রিয়ানার বাগদান

রিয়ানা
রিয়ানা

সংগীতশিল্পী রিয়ানা প্রেম করছেন সৌদি আরবের ধনকুবের টয়োটা কোম্পানির মালিক হাসান জামিলের সঙ্গে। এ বছরের জানুয়ারি থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়। এবার রিয়ানার হাতে নতুন একটি হীরার আংটি দেখে মার্কিন গণমাধ্যম ধারণা করছে, জামিলের সঙ্গে বাগদান হয়ে গেছে ‘অনলি গার্ল’ গায়িকার।

৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়েন রিয়ানা। তাঁকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় সে সময়। কিন্তু রিয়ানার অনামিকার হীরার আংটির ঝলক ছাপিয়ে যায় তাঁর হাসির দ্যুতিকে। বাগদানের খবর ছড়াতে শুরু হয় তখন থেকেই।

এর আগে গত জুনে স্পেনে রিয়ানা ও জামিলকে একসঙ্গে দেখা যায়। তা ছাড়া তাঁদের বেশ কয়েকবার লন্ডনে দেখা গেছে ডিনার করতে। সৌদি আরবে থাকলেও রিয়ানার সঙ্গে নিয়মিত দেখা করছেন হাসান জামিল। তাঁদের গতিবিধিই বলে দিচ্ছে সামনে হয়তো আসছে নতুন কোনো খবর। সূত্র: এস শোবিজ।