্গে সুমী বলেন, ‘গানটি নিরীক্ষাধর্মী। এই গানের পেছনে অনেক সময় দিতে হয়েছে। সাধারণত একটি গান লিখতে আমাদের সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। কিন্তু “আহারে জীবন” লিখতে সময় লেগে গেছে সাড়ে তিন মাস। এটার পেছনে নির্মাতা ফারুকী ভাইয়েরও অবদান ছিল অনেক।’
সুমী এও বলেন, ‘সবাই মিলে গানটি তৈরি করেছি। মনে হচ্ছে, আসলেই দারুণ একটি গান তৈরি হয়েছে। যাঁরাই শুনবেন, তাঁদের কলিজায় টান পড়বে। গানটির পোস্ট প্রোডাকশন মুম্বাই থেকে করে এনেছি। আমাদের এই গানে মুম্বাই থেকে সরাসরি অর্কেস্ট্রা বাজানোও হয়েছে।’
পোস্ট প্রোডাকশন ও অর্কেস্ট্রা বাজানোর ব্যাপারটি কেন মুম্বাই থেকে করতে হয়েছে—জানতে চাইলে সুমী বলেন, ‘এই গানের জন্য আমরা যা চেয়েছি, সেই সহযোগিতা বাংলাদেশ থেকে পাচ্ছিলাম না বলে মুম্বাই থেকে করতে হয়েছে। গান তৈরির ব্যাপারে মানের প্রশ্নে আমাদের কোনো আপস থাকে না বলেই এমন করা। গানটি শোনার পর আমাদের আয়োজনটির কথাও সবাই প্রশংসা করবেন।’
‘আহারে জীবন’ গানটি ডুব সিনেমার বিভিন্ন দৃশ্যেও ব্যবহৃত হবে।