
৭ জুন হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের একক গান ‘নিয়তি’ মুক্তি পেতে যাচ্ছে। দলের সদস্যরা এ গান তাঁদের প্রয়াত বন্ধু ও মেকানিক্স ব্যান্ডের লিড গিটারিস্ট জেহীন আহমেদকে উৎসর্গ করছে।
জীবনে চলার পথে সময়ের বাঁকে ফেলে আসা কিছু স্বর্গীয় মুহূর্ত ও হারিয়ে ফেলা কিছু প্রিয় বন্ধুর স্মৃতি নিয়ে মেকানিক্সের এই নতুন গান। দীর্ঘ ৪ বছর পর দলটি তাদের নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। গত বছর ২২ জুলাই মেকানিক্সের সদস্যরা তাঁদের বন্ধু ও দলের গিটারিস্ট জেহীন আহমেদকে হারিয়েছেন। তরুণ এই গিটারিস্ট মাত্র ২৭ বছর বয়সে মারা যান। বন্ধু হারানোর বেদনায় পরাজিত না হয়ে বরং তা অনুপ্রেরণায় রূপান্তরিত করে ব্যান্ডটি তাদের পথচলা অব্যাহত রেখেছে। নতুন এই গানের সঙ্গে যুক্ত আছেন মেকানিক্সের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদীব, বেজ গিটারিস্ট সালেক আহমেদ সিদ্দিকী, গিটারিস্ট সাফাত আহমেদ চৌধুরী, গিটারিস্ট রায়হান ইসলাম, ড্রামার রিয়াজ।
এই দলের সর্বশেষ মুক্তি পাওয়া গানের নাম ছিল ‘এলইজি’। ২০১৫ সালে রক ৮০৮ অ্যালবামে ছিল এই গান। এবারের ‘নিয়তি’ গানটি নিয়ে দলের ভোকাল ত্রিদীবের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘জেহীনকে হারানোর পর আমরা একটা কঠিন সময় পার করে এসেছি। চেষ্টা করছি নতুন নতুন গান করার। এই গানটি আমাদের জন্য অনেক আবেগের একটি বিষয়। এতে পথ হারানো একটি শিশুকে সঠিক পথে নিয়ে আসার একটি বার্তা দিতে চেয়েছি আমরা। জেহীনকে মনে ধারণ করেই এ গানটি করা।’
মিউজিক ভিডিওসহ ‘নিয়তি’ গানটি পাওয়া যাবে মেকানিক্সের নিজস্ব ইউটিউব চ্যানেল মেকানিক্স টিভি ও ফেসবুক ফ্যান পেজে। তা ছাড়া গানটি বিনা মূল্যে শুনতে হলে ডাউনলোড করতে হবে গান নামের একটি আ্যাপ।