
শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত একটি গান গাইলেন এস আই টুটুল। গানটি লিখেছেন হুমায়ূন কবির, সুর করেছেন মইনুল ইসলাম খান।
জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণা কেন্দ্রর তত্ত্বাবধানে নির্মিত এই গানের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা শুরু হয়েছে। পুরো আগস্ট মাস জুড়েই গানটি প্রচারিত হবে। গানটি প্রসঙ্গে টুটুল বলেন, ‘বঙ্গবন্ধু সবকিছুর ঊর্ধ্বে। তাকে নিয়ে লেখা ও সুর করা এই গানটি গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
একই কথা বললেন মইনুল ইসলাম খান। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক। তিনি একটি সোনার বাংলা চেয়েছিলেন এবং বাঙালি জাতিকে তা দিয়েও গেছেন। এই গানটির মধ্যে সেই কথাগুলো উঠে এসেছে।’
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই গানটির লিরিকে ‘বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ, ‘ভোরের শিশির মুক্ত বাতাস সবুজেরই রেশ, মানচিত্রে ছড়িয়ে আছে তোমার ছবির বেশ’- এমন একটি ছবি ফুটিয়ে তোলা হয়েছে।